বাসস
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ১৮:০৪ পিএম
প্রতীকী ছবি
২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত গত ১৫ বছরে দেশে মোট ১৯ হাজার ৬৪১ জনকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে।
জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন।
জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুনের এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এই তথ্য জানান।
শাহ মো. ওয়ারেছ আলী মামুন তার প্রশ্নে ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত কতজনকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে এবং এর বছরভিত্তিক হিসাব জানতে চেয়েছিলেন।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওই সময়ে মোট ১৯ হাজার ৬৪১ জনকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। এর মধ্যে শর্টগানের লাইসেন্স ৭ হাজার ৩০৮টি, পিস্তলের ৫ হাজার ৩৪৭টি, রিভলবারের ৫৯৪টি, রাইফেলের ৯৪৮টি এবং অন্যান্য ধরনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে ৫ হাজার ৪৪৪টি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদানের বছরওয়ারী হিসাব দেশের ৬৪টি জেলার জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় থেকে সংগ্রহ করে পাঠাতে হবে। এ কারণে প্রয়োজনীয় সময় লাগায় বর্তমানে প্রশ্নটির আংশিক উত্তর দেওয়া হয়েছে।