× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যুৎ বিভাগের অভিন্ন চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি

বাসস

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ১৬:১৪ পিএম

ছবি: বাসস

ছবি: বাসস

বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন কোম্পানির জন্য প্রণীত অভিন্ন চাকরিবিধি সংশোধন ও যুগোপযোগী করতে ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিদ্যুৎ বিভাগ। সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মাসুদুর রহমান মাসুদ স্বাক্ষরিত এই অফিস আদেশে বলা হয়, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। সদস্য হিসেবে থাকবেন কোম্পানি অ্যাফেয়ার্স, উন্নয়ন-১, পলিসি রিফর্ম ও সমন্বয় অধিশাখার যুগ্মসচিব এবং পাওয়ার সেলের মহাপরিচালক।

এ ছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) পরিচালক পর্যায়ের একজন করে প্রতিনিধি কমিটিতে সদস্য হিসেবে থাকবেন। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো), নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (নওপাজেকো), ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি), কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ (সিপিজিসিবিএল), বাংলাদেশ রুরাল পাওয়ার কোম্পানি (বিআরপিএল), আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি (এপিএসসিএল) ও রুরাল পাওয়ার কোম্পানি (আরপিসিএল) থেকে নির্বাহী পরিচালক পর্যায়ের একজন করে প্রতিনিধি কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।

কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার উপসচিব।

অফিস আদেশে বলা হয়েছে, বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানিগুলোর জন্য প্রণীত ‘ইউনিফাইড সার্ভিস গাইডলাইনস্, ২০১৬’ সংশোধনের লক্ষ্যে সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান পর্যালোচনা করবে কমিটি। পর্যালোচনার ভিত্তিতে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জনের বিষয়ে সুপারিশ দিতে হবে।

পাশাপাশি সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণ করে ২০১৬ সালের গাইডলাইনটি সময়োপযোগী করার বিষয়েও কাজ করবে কমিটি। প্রয়োজনে উপযুক্ত বিশেষজ্ঞকে কমিটিতে কো-অপ্ট করার ক্ষমতাও দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন কোম্পানির চাকরির শর্ত, সুযোগ-সুবিধা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় সামঞ্জস্য আনতে অভিন্ন চাকরিবিধি গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে আইন, বিধি ও প্রাতিষ্ঠানিক কাঠামোয় বিভিন্ন পরিবর্তন আসায় ২০১৬ সালের গাইডলাইন পর্যালোচনা ও সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ অফিস আদেশ জারি করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা