× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈশ্বিক মেরিটাইম মানচিত্রে নতুন উচ্চতায় চট্টগ্রাম বন্দর

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১০:২৭ এএম

মেরিটাইম খাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

মেরিটাইম খাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্বের অন্যতম শীর্ষ টার্মিনাল অপারেটর ডেনমার্কের এপিএম টার্মিনালসের হাত ধরে কর্ণফুলী তীরের লালদিয়া চরে গড়ে উঠছে আধুনিক কন্টেইনার টার্মিনাল।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী রবিবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টার্মিনালটির গ্রাউন্ড ব্রেকিং কাজের উদ্বোধন করবেন।

এর মধ্য দিয়ে মেরিটাইম খাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের দাবি, ২০৩০ সালে টার্মিনালটি চালু হলে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে, কমবে জাহাজ ও কন্টেইনার জট। সেই সঙ্গে আন্তর্জাতিক শিপিং নেটওয়ার্কে বাংলাদেশের সংযোগ আরও শক্তিশালী হবে। এর মাধ্যমে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামকে ঘিরে বৈশ্বিক মেরিটাইম অঙ্গনে খুলবে নতুন সম্ভাবনার দ্বার।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কর্ণফুলী টানেল ও মেরিন ড্রাইভ সড়কের সঙ্গে সংযুক্ত হওয়ায় দেশের প্রধান শিল্প ও বাণিজ্যিক কেন্দ্রসমূহের সঙ্গে দ্রুত যোগাযোগ নিশ্চিত করবে। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের ক্রমবর্ধমান কন্টেইনার হ্যান্ডলিং চাহিদা পূরণ এবং সর্বোচ্চ ৬ হাজার টিইইউস ধারণক্ষমতাসম্পন্ন বড় জাহাজ হ্যান্ডলিংয়ের সক্ষমতা বৃদ্ধি করবে। এ ছাড়াও জাহাজের টার্নঅ্যারাউন্ড টাইম ও আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট লজিস্টিক ব্যয় কমবে এবং বন্দরের সামগ্রিক দক্ষতা বৃদ্ধি পাবে। পাশাপাশি বাংলাদেশকে ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সংযুক্ত একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক বাণিজ্যিক ও লজিস্টিক হাব হিসেবে প্রতিষ্ঠায় প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

২০২৫ সালের ১৭ নভেম্বর ‘ডিজাইন, বিল্ড, ফাইন্যান্স, অপারেট এবং ট্রান্সফার’ (ডিবিএফওটি) মডেলে প্রকল্পটি বাস্তবায়নের জন্য ডেনমার্কের মায়ের্স্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এপি মোলার টার্মিনালসের সঙ্গে কনসেশন চুক্তি স্বাক্ষর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী স্থানীয় অংশীদারসহ প্রতিষ্ঠানটি ৩ বছরের মধ্যে টার্মিনালটি নির্মাণ করবে। এরপর ৩০ বছর তারা টার্মিনালটি পরিচালনা করবে। 

লালদিয়া প্রকল্পের মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটরের অংশগ্রহণ আরও বিস্তৃত হচ্ছে। এর আগে সৌদি আরবভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (RSGTI) পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের পরিচালনায় যুক্ত হয়েছে। লালদিয়ায় এপিএম টার্মিনালসের প্রবেশের ফলে বিশ্বের বড় বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানের আন্তর্জাতিক অভিজ্ঞতা বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় আরও বেশি যুক্ত হওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম প্রতিদিনের বাংলাদেশকে জানান, প্রকল্পটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) বিনিয়োগ, যার মোট বিনিয়োগের পরিমাণ ৫৫০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। প্রকল্পটির অধীনে লালদিয়ার চরে ৬১৬ মিটার দৈর্ঘ্যের জেটি নির্মাণ করা হবে, যেখানে ১০ মিটার ড্রাফটের জাহাজ ভিড়তে পারবে। অপারেশন কার্যক্রম পরিচালনার জন্য টার্মিনালটিতে ৭টি শিপ টু শোর ক্রেন, ৩২টি ইয়ার্ড ক্রেন (আরটিজি ক্রেন) সংযুক্ত করা হবে। 

তিনি আরও জানান, বিদেশি বিনিয়োগে নির্মিতব্য এই গ্রিনফিল্ড টার্মিনালে যুক্ত হবে আধুনিক প্রযুক্তি, নিশ্চিত করা হবে পরিবেশবান্ধব অবকাঠামো। থাকবে আন্তর্জাতিক মানের অপারেশনাল ব্যবস্থাপনা। 

টার্মিনালটি চালু হলে বন্দরে বছরে ৮ লাখের বেশি টিইইউএস অতিরিক্ত কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা যুক্ত হবে। ফলে বিদ্যমান টার্মিনালগুলোর ওপর চাপ কমার পাশাপাশি ভবিষ্যতে দেশের বাড়তে থাকা বাণিজ্যপ্রবাহ সামাল দেওয়ার সক্ষমতা তৈরি হবে। শুধু তাই নয়, লালদিয়া টার্মিনালের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশে অনুমোদিত দৈর্ঘ্য ও ড্রাফটের জাহাজের জন্য রাতের নেভিগেশনসহ ২৪ ঘণ্টা বন্দর পরিচালনার সুযোগ তৈরির কথা জানিয়েছে সরকারি পিপিপি কর্তৃপক্ষ। এর ফলে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল সময় বাড়ার পাশাপাশি জাহাজের অপেক্ষার সময় কমিয়ে সামগ্রিক টার্নঅ্যারাউন্ড টাইম কমানোর সুযোগ তৈরি হবে।

লালদিয়া টার্মিনালের সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে জাহাজ হ্যান্ডলিং সক্ষমতায়। বন্দরের তথ্য অনুযায়ী, টার্মিনালটি বর্তমান চট্টগ্রাম বন্দরে যে আকারের জাহাজ হ্যান্ডলিং করা হয় তার প্রায় দ্বিগুণ আকারের কন্টেইনার জাহাজ গ্রহণের সক্ষমতা তৈরি করবে। ১০ মিটার ড্রাফটের ৬ হাজার টিইইউএস ধারণ ক্ষমতার জাহাজ ভিড়তে পারবে টার্মিনালটিতে। এর ফলে বড় জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে আসার সুযোগ বাড়বে এবং ট্রান্সশিপমেন্ট নির্ভরতা কমিয়ে বিশ্বের বিভিন্ন গন্তব্যে সরাসরি শিপিং সংযোগ বাড়ানোর সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে বড় জাহাজ ব্যবহারের ফলে প্রতি ইউনিট পণ্য পরিবহনের ব্যয়ও কমতে পারে।

এ সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আমিরুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, লালদিয়া কন্টেইনার টার্মিনালকে কেবল একটি নতুন বন্দর অবকাঠামো হিসেবে দেখার সুযোগ নেই। এটি বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্য অবকাঠামোয় একটি সম্ভাব্য বড় পরিবর্তনের সূচনা। ইউরোপের অন্যতম শীর্ষ বন্দর অপারেটরের বিনিয়োগ, আধুনিক প্রযুক্তি, বড় জাহাজ হ্যান্ডলিং সক্ষমতা, অতিরিক্ত ৮ লাখের বেশি টিইইউএস সক্ষমতা এবং আন্তর্জাতিক শিপিং সংযোগ টার্মিনালটি চালু হলে সব মিলিয়ে চট্টগ্রাম বন্দরের সামনে নতুন এক সম্ভাবনার দুয়ার খুলবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা