কুমিল্লা টাউন হলে শুক্রবার বিকালে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, দেশের বর্তমান জ্বালানি সংকট বর্তমান সরকারের সৃষ্টি নয়। পতিত ফ্যাসিবাদী সরকারের আমদানিনির্ভর বিদ্যুৎ ও জ্বালানি নীতির ফলেই আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহেও নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
কুমিল্লা টাউন হলে শুক্রবার বিকালে ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক ও কোটবাড়ি এএইচকে স্যাটেলাইট সিটির ধারণাপত্র উপস্থাপনবিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, চলমান আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজার থেকে প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ কঠিন হয়ে পড়েছে।
যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে এবং এতে সরকারকে অতিরিক্ত প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয় করতে হয়েছে। এতে একদিকে আর্থিক চাপ বেড়েছে, অন্যদিকে জ্বালানির প্রাপ্যতাও কমেছে বলেও জানান তিনি।
তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশীয় গ্যাস উত্তোলন বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, জ্বালানির মজুত গড়ে তোলা এবং ভোলাসহ বিভিন্ন অঞ্চলে আবিষ্কৃত গ্যাস ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব মধ্যমেয়াদি উদ্যোগের সুফল আগামী এক থেকে দেড় বছরের মধ্যে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সাকি বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকা ফ্যাসিস্ট সরকার উন্নয়নকে তাদের শাসনের বৈধতা প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। কিন্তু পরিকল্পনার অভাবে মানুষের প্রয়োজনীয় অনেক অবকাঠামো উপেক্ষিত থেকেছে।
তিনি বলেন, বড় প্রকল্পের পাশাপাশি মানুষের দৈনন্দিন জীবন ও প্রয়োজনের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোতেও সমান গুরুত্ব দিতে হবে।
গণ-অভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ও পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে তাদের প্রতি জাতির ঋণ পরিশোধ করতে হবে।
সেমিনারে মূল ধারণাপত্র উপস্থাপন করেন কুমিল্লা-৬ (সদর) আসনের এমপি মনিরুল হক চৌধুরী।
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাতে বিকল্প মহাসড়ক নির্মাণ জরুরি। প্রস্তাবিত সড়কটি কুমিল্লার উত্তরাঞ্চলের কৃষি ও শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে সেমিনারে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফসহ স্থানীয় রাজনৈতিক নেতারা বক্তব্য দেন।