বাসস
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ২০:১৪ পিএম
পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের নির্মাণ কাজ পরিদর্শন শেষে রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: বাসস
সরকার ক্ষমতা গ্রহণের ছয় মাসে বিদ্যুৎ ও জ্বালানির জটিলতা তৈরি করেনি বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।
তিনি বলেন, সংকট নিরসনে পলিসিগত আলাপ আলোচনা বাদ দিয়ে বিরোধী ও অন্যান্য রাজনৈতিক দল যদি রাজপথে আন্দোলন সংগ্রামের নামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে, তবে দেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে।
পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) নির্মাণ কাজ পরিদর্শন শেষে রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এই সরকারের মাধ্যমে আগামী পাঁচ বছরে দেশ সঠিক গন্তব্যের জায়গায় অনেক দূর এগিয়ে যাবে। আগে দেশের পররাষ্ট্রনীতি ভারত নির্ভরশীল ছিল, বর্তমানে সেখান থেকে সরে এসে স্বাধীনভাবে পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
এ সময় পটুয়াখালী ইপিজেড-এর প্রকল্প পরিচালক মো. মাজেদুর রহমান খানসহ গণঅধিকার পরিষদের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।