হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার মরদেহগুলো গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি কর্মীদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিচয় শনাক্ত হওয়া ৯ নিহত কর্মীর প্রত্যেক পরিবারের জন্য মরদেহ পরিবহন ও দাফন খরচসহ মোট ৩ লাখ ৩৫ হাজার টাকা করে দেওয়া হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হবে। এর মধ্যে ৩ লাখ টাকা এককালীন আর্থিক অনুদান এবং ৩৫ হাজার টাকা মরদেহ পরিবহন ও দাফন খরচ বাবদ দেওয়া হবে।
গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ বাংলাদেশি কর্মী নিহত হন। সৌদি কর্তৃপক্ষ ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে নিহতদের মধ্যে ৯ জনের পরিচয় শনাক্ত করেছে। পরিচয় শনাক্ত হওয়া ওই ৯ জনের মরদেহ বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪০ নম্বর ফ্লাইটে দেশে আনা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মরদেহ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রবাসী কল্যাণমন্ত্রী। তিনি জানান, অগ্নিকাণ্ডে নিহত বাকি সাতজনের ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করা সম্ভব হয়নি। তাদের পরিচয় শনাক্ত করতে সিআইডির তত্ত্বাবধানে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাদের মরদেহও দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলছে।
নিহত ৯ কর্মীর মধ্যে নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাতজন, নাটোরের নলডাঙ্গা উপজেলার একজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন রয়েছেন। আত্রাইয়ের নিহতদের মধ্যে চারজন একই গ্রামের বাসিন্দা এবং দুইজন সহোদর।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আর্থিক সহায়তার পাশাপাশি নিহতদের মরদেহ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিজস্ব অ্যাম্বুলেন্সে সরাসরি নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, “কোনো মৃত্যুই কাম্য নয়। প্রবাসীরা বিদেশে গিয়ে কঠোর পরিশ্রম করে পরিবারের জন্য অর্থ পাঠান। অগ্নিকাণ্ডে নিহত বাকি বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সৌদি দূতাবাসের কর্মকর্তারা কাজ করছেন”।
তিনি জানান, আগুনে নিহতদের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে। নিহতদের পরিবারের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে এবং দ্রুত তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) দেওয়ান আলি আশরাফ এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের ডেপুটি চিফ অব মিশন ইব্রাহীম আলাহমারি উপস্থিত ছিলেন।