× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মক্কা চুক্তি বাংলাদেশের পররাষ্ট্রনীতির পরীক্ষা?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ ২১:০৮ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৬ ২১:১০ পিএম

চলতি মাসে মক্কা চুক্তি স্বাক্ষর করে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান। ছবি: সৌদি প্রেস এজেন্সি/ এপি ফটো? পিকচার এলায়েন্স

চলতি মাসে মক্কা চুক্তি স্বাক্ষর করে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান। ছবি: সৌদি প্রেস এজেন্সি/ এপি ফটো? পিকচার এলায়েন্স

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, মধ্যপ্রাচ্যের ইসলামি দেশগুলোর মধ্যে কোনো নিরাপত্তা কাঠামো গড়ে উঠলে তাতে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘‘মধ্যপ্রাচ্যের ইসলামি দেশগুলোর মধ্যে কোনো নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠলে তাতে অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করা আমাদের জন্য অস্বাভাবিক কিছু নয়। বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখা হচ্ছে”।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের নেতৃত্বকে, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে, এই উদ্যোগে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে”।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, সৌদি আরব ইতোমধ্যে ঢাকাকে চুক্তিটিতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। গণমাধ্যমের সঙ্গে কথা বলার আনুষ্ঠানিক অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছ জানিয়েছে সূত্রটি।

তবে রয়টার্স বলছে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের দূতাবাসের মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

তুরস্ক অবশ্য এরই মধ্যে জানিয়েছে, পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে করা এই প্রতিরক্ষা চুক্তি ভবিষ্যতে আরও দেশকে যুক্ত করার সুযোগ রেখে করা হয়েছে। তুরস্ক ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর দেশ। অন্যদিকে পাকিস্তান পারমাণবিক শক্তিধর এবং সৌদি আরব বিশ্বের অন্যতম শীর্ষ তেল রপ্তানিকারক দেশ।

বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন পরীক্ষা

বিশ্লেষকদের মতে, এই প্রতিরক্ষা কাঠামোয় বাংলাদেশ যোগ দিলে তা দেশের দীর্ঘদিনের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির জন্য বড় পরীক্ষা হয়ে উঠতে পারে।

বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতায় সরাসরি কোনো পক্ষ না নিয়ে অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আসছে। বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি বৃদ্ধি এবং বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক বজায় রাখাই ছিল এই নীতির অন্যতম বৈশিষ্ট্য।

বাংলাদেশের অর্থনীতি তৈরি পোশাক রপ্তানিনির্ভর। রপ্তানির বড় অংশ যায় যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের বাজারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সও দেশের বৈদেশিক মুদ্রা আয়ের গুরুত্বপূর্ণ উৎস।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ শাহান মনে করেন, কোনো নির্দিষ্ট পক্ষের সঙ্গে সামরিকভাবে জোটবদ্ধ হওয়া বাংলাদেশের জন্য অর্থনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে।

তার ভাষায়, “বাংলাদেশের অর্থনীতি বিভিন্ন অংশীদারের সঙ্গে স্থিতিশীল বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কের ওপর নির্ভরশীল। ফলে কোনো নির্দিষ্ট পক্ষের সঙ্গে জোটবদ্ধ হওয়ার ধারণা রপ্তানি-নির্ভর অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে”।

ভূ-রাজনৈতিক বিশ্লেষক কল্লোল কিবরিয়ার মতে, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কোনো সামরিক জোটে যোগ দিলে শুধু ভারতের সঙ্গে নয়, চীন, ইরান, জাপান, কুয়েত, ওমান, কাতার, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্কের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।


তিনি বলেন, “এই সম্পর্কগুলো আপনা-আপনি ভেঙে যাবে না। তবে কোনো সামরিক জোটে যোগ দিলে বাংলাদেশ কোন পক্ষে অবস্থান নিয়েছে, সেই প্রশ্ন এড়িয়ে যাওয়া অনেক কঠিন হয়ে পড়বে”।

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণের ক্ষেত্রে ভারতের সঙ্গে সম্পর্কও গুরুত্বপূর্ণ বিবেচনা হয়ে উঠতে পারে। বিশেষ করে পাকিস্তান এই নিরাপত্তা কাঠামোর অন্যতম সদস্য হওয়ায় নয়াদিল্লির প্রতিক্রিয়া নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বয়স এখন ছয় মাস। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাইলেও ভারত এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানায়নি। এর মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মক্কা চুক্তি প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, পশ্চিম এশিয়ার পরিস্থিতির ওপর নয়াদিল্লি নিবিড় নজর রাখছে।

মক্কা প্রতিরক্ষা চুক্তি কি?

গত কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যে নানা সংকট চলছে। ইসরায়েল-গাজা যুদ্ধের পর ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ এই পরিস্থিতিতে আরও জটিল করে তোলে।

এমন অবস্থায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের জন্য বেশ গুরুত্বপূর্ণ হিসেবে ভাবছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। কেননা, এই চুক্তিতে বলা হয়েছে জোটভুক্ত কোনো একটি দেশ সামরিক হামলার শিকার হলে তা সকল দেশের ওপর হামলা বলে বিবেচিত হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা