লোগো: সংগৃহীত
মিয়ানমারের রাখাইনে সহিংসতার মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দীর্ঘ শরণার্থীজীবনের ৯ বছর পূর্ণ হয়েছে গতকাল মঙ্গলবার। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে ও বাংলাদেশের নানা উদ্যোগের মুখে একাধিকবার তাদের প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার। যদিও এ পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফিরিয়ে নেয়নি। তাদের প্রত্যাবাসনের লক্ষ্যে আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে ঢাকা। এরই অংশ হিসেবে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশনে রোহিঙ্গাদের ওপর আরেকটি উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ অধিবেশন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানও উপস্থিত থাকবেন। আশা করা হচ্ছেÑ রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসনের বিষয়ে ওই সেশন থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পাওয়া যাবে।
এদিকে বিভিন্ন দেশ ও দাতাগোষ্ঠীর পক্ষ থেকে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের ওপর জোর দেওয়া হলেও তা না হওয়া পর্যন্ত এই জনগোষ্ঠীর শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও জীবিকার সুযোগ বাড়ানোর তাগিদ দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে আরও বলা হচ্ছে, রাখাইন রাজ্যের সাম্প্রতিক অবস্থার উন্নতি না হলে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসনের অনুমোদন দেওয়া সম্ভব না। বিদেশি মিশনগুলো তাই প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের শিক্ষাদান, স্বনির্ভরতা অর্জন এবং স্থানীয় নেতৃত্ব শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করছে। তবে বাংলাদেশের বাস্তবতায় এই প্রত্যাশা কতটুকু কার্যকর করা সম্ভব, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে সংশয় রয়েছে।
যা বলছে ঢাকা
রোহিঙ্গা সমস্যা প্রসঙ্গে দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ‘রোহিঙ্গা সমস্যা আরও ঘনীভূত হয়েছে। তবে এটি বলতেই হয় যে, ২০১৭ সাল থেকে যখন রোহিঙ্গা ইনফ্লাক্স শুরু হয়েছে, তখন যে ফ্যাসিবাদী সরকার ছিল, সেই সরকার সমস্যার সমাধানে কোনো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেনি। বরং ব্যর্থ হয়েছে। সেটা যদি তখন ঠিকমতো করতে পারত এবং আন্তর্জাতিক মহলকে যুক্ত করতে পারত, তাহলে হয়তো চার-পাঁচ বছরের মধ্যে সমস্যার সমাধানের দিকে যাওয়া যেত।’
প্রতিমন্ত্রী জানান, সব মিলিয়ে মিয়ানমারের অভ্যন্তরীণ পলিটিক্যাল সিচুয়েশনও এখন অনেক কমপ্লিকেটেড। আমাদের বর্ডারেও অনেক সমস্যা হচ্ছে, সিকিউরিটি প্রবলেম হচ্ছে। তিনি জানান, এ সমস্যার সমাধানে রাখাইন স্টেট, আরাকান এবং মিয়ানমারের সঙ্গে আমাদের কিন্তু অফিসিয়ালি-আনঅফিসিয়ালি যোগাযোগ ও ডায়লগ চলছে। ব্যাপারটা একটা পলিটিক্যাল প্রবলেম, সংবেদনশীল ব্যাপার এবং এই সমস্যাটা আমাদের পলিটিক্যালি সমাধান করার প্রয়োজন।
শামা ওবায়েদ বলেন, ‘প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের সময় চীনের প্রেসিডেন্ট খুবই জোরালো গলায় বলেছেন যে, উনারা চেষ্টা করবেন এই সমস্যা সমাধানের। বলেছেন, তারা বাংলাদেশকে সহযোগিতা করবেন, মিয়ানমারের সঙ্গে কথা বলবেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও একই আশ্বাস দিয়েছেন। টার্কিও সম্প্রতি আমাদের বলেছে যে, তারাও চেষ্টা করবে মুসলিম বিশ্বের পক্ষ থেকে মিয়ানমারের ওপর একটা প্রেশার ক্রিয়েট করা যায় কি না। সব মিলিয়ে আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে আরও বেশি ইনভলভ করতে সচেষ্ট আছি।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গাদের ওপর আরেকটি গুরুত্বপূর্ণ সেশন, হাই-লেভেল সেশন হবে, যেখানে আমাদের প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। আশা করছি ওই সেশন থেকে এই সমস্যার সমাধানের আরও কিছু দিকনির্দেশনা পাওয়া যাবে।’
এ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেছেন, ‘রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বাংলাদেশ এমন পরিস্থিতি তৈরি করতে চায়, যাতে রোহিঙ্গারা নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যেতে পারেন।’
উল্লেখ্য, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে ব্যাপক হত্যাকাণ্ড, নির্যাতন, অগ্নিসংযোগ ও বাস্তুচ্যুতির ঘটনা ঘটে। জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং বাংলাদেশের ডেটাবেইজে ১২ লাখের বেশি রোহিঙ্গার তথ্য রয়েছে। তবে মিয়ানমার বলছে, ২০১৭ সালের পর বাংলাদেশে এসেছে ৫ লাখ ৪০ হাজার ‘বাঙালি অধিবাসী’। গত ১৫ আগস্ট মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, তাদের কাছে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত ৮ লাখ ২৮ হাজার ৮২৪টি নাম জমা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে বাংলাদেশে থাকা রাখাইনের সাবেক বাসিন্দা বলে নিশ্চিত হয়েছে তারা। ওই বিবৃতিতে রাখাইনের ‘পরিস্থিতি অনুকূল’ হলে পরিচয় নিশ্চিত হওয়া এই বাসিন্দাদের ফেরত নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার। তবে তাদের এই প্রতিশ্রুতিকে ‘নাটক’ হিসেবে বর্ণনা করেছেন ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা রিপ্রেজেন্টেটিভের প্রেসিডেন্ট সৈয়দ উল্লাহ।
তহবিলের মাত্র ২ শতাংশ স্থানীয় এনজিওতে
কক্সবাজার প্রেস ক্লাবে সিএসও এনজিও ফোরাম (সিসিএনএফ) ও কোস্ট ফাউন্ডেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার গবেষক মো. শাহিনুর ইসলাম বলেন, ‘রোহিঙ্গা তহবিলের অর্থায়নের প্রায় ৯০ শতাংশ জাতিসংঘ ও স্থানীয় এনজিওদের কাছে মাত্র ২ শতাংশ। ২০২৬ সালের যৌথ সাড়াদান পরিকল্পনা (জেআরপি) অনুযায়ী, ১৫.৬ লাখ মানুষকে সহায়তা প্রদানের জন্য ৭১০.৫ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। এই তহবিলের ৮৭.৯৬% জাতিসংঘের সংস্থাগুলোর কাছে, ৭.৭৮% আন্তর্জাতিক এনজিওগুলোর কাছে এবং ৪.২৬% জাতীয় এনজিওগুলোর কাছে রয়েছে। অন্যদিকে জেআরপিতে অ্যাপিলিং পার্টনার হিসেবে স্থানীয় এনজিওগুলোর কোনো তহবিল নেই।’
তিনি বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পের জন্য বরাদ্দকৃত তহবিলের ৬৩.৬% আন্তর্জাতিক এনজিও, ৩৩.৯% জাতীয় এনজিও এবং মাত্র ২.৫% স্থানীয় এনজিওগুলো পায়। যুক্তরাষ্ট্রের ১৫০ মিলিয়ন মার্কিন ডলারের তহবিলের ৯২% জাতিসংঘের সংস্থা এবং ৮% আন্তর্জাতিক এনজিওগুলো পেয়েছে। অর্থাৎ প্রায় সব তহবিলই জাতিসংঘের সংস্থা ও আন্তর্জাতিক এনজিওগুলোর মাধ্যমে পরিচালিত হচ্ছে। তাদের কার্যক্রম পরিচালনার ব্যয়ও তুলনামূলকভাবে অনেক বেশি।
রোহিঙ্গাদের ঘিরে আসছে বিভিন্ন প্রস্তাব
এদিকে মিয়ানমারের রাখাইনে গণহত্যা থেকে প্রাণে বাঁচতে রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার ৯ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত দুই দিনব্যাপী বৈঠকে নানা ধরনের প্রস্তাব দিয়েছে বিভিন্ন দাতাগোষ্ঠী ও বিদেশি মিশনের প্রতিনিধিরা। বাংলাদেশ সরকার ও নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের (এনআরসি) উদ্যোগে আয়োজিত এই বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করা বিভিন্ন দেশি ও বিদেশি সহায়তা সংস্থার প্রতিনিধি ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। এ সময় ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) মানবিক সহায়তা বিভাগের প্রধান এলি মুডি বলেন, ‘প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত অপেক্ষার সময়টিকে কাজে লাগিয়ে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে রোহিঙ্গাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।’
বৈশ্বিক সহায়তার প্রতিশ্রুতি ১৬ কূটনৈতিক মিশনের
সংকটময় পরিস্থিতিতে দীর্ঘ ৯ বছর ধরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ধৈর্য, সাহস ও মর্যাদার প্রতি শ্রদ্ধাবোধ জানিয়ে এবং বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে বিশ্বের ১৬টি কূটনৈতিক মিশন। বিবৃতিতে স্বাক্ষরকারী মিশনগুলোর মধ্যে রয়েছেÑ কানাডা, ডেনমার্ক, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, নরওয়ে, ইতালি, জাপান, কসোভো, নেদারল্যান্ডস, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্য।
১০ মিনিটের বার্তা রোহিঙ্গাদের
‘নাইন ইয়ারস গন, থিংক টেন মিনিটস ফর রোহিঙ্গা’Ñ এই প্রতিপাদ্য সামনে রেখে নবম রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রত্যাবাসনের দাবিতে সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উখিয়ার ক্যাম্প-৪ এক্সটেনশনের ফুটবল মাঠে নাগরিক সংগঠন ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর) আয়োজিত এ সমাবেশে উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গারা অংশ নেন।
ইউসিআরের প্রেসিডেন্সিয়াল প্যানেলের সদস্য মোহাম্মদ সৈয়দ উল্লাহ বাংলাদেশকে আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘রোহিঙ্গারা মিয়ানমারের জন্মভূমিতে ফিরে গিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে চান। প্রত্যাবাসন হতে হবে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ। শুধু সীমান্ত পার করে মিয়ানমারে ফেরত পাঠানো নয়; প্রত্যাবাসনের পর নিরাপত্তা, অধিকার, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা ও জীবিকার নিশ্চয়তাও দিতে হবে।