প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১৪:৩৯ পিএম
নিহত স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন। ফাইল ছবি
জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকালে সংঘটিত স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন হত্যা মামলার মূল সন্দিগ্ধ মো. পনি ওরফে প্যারা পনিকে সহযোগীসহ গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে র্যাব-২।
র্যাব-২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান রবিবার এ তথ্য নিশ্চিত করেন। এ বিষয়ে বিকাল ৪টায় সংবাদ সন্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
এর আগে জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন রনজিনা পারভীন। তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা গেছে।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।