লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ ১৭:৩৭ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৬ ১৯:৩৭ পিএম
লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সার বিতরণ ও ব্যবস্থাপনা বিষয়ক এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন জাতীয় সার ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জাতীয় সার ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশে সারের কোনো ঘাটতি নেই এবং চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত রয়েছে। ডিলাররা ভুল বুঝে বরাদ্দকৃত সার উত্তোলন না করায় মাঠপর্যায়ে কিছুটা সংকট দেখা দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সার বিতরণ ও ব্যবস্থাপনা বিষয়ক এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “বাংলাদেশে সারের কোনো ঘাটতি নেই। চাহিদার তুলনায় সারের পরিমাণ বেশি রয়েছে। তবে ডিলাররা সময়মতো সার উত্তোলন না করায় কৃষকরা সংকটের সম্মুখীন হচ্ছেন।” তিনি ডিলারদের দ্রুত বরাদ্দকৃত সার উত্তোলন করে কৃষকদের মাঝে বিক্রির নির্দেশ দেন।
এদিকে, বুধবার দুপুরে লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ত্রাণমন্ত্রী বলেন, ডিলারদের বাদ দিয়ে খুচরা ব্যবসায়ীদের মাধ্যমে সার বিক্রির যে কথা শোনা যাচ্ছে, তা ভিত্তিহীন। তিনি পরিষ্কারভাবে জানান, “ডিলারদের বাদ দিয়ে খুচরা ব্যবসায়ীদের মাধ্যমে সার বিক্রির কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি। এটি নিছক ভুল বোঝাবুঝি ও অপপ্রচার।”