× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুরুত্বপূর্ণ খনিজ পুনর্ব্যবহারে প্রথমবার যৌথ উদ্যোগ জাপান-ভারতের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১৫:৩২ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৬ ০০:০৬ এএম

গুরুত্বপূর্ণ খনিজ পুনর্ব্যবহারে প্রথমবার যৌথ উদ্যোগ জাপান-ভারতের

গুরুত্বপূর্ণ খনিজ, বিশেষ করে বিরল মাটির খনিজ (রেয়ার আর্থ), পুনর্ব্যবহারের ওপর প্রথমবারের মতো যৌথ সরকারি আয়োজন করেছে জাপান ও ভারত। নয়াদিল্লিতে জাপানি দূতাবাসে অনুষ্ঠিত এ আয়োজনে সরকারি কর্মকর্তা, পুনর্ব্যবহারকারী প্রতিষ্ঠান ও ব্যবসায়ীসহ প্রায় ১৩০ জন অংশ নেন।

শুক্রবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্যানেল আলোচনা ও বিভিন্ন উপস্থাপনার পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যবসায়িক যোগাযোগের সুযোগ তৈরি করা হয়। জাপানি দূতাবাস ও দেশটির পরিবেশ মন্ত্রণালয় যৌথভাবে এ আয়োজন করে।

বিশ্ববাজারে গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহে চীনের আধিপত্য রয়েছে। রেয়ার আর্থসহ এসব খনিজের জন্য জাপান ও ভারত উভয় দেশকেই উল্লেখযোগ্যভাবে আমদানির ওপর নির্ভর করতে হয়। ফলে চীনের ওপর নির্ভরতা কমাতে বিকল্প উৎস ও পুনর্ব্যবহারযোগ্য সম্পদ কাজে লাগানোর বিষয়ে দুই দেশ আগ্রহী হয়ে উঠেছে।

এ ক্ষেত্রে ভারতের রয়েছে বড় সম্ভাবনা। পরিত্যক্ত ইলেকট্রনিক পণ্য থেকে উৎপন্ন ই-বর্জ্যের পরিমাণের দিক থেকে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। এসব বর্জ্যের মধ্যে থাকা মূল্যবান খনিজ পুনরুদ্ধার ও পুনর্ব্যবহারের মাধ্যমে গুরুত্বপূর্ণ কাঁচামালের নতুন উৎস তৈরি করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জাপানি গাড়ি নির্মাতা হোন্ডার সহযোগী প্রতিষ্ঠান হোন্ডা ট্রেডিংয়ের ভারতীয় ইউনিটের প্রধান জোজি মুরাকামি বলেন, বিশ্বজুড়ে রেয়ার আর্থ খনিজের জন্য প্রতিযোগিতা বাড়ছে। মোটরের বিভিন্ন যন্ত্রাংশে হোন্ডা রেয়ার আর্থ খনিজ ব্যবহার করে।

মুরাকামি জানান, চীনা সরবরাহব্যবস্থার ওপর নির্ভরতা কমাতে হোন্ডা গ্রুপ ভারতে পুনর্ব্যবহার খাতে কাজ করা অংশীদার খুঁজছে। এ উদ্যোগের মাধ্যমে ভারতীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা বাড়িয়ে বিকল্প সরবরাহব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে হোন্ডা।

বিশেষজ্ঞদের মতে, গুরুত্বপূর্ণ খনিজের পুনর্ব্যবহার শুধু পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ নয়, বরং বৈশ্বিক সরবরাহব্যবস্থার ঝুঁকি কমানো এবং জাপান-ভারতের কৌশলগত অর্থনৈতিক সহযোগিতা জোরদারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা