বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: ইউএনবি
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাসের বেশি সময়ের চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী উপদেষ্টা মির্জা আব্বাস।
বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বুধবার রাত ৯টায় তার ঢাকায় অবতরণের কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান রবিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে মেডিক্যাল বোর্ডের পরামর্শে এবং আল্লাহর রহমতে মির্জা আব্বাস এখন অনেকটাই সুস্থ। তিনি মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন।”
চলতি বছরের ১১ মার্চ ঢাকার শাহজাহানপুরের বাসায় ইফতারের সময় পানি পান করার একপর্যায়ে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় ওই রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে জটিলতা ধরা পড়ে।
পরে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে দেশে আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তিনি দুটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে যান বলে উল্লেখ করা হয় বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে।
এরই ধারাবাহিকতায় উন্নত চিকিৎসার জন্য গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয় বিএনপির বর্ষীয়ান এ রাজনীতিককে। তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে শুরু করেন।
এপ্রিলের শুরুতে শারীরিক অবস্থার উন্নতি হলে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয় মির্জা আব্বাসকে।
সিঙ্গাপুরে চিকিৎসার পর বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নেওয়া হয় ঢাকা-৮ আসনের সংসদ সদস্যকে। দেশটির কুয়ালালামপুরের প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
দুই দেশে সাড়ে পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন আলোচিত এ রাজনীতিক।