বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১৮:৩৯ পিএম
সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ফাইল ছবি
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে রবিবার এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। আগামী ১৪ সেপ্টেম্বর তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
দুদকের পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আবুল হাসনাত স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বক্তব্য শোনা ও গ্রহণ করা প্রয়োজন।
অনুসন্ধান কার্যক্রম পরিচালনা ও প্রতিবেদন দাখিলের জন্য দুদকের পরিচালক মো. আবুল হাসনাতকে দলনেতা এবং উপপরিচালক মোজাম্মেল হোসেনকে সদস্য করে দুই সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, জিজ্ঞাসাবাদের দিন সাবেক এই সেনাপ্রধানকে তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপিসহ দুদক কার্যালয়ে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট বিষয়ে নিজের বক্তব্য দেওয়ার জন্য তাকে অনুরোধ জানিয়েছে কমিশন।