বিবিসি বাংলা
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১৫:৪৯ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৬ ১৫:৫৫ পিএম
চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান। ছবি: গ্লোবাল টাইমস্
সরকার চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া অনেক দূর এগিয়ে নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
সচিবালয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
চীনের তৈরি এই যুদ্ধবিমান বাংলাদেশ কিনতে পারে—এমন দীর্ঘদিনের আলোচনার সূত্র ধরে উপদেষ্টা বলেন, “বাংলাদেশ সরকার চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে।”
তিনি বলেন, “সাম্প্রতিক একটা রিয়েল এক্সপেরিয়েন্স আছে কমব্যাট সিচুয়েশনে। ভারত-পাকিস্তানে যখন যুদ্ধ হচ্ছে, ভারতের ডেসল রাফাল ডাউন হয়েছিল, সেটা করেছিল চাইনিজ জে-১০। এই তথ্য এখন প্রতিষ্ঠিত। সুতরাং চায়নার তৈরি একটা মাল্টিরোল ফাইটার, এখন রাফালকে বলা হয় ৪.৫ জেনারেশনের সবচেয়ে আধুনিক ফাইটারগুলোর একটা।
“তার সঙ্গে কমব্যাট সিচুয়েশনে খুবই ভালো করেছে। সো, বাংলাদেশ সেদিকে মনোযোগ দিয়েছে এবং আশা করা যায় আমরা এই পথে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “একটা কথা বলে রাখা ভালো, সিমিলার কোয়ালিটির রাফাল বলি বা ইউরো ফাইটার টাইফুন বলি, ইউরোপীয়ান ভ্যারিয়েন্টের তার তুলনায় চাইনিজ ফাইটারগুলোর দাম তুলনামূলকভাবে অনেক কম।”
তিনি আশা প্রকাশ করে বলেন, “আশা করি আমাদের সরকার জনগণের প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য সব রকমের পদক্ষেপ নেবে।”