দুর্নীতি দমন কমিশন। ফাইল ছবি
দীর্ঘ ১৬৭ দিনের নেতৃত্বশূন্যতা কাটিয়ে নতুন চেয়ারম্যান ও কমিশনারদের যোগদানের মধ্য দিয়ে দুর্নীতি দমন কমিশন হয়েছে কর্মচঞ্চল। নতুন কমিশন ১৯ আগস্ট দায়িত্ব গ্রহণ করেই সংস্থার হারানো ভাবমূর্তি উদ্ধার ও স্বাধীনভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। দায়িত্ব গ্রহণের দিনই সংস্থাটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন দুদক চেয়ারম্যান একেএম আসাদুজ্জামান। কার্যক্রম গতিশীল করতে পরবর্তীতে মহাপরিচালক পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করে পুরো কমিশন। মতবিনিময়কালে নতুন চেয়ারম্যান জানান, দেশের ১৮ কোটি মানুষের প্রত্যাশা পূরণে ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন।
যদিও বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীন সংস্থা হিসেবে গড়ে তোলাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ আইনি ক্ষমতা থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক আমলাতন্ত্রের কারণে সংস্থাটির স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া বাধাগ্রস্ত হয়। সর্বস্তরে দুর্নীতি দূর করতে হলে দুদককে কোনো প্রকার ভয় বা অনুগ্রহের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ তদন্ত পরিচালনার স্বাধীনতা অর্জনের পাশাপাশি প্রয়োগও করতে পারতে হবে। কমিশনের প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সক্ষমতা বৃদ্ধি করাও একে ক্রিয়াশীল রাখার জন্য অত্যন্ত জরুরি। কেবল আইনি ও বাস্তব কার্যকর স্বাধীনতা অর্জনের মাধ্যমেই জনগণের আস্থা ফিরিয়ে এনে একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা সম্ভব। সংস্থাটি স্বাধীন ও সার্বভৌম, তাই এর চেয়ারম্যান-কমিশনারদের দুর্নীতি দমনে স্বাধীন হওয়ার ইচ্ছেও থাকতে হবে।
গত ১৭ আগস্ট সোমবার নতুন কমিশন গঠনের কথা জানায় সরকার। পরদিন ১৮ আগস্ট দুদক চেয়ারম্যান হিসেবে এবং দুই কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া মন্ত্রিপরিষদ বিভাগে যোগদান করেন। এর পরদিন থেকে তারা অফিস শুরু করেন। দুদকের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দীর্ঘ শূন্যতার পর নতুন কমিশন দায়িত্ব নেওয়ায় সামনে এখন আস্থা পুনরুদ্ধারও একটা চ্যালেঞ্জ। দীর্ঘদিন ধরে জমে থাকা অনুসন্ধান, তদন্ত ও মামলার অগ্রগতি, গুরুত্বপূর্ণ অভিযোগের নিষ্পত্তি এবং দুর্নীতির সঙ্গে জড়িত প্রভাবশালীদের বিষয়ে নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়ার ওপরই নির্ভর করবে নতুন কমিশনের গ্রহণযোগ্যতা।
নতুন কমিশনের দায়িত্ব গ্রহণের প্রথম দিন ১৯ আগস্ট বিকালে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হন চেয়ারম্যান ও দুই কমিশনার। এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেছেন, ‘আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশের জন্য কাজ করতে পারি। দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারি। দেশকে দুর্নীতিমুক্ত করতে যথেষ্ট চেষ্টা করতে পারি।’
দুদক স্বাধীনভাবে কাজ করতে গিয়ে কোনো ধরনের চাপের মুখে থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমরা কোনো চাপের মধ্যে নেই। আমরা স্বাধীনভাবে কাজ করছি। আমাদের সামনে কোনো সমস্যা এলে তা সমাধান করার চেষ্টা করব। মানুষের প্রত্যাশাকে সামনে রেখেই আমরা এখানে আসছি।’
‘স্বাধীন হওয়াই’ বড় চ্যালেঞ্জ
রাজনৈতিক ক্ষমতার পালাবদলের সঙ্গে দুদকের ভূমিকাও বদলে যাওয়ার অভিযোগ বেশ পুরনো। সংস্থাটির বিরুদ্ধে আরও দুটি অভিযোগ প্রায় প্রতিষ্ঠিত। প্রথমত, দুর্নীতিগ্রস্ত ক্ষমতাসীনদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া ও দ্বিতীয়ত, রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হওয়া।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন কমিশনের সামনে চ্যালেঞ্জ হিসেবে আরও যুক্ত হয়েছে গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে দুদকের ওপর জনগণের বিপুল প্রত্যাশা। এজন্য সংশ্লিষ্টরা বলছেন, নতুন কমিশনের সামনে সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে ‘স্বাধীন হওয়া’ ও সে অনুযায়ী নীতি বাস্তবায়ন করা। রাজনৈতিক পরিচয়, ক্ষমতার অবস্থান কিংবা প্রভাব নয়, অনিয়ম-দুর্নীতি প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার ‘স্বাধীনতা’ দেখাতে পারলেই ফিরতে পারে দুদকের হারানো আস্থা।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ প্রসঙ্গে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দুদক অনেক দিন পর নতুন করে গঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্থাটি যে আস্থাহীনতার সংকটে ভুগছে, তার অন্যতম কারণ হলো দুদক স্বাধীন ও সক্রিয়ভাবে রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারেনি। নতুন কমিশনের সদস্যদের কাছে বিষয়টি নিশ্চয়ই অজানা নয়। তাই তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, কোনো ধরনের রাজনৈতিক বা আমলাতান্ত্রিক প্রভাবে না থেকে স্বাধীনভাবে কাজ করার দৃষ্টান্ত স্থাপন করা।
দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, নতুন কমিশন এসেছে, কাজও শুরু করেছে। জানামতে কমিশনের সবাই ভালো লোক। তাদের নিয়ে মন্তব্য করতে গেলে কমিশনের পরবর্তী পদক্ষেপগুলো কেমন হয়, তা বিবেচনায় রেখেই ভালো মন্দ বলতে হবে। তিনি উল্লেখ করেন, দুদককে দিয়ে সরকারদলীয়দের দুর্নীতির সুরক্ষা দেওয়া ও বিরোধী দল-মতকে নাজেহাল করার ঘটনা ঘটতো বলেই দুর্নীতিবিরোধী এ সংস্থাকে ‘নখদন্তহীন’ বলা হতো। তার কারণ, দুদক জন্মলগ্ন থেকেই রাজনৈতিকভাবে প্রভাবিত ও আমলাতন্ত্র নিয়ন্ত্রিত। সরকারের পক্ষের ও দুদকের ভেতরের কিছু লোক থাকেন, যারা চান না যে দুদক স্বাধীনভাবে কাজ করুক। বর্তমান কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে কাজের নজির স্থাপন করা।
দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দুদকের মতো একমাত্র ক্ষমতাবান ও এখতিয়ারবান একটা প্রতিষ্ঠান কীভাবে কাজ করবে, তা এখন দেখার বিষয়। পাঁচ মাস ধরে অচল করে রাখার পর নতুন কমিশন এসেছে, যাদের মাথার ওপর বিরাট বোঝা। এই বোঝার ভার নতুন কমিশন বইবেন, সামনের দিকেও এগুবেন তাদের কর্মকান্ডের মাধ্যমে। দুদকের প্রতি জনমানুষের আস্থা ফিরিয়ে আনতে রাজনৈতিক বা দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে কাজ করা জরুরি।
নতুন কমিশন, নতুন উদ্যম
নবনিযুক্ত কমিশনের প্রথম বৈঠকেই বিদ্যমান জনবলকে দ্বিগুণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের পাশাপাশি সংস্থাটিকে আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নেওয়া হয়েছে নানা পরিকল্পনা।
দুদক আইন, ২০০৪-এর ৩৩ ধারায় কমিশনের নিজস্ব প্রসিকিউশন ইউনিট গঠনের কথা বলা হলেও ২১ বছরে তা করা হয়নি। বরাবরই দলীয় আইনজীবীরা নিয়োগ পেয়ে থাকেন এই প্রসিকিউশন প্যানেলে। ফলে সরকার পরিবর্তন হলে পরিবর্তন হয় প্রসিকিউশন প্যানেলের আইনজীবীও। এতে দুদকের মামলায় সরকারদলীয়রা খালাস পান, আর বিরোধীদলীয়দের দমনে হাতিয়ার হিসেবে দুদককে ব্যবহার করা হয়। বিষয়গুলো পর্যালোচনা করে কমিশনের নিজস্ব প্রসিকিউশন ইউনিট থাকার ব্যাপারে সংস্কার কমিশন ঐকমত্যে পৌঁছেছে। কমিশনের প্রথম বৈঠকেই আধুনিক ডেটাবেজ তৈরিতে গুরুত্বারোপ করা হয়েছে। পুলিশের আদলে ক্রিমিনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) তৈরির বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।
দুদকের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সংস্থাটিতে ১ হাজার ৩৮০টি অনুসন্ধান হয়েছে। একই সময়ে ৫৬৩টি এফআইআর করা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ২ হাজার ৯৯৫ জনকে। ওই সময়ে ৪৬৮টি চার্জশিটে ১ হাজার ৬৬২ জনকে আসামি করা হয়েছে। আর ৯৮টি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে, যেখানে আসামি ছিলেন ২৪১ জন। এ ছাড়া সারা দেশের বিভিন্ন আদালতে দুদকের ৮ হাজার ২৫৪টি মামলা বিচারাধীন। এর মধ্যে নিম্ন আদালতে ৩ হাজার ৪৩৮টি ও সুপ্রিম কোর্টে রয়েছে ৪ হাজার ৮১৬টি মামলা। উচ্চ আদালতের মামলার মধ্যে হাইকোর্টে ৪ হাজার ১০৮টি ও আপিল বিভাগে ৭০৮টি।
দুদকের একাধিক কর্মকর্তা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর কমিশনের অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমে গতি এসেছিল। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় জমা পড়া ১৩ হাজার ৮৭৭টি অভিযোগের মধ্যে দুই হাজার ৫৩৬টি অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। ওই বছর ৫৯৪টি মামলা দায়ের ও ৪১৩টি মামলায় চার্জশিট দাখিল করা হয়। এছাড়া ৪৩২ জনকে সম্পদের হিসাব দাখিলের নোটিস দেওয়া হয়। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, পুত্র সজীব ওয়াজেদ জয় ও শেখ রেহানার মেয়ে টিউলিপ ছাড়াও আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও এমপির বিরুদ্ধে অনুসন্ধান শেষে মামলা হয়। দুদকের আবেদনের পর আদালত প্রায় ৩০ হাজার কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার আদেশ দেন।
তথ্য অনুযায়ী, কমিশনহীন দুদকে চলতি বছরের মার্চে এক হাজার ১২, এপ্রিলে ৭২১, মে মাসে ৮২৪, জুনে ৯১৩ ও জুলাইয়ে জমা পড়েছে ৮৪২টি অভিযোগ। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় এক ডজন অভিযোগ গ্রহণ করে কমিশনের অভিযোগ শাখা।
২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, জানুয়ারি মাসে ৯২টি, ফেব্রুয়ারি মাসে ৮৭টি ও মার্চ মাসে ২৭টিসহ মোট ১৭৯টি অভিযোগের অনুসন্ধান শুরু হয়। ওই সময়ে জানুয়ারি মাসে ১৭টি, ফেব্রুয়ারি মাসে ১৭টি ও মার্চ মাসে ২০টি সম্পদ বিবরণী নোটিস জারি করা হয়। বছরের প্রথম তিন মাসে ৬৯১টি মামলা বা এফআইআর ও ২২২টি চার্জশিট বা অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এরপর কমিশন না থাকায় আর কোনো মামলা কিংবা চার্জশিট দাখিল হওয়ার সুযোগ মেলেনি।
নতুন কমিশনের ৭ কার্যদিবস
দায়িত্ব নেওয়ার পর ২৩ আগস্ট প্রথম মামলার অনুমোদন দেয় নতুন কমিশন, যেখানে ঋণ আত্মসাতের অভিযোগে আসামি করা হয়েছে পদ্মা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ ১০ জনকে। জাল কাগজপত্র বানিয়ে এমএইচ এন্টারপ্রাইজের মালিক মমিনুর রহমানের নামে ১ কোটি ৯৫ লাখ টাকা ঋণ মঞ্জুর ও আত্মসাতের অভিযোগের অনুসন্ধান করে দুদক। মমিনুরের অভিযোগের ভিত্তিতেই অনুসন্ধান শুরু হয়েছিল। তবে অনুসন্ধানে দুদক তারও সংশ্লিষ্টতা পায়। মমিনুরের ঋণ পাওয়ার যোগ্যতা না থাকার পরও ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে তার নামে ঋণ দেওয়া হয়েছিল বলে অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে। এ কারণে অভিযোগকারী মমিনুরসহ সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা ও অন্যদের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে কমিশন।
এরপর ২৭ আগস্ট ইসলামী ব্যাংক থেকে ১৪১ কোটি ৩০ লাখ টাকা তুলে আত্মসাৎ ও পাচারের অভিযোগে শিল্পগোষ্ঠী আরামিট গ্রুপের মালিক ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ মোট ২৯ জনের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুদক। তিন মামলাতেই আসামির তালিকায় জাবেদের স্ত্রী রুকমীলা জামানের নাম আছে। দুদক প্রধান কার্যালয় ঢাকার কর্মকর্তারা কমিশনের চট্টগ্রাম-১ জেলা কার্যালয়ে মামলাগুলো করেন। তিন মামলায় আলাদাভাবে ১৬ জন, ১৬ জন ও ২০ জনকে আসামি করা হয়েছে। তবে কয়েকজন একাধিক মামলার আসামি হওয়ায় মোট আসামির সংখ্যা ২৯। সাইফুজ্জামানের স্ত্রী ও আরামিট সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক রুকমীলা জামানসহ কোম্পানি ও সংশ্লিষ্ট ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তা এসব মামলার আসামি।
একই দিন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে দুর্নীতির অভিযোগ থাকায় নভোথিয়েটারের অবসরপ্রাপ্ত মহাপরিচালক আরশাদ উল্লাহ ও তার স্ত্রী রেবেকা আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন। এর আগে দুদকের পক্ষে কমিশনের সহকারী পরিচালক আব্দুল মালেক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
এ ছাড়া যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রী নাহিদ সুলতানাসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতির দমন কমিশনের আবেদনে একই দিন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন। নিষেধাজ্ঞা পাওয়া আরেকজন তাজনীন ওহাব বৃষ্টি। দুদকের উপপরিচালক একেএম মাহবুবুর রহমান তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞার আবেদন করেন।