তিন দিনব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এআরএবি) যৌথ কমিউনিকেশন এক্সারসাইজ রবিবার শুরু হয়ে মঙ্গলবার শেষ হয়। ফাইল ছবি
দুর্যোগকালীন সময়ে দেশব্যাপী বিকল্প যোগাযোগ ব্যবস্থা স্থাপন করে উদ্ধার ও অপারেশনাল কার্যক্রম সচল রাখার লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এআরএবি) যৌথ কমিউনিকেশন এক্সারসাইজ সম্পন্ন হয়েছে।
তিন দিনব্যাপী এ অনুশীলন রবিবার শুরু হয়ে মঙ্গলবার শেষ হয়।
দেশের আট বিভাগের ১৬টি স্থানে ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, তেজস্ক্রিয়তা ও ভূমিধসসহ বিভিন্ন দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় নিয়ে উদ্ধার কার্যক্রমের পাশাপাশি বিকল্প যোগাযোগ ব্যবস্থা স্থাপনের অনুশীলন করা হয়।
গত ২৩ আগস্ট সকাল ১০টায় এ এক্সারসাইজের উদ্বোধন করেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান।
এ সময় ফায়ার সার্ভিস অধিদপ্তরের উপপরিচালক (অপারেশনস ও মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদ, ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন, এআরএবির সাধারণ সম্পাদক অনূপ কুমার ভৌমিকসহ ফায়ার সার্ভিস ও এআরএবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের নির্দেশনায় বড় ধরনের দুর্যোগে উদ্ধার কার্যক্রম পরিচালনার সময় পারস্পরিক যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে এ অনুশীলনের আয়োজন করা হয়।
অনুশীলনের মূল উদ্দেশ্য ছিল, কোনো বড় দুর্যোগে ফায়ার সার্ভিসের প্রচলিত যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়লে এআরএবির সদস্যরা কীভাবে বিকল্প বেতার যোগাযোগ ব্যবস্থা স্থাপন করে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় বজায় রাখবেন এবং উদ্ধার ও অন্যান্য অপারেশনাল কার্যক্রম সচল রাখবেন- তা বাস্তবে অনুশীলন করা।
অনুশীলনের দ্বিতীয় দিন, ২৪ আগস্ট, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল মিরপুরে উপস্থিত হয়ে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
মঙ্গলবার সকাল ১০টায় পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার অনুশীলনের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পরে বিকেল সাড়ে ৩টায় অনুশীলন কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।
সমাপনী পর্বে ফায়ার সার্ভিসের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার (ইওসি), মিরপুর থেকে পরিচালক (অপারেশনস ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান দেশের বিভিন্ন বিভাগের ফায়ার সার্ভিস কর্মকর্তা ও এআরএবির প্রতিনিধিদের সঙ্গে বেতার যোগাযোগ স্থাপন করেন। পরে জুম মিটিংয়ের মাধ্যমে সার্বিক অনুশীলন কার্যক্রমের মূল্যায়ন শেষে তিনি কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।