গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে গত এপ্রিল মাসে জ্বালানি তেল আমদানিতে তৈরি হওয়া সংকট কেটে গেছে। বর্তমানে দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ নিয়ে বড় ধরনের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কর্মকর্তারা। তাদের তথ্য অনুযায়ী, অনিশ্চয়তা কাটিয়ে স্বাভাবিক ধারায় ফিরেছে জ্বালানি তেল আমদানি। চলতি মাসে প্রায় ৫ লাখ মেট্রিক টন এবং সেপ্টেম্বরে সাড়ে ৪ লাখ মেট্রিক টনের বেশি পরিশোধিত জ্বালানি তেল আমদানির পরিকল্পনা রয়েছে।
বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স) মোহাম্মদ জাহিদ হোসাইন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, জ্বালানি তেল আমদানি এখন স্বাভাবিক। চলতি মাসে আমাদের প্রায় ৫ লাখ টন জ্বালানি তেল আমদানির পরিকল্পনা ছিল। এর প্রায় ৯০ শতাংশ ইতোমধ্যে দেশে চলে এসেছে। আগামী মাসে সাড়ে ৪ লাখ টন তেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৭০ হাজার টনের মতো তেল আমদানি করা হচ্ছে ওপেন টেন্ডার পদ্ধতিতে। বাকি তেল আমদানি করা হবে জিটুজি পদ্ধতিতে।
তিনি বলেন, এটি নিঃসন্দেহে আমাদের জন্য স্বস্তির। চারদিকে যখন গ্যাসের সংকট, তখন জ্বালানি নিয়ে আমাদের কষ্টে পড়তে হচ্ছে না। এখন আমাদের এক মাসের বেশি চলার মতো জ্বালানি মজুদ আছে। ধারাবাহিকভাবে আমরা এই মজুদ সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছি।
বিপিসির সেপ্টেম্বর মাসের জ্বালানি তেল আমদানির শিডিউল অনুযায়ী, ১৭টি চালানে ৪ লাখ ২১ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের পরিশোধিত জ্বালানি তেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৩ লাখ ৫ হাজার টন গ্যাস অয়েল (ডিজেল), ১৬ হাজার টন জেট এ-১, ২৫ হাজার টন মোগাস এবং ৭৫ হাজার টন এইচএসএফও আমদানির পরিকল্পনা রয়েছে। এসব জ্বালানি তেল সরকারি-বেসরকারি বিভিন্ন আন্তর্জাতিক সরবরাহকারীর কাছ থেকে জিটুজি ও ওপেন টেন্ডার (ওটিএম) পদ্ধতিতে সংগ্রহ করা হবে।
সেপ্টেম্বরের নির্ধারিত চালানের বাইরে আগের মাসের একটি স্থগিত চালানও রয়েছে। ভিটোলের কাছ থেকে ২ থেকে ৪ সেপ্টেম্বর ১০ হাজার টন গ্যাস অয়েল এবং ২০ হাজার টন জেট এ-১, মোট ৩০ হাজার টন জ্বালানি আসার কথা রয়েছে। চালানটি আগের মাসের ‘ডিফার্ড পার্সেল’ হিসেবে পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে। ফলে সেপ্টেম্বরের ১৭টি চালানে নির্ধারিত ৪ লাখ ২১ হাজার টনের সঙ্গে ওই ৩০ হাজার টন যোগ হলে আমদানির পরিমাণ দাঁড়াবে ৪ লাখ ৫১ হাজার টন।
বিপিসির তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম চালানে ব্রুনাই শেল পেট্রোলিয়াম (বিএসপি) থেকে ৩০ হাজার টন গ্যাস অয়েল (ডিজেল) আসবে। এরপর দ্বিতীয় চালানে ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল) থেকে ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হবে। ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে পাইপলাইনে সেপ্টেম্বরে চারটি চালানে ২০ হাজার মেট্রিক টন ডিজেল আসার কথা রয়েছে। এর মধ্যে ৭ থেকে ৮ সেপ্টেম্বর ৫ হাজার, ১৪ থেকে ১৫ সেপ্টেম্বর ৫ হাজার, ২১ থেকে ২২ সেপ্টেম্বর ৫ হাজার এবং ২৬ থেকে ২৭ সেপ্টেম্বর আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসার কথা রয়েছে। ইউনিপেক থেকে সেপ্টেম্বরে একাধিক চালানে মোট ১ লাখ ৩৫ হাজার টন গ্যাস অয়েল (ডিজেল) এবং ১৬ হাজার মেট্রিক টন জেট এ-১ আমদানি করা হবে। এর মধ্যে ৭ থেকে ৯ সেপ্টেম্বর ৩০ হাজার, ৯ থেকে ১১ সেপ্টেম্বর ৩০ হাজার, ২১ থেকে ২৩ সেপ্টেম্বর ৩০ হাজার এবং ২০ থেকে ২২ সেপ্টেম্বর ১৫ হাজার টন গ্যাস অয়েল আমদানির শিডিউল রয়েছে। একই সময়ে ১৬ হাজার টন জেট এ-১ আমদানির কথা রয়েছে। এরপর ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর আরও ৩০ হাজার টন ডিজেল আমদানি করা হবে।
এ ছাড়া বিএসপি থেকে আরও দুটি চালানে ৩০ হাজার টন করে মোট ৬০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হবে। এর বাইরে বিএসপির একটি চালানে ২৫ হাজার মেট্রিক টন এইচএসএফও (হাই সালফার ফুয়েল অয়েল) আসবে। অর্থাৎ সেপ্টেম্বরে বিএসপি থেকে মোট ৯০ হাজার টন ডিজেল ও ২৫ হাজার টন এইচএসএফও আমদানির পরিকল্পনা রয়েছে। আইওসিএল থেকে আরও এক দফায় ৩০ হাজার মেট্রিক টন করে ডিজেল আমদানি করা হবে। সব মিলিয়ে সেপ্টেম্বর মাসে দুটি চালানে আইওসিএল থেকে ৬০ হাজার টন গ্যাস অয়েল আমদানি করা হবে। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা থেকে দুটি চালানে মোট ৫০ হাজার টন এইচএসএফও আমদানি করা হবে। এর একটি ১০ থেকে ১২ সেপ্টেম্বর এবং অন্যটি ২০ থেকে ২২ সেপ্টেম্বর আসার কথা রয়েছে। এ ছাড়া ওমানের রাষ্ট্রায়ত্ত তেল ও জ্বালানি প্রতিষ্ঠান ওকিউটি থেকে ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর ২৫ হাজার টন মোগাস আমদানির পরিকল্পনা রয়েছে।
চলতি আগস্ট মাসেও পরিশোধিত জ্বালানি তেল আমদানি স্বাভাবিক ছিল। এ মাসে ২১টি চালানে মোট ৪ লাখ ৯১ হাজার ৭২১ টন জ্বালানি তেল আমদানির পরিকল্পনা করেছে বিপিসি। এর মধ্যে ৩ লাখ ১৭ হাজার মেট্রিক টন ডিজেল, ৪৪ হাজার ২৯৭ টন জেট-১, ৪৯ হাজার ৩১৭ টন অকটেন এবং ৮০ হাজার ৬৯৯ টন হাই সালফার ফুয়েল অয়েল (এইচএসএফও) রয়েছে। এর মধ্যে ১৬টি চালানের জ্বালানি তেল ইতোমধ্যে দেশে এসেছে। পরিকল্পনা অনুযায়ী, বাকি চালানগুলোর জ্বালানি তেল মাস শেষ হওয়ার আগে দেশে আসার কথা রয়েছে।