× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানবাধিকার ও গুম বিল: সংসদীয় কমিটির সুপারিশ, বিরোধীদের ওয়াকআউট

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ২১:০০ পিএম

জাতীয় সংসদ ভবন। ছবি: বাসস

জাতীয় সংসদ ভবন। ছবি: বাসস

জাতীয় সংসদে উত্থাপিত বহুল আলোচিত ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬’ ও ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল-২০২৬’ সংশোধিত আকারে পাসের সুপারিশ করেছে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটি। তবে বিল দুটির বিষয়ে পৃথক দুই স্থায়ী কমিটির বৈঠকে বিরোধী দলের সদস্যরা অংশ নেননি। তারা লিখিতভাবে জানিয়েছেন, বিল দুটির পাসের প্রক্রিয়ার কোনো পর্যায়েই তারা অংশ নেবেন না।

জাতীয় সংসদ ভবনে রবিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটির সভাপতি মুহাম্মদ নওশাদ জমিরের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এমরান আহমদ চৌধুরী, সাকিলা ফারজানা, মো. মনজুরুল ইসলাম, মোহাম্মদ নাজিবুর রহমান ও আলফারুক আব্দুল লতীফ অংশ নেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বৈঠকে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২৬’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬’ নিয়ে আলোচনা হয়। প্রয়োজনীয় সংশোধনসাপেক্ষে বিল দুটি সংসদে পাসের সুপারিশ করা হয়েছে। তবে কমিটির বিরোধী দলের তিন সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান, আলফারুক আব্দুল লতীফ ও আখতার হোসেন ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল’ নিয়ে আলোচনায় অংশ নিলেও ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল’ নিয়ে আলোচনা শুরুর আগে বৈঠক থেকে বেরিয়ে যান। তারা কমিটির কাছে লিখিতভাবে নিজেদের অবস্থান তুলে ধরেন।

লিখিত বক্তব্যে বিরোধী দলের সদস্যরা অভিযোগ করেন, ভুক্তভোগী, অংশীজন এবং দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলোর মতামত উপেক্ষা করে সরকার একতরফাভাবে ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫’ রহিত করেছে। অধ্যাদেশ বাতিলের সময় সরকার আরও শক্তিশালী ও কার্যকর আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বাস্তবে তার চেয়ে দুর্বল ও সীমিত পরিসরের একটি বিল সংসদে উপস্থাপন করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। 

তাদের দাবি, বিলটি জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানগুলোর বৈশ্বিক জোটের স্বীকৃত মানদণ্ড, প্যারিস প্রিন্সিপালস এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক কনভেনশন ও ঘোষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

কমিটির বিরোধী দলের সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান সাংবাদিকদের বলেন, সংসদীয় স্থায়ী কমিটিকে মাত্র দুই কার্যদিবসের মধ্যে বিলটির ওপর প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে অংশীজনদের সঙ্গে যথাযথ মতবিনিময় এবং স্বাধীনভাবে বিলটি পর্যালোচনা ও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সীমিত হয়েছে। এতে স্থায়ী কমিটিকে ‘রাবার স্ট্যাম্পে’ পরিণত করার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এসব কারণে ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল’-এর কোনো আলোচনা বা পর্যালোচনায় অংশ না নেওয়া এবং বিলটি পাসের প্রক্রিয়ার কোনো পর্যায়েই অংশগ্রহণ না করার সিদ্ধান্তের কথা লিখিত বক্তব্যে জানানো হয়েছে। একই সঙ্গে কমিটির সংশ্লিষ্ট বৈঠক বর্জনের সিদ্ধান্তও জানানো হয়।

এদিকে রবিবার জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল-২০২৬’ নিয়ে বিস্তারিত আলোচনা শেষে বিলটি পাসের সুপারিশ করা হয়। কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ রকিবুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, শিরীন সুলতানা, মো. নূরুল ইসলাম ও মো. আব্দুল বাতেন অংশ নেন। তবে বৈঠক থেকে কমিটির বিরোধীদলীয় সদস্য মো. নূরুল ইসলাম ও মো. আব্দুল বাতেন ওয়াকআউট করেন। দলীয় অবস্থানের কারণে তারা আলোচিত বিলটির আলোচনায় অংশ নেননি বলে জানান।

এ বিষয়ে কমিটির সভাপতি জয়নুল আবেদীন বলেন, কমিটির সদস্য হিসেবে কোনো সংশোধনী বা মতামত থাকলে তা সভায় উপস্থাপন, পরামর্শ দেওয়া এবং প্রয়োজন হলে বিরোধিতা করার সুযোগ রয়েছে। তবে সভা থেকে ওয়াকআউট করা সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না।

বৈঠকে জানানো হয়, গত ছয় মাসে দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি। একই সময়ে মব তৈরির চেষ্টা চললেও কোনো রাজনৈতিক নিপীড়নের ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করেনি বলেও বৈঠকে জানানো হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা