× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিঙ্গা সংকটের ৯ বছর

ত্রিমুখী জটিলতায় কক্সবাজারের জনজীবন

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ২২:৫৯ পিএম

রোহিঙ্গা শিবির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রোহিঙ্গা শিবির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বৃদ্ধ আব্দুল জব্বারের চোখে এখনও ভাসে তার জন্মভিটার ছবি। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টুডেং জব্বারপাড়া গ্রাম, এ গ্রামে ছিল তার বাবা-দাদা, পরদাদার বসতি। নিজেও জন্মেছিলেন সেখানে। জীবনপরিক্রমায় হয়েছিলেন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দীর্ঘ সময় শিক্ষকতা করেছেন। এরপর নাগরিকত্ব, জাতিগত পরিচয় ও নিরাপত্তা সংকট তাকে শুধু গ্রামছাড়া করেনি, করেছে দেশছাড়া। তিনি প্রায় ৯ বছর ধরে বাস করছেন কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে। সেখানেই ৮০ বছর বয়সী আব্দুল জব্বার তার জীবনকাহিনী শোনান। তিনি এখনও স্বপ্ন দেখেন দেশের মাটিতে একদিন ফিরতে পারবেন। 

এ গল্প আসলে শুধু একা আব্দুল জব্বারের নয়, এটি একটি জনগোষ্ঠীর কয়েক দশকের রাষ্ট্রহীনতা, পরিচয় সংকট, উচ্ছেদ, নির্যাতনে জর্জরিত হওয়া ও প্রত্যাবাসনের অপেক্ষার গল্প। ২০১৭ সালের ২৫ আগস্টের পর বাংলাদেশে আসা সাত লাখের বেশি রোহিঙ্গার ঢল বিশ্ববাসীর সামনে এ সংকটকে নতুন মাত্রায় তুলে ধরেছিল। কিন্তু সেই ঢলের একটি মানুষও ফিরে যেতে পারেনি মিয়ানমারে।

কক্সবাজারের উখিয়া-টেকনাফের পাহাড়ে একসময় ছিল সবুজের বিস্তৃত চাদর। সেই পাহাড়ের বুকে গড়ে উঠেছে বিশ্বের অন্যতম বড় শরণার্থী বসতি। মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা ঢলের প্রায় নয় বছর হতে চললেও সংকটের স্থায়ী সমাধান হয়নি। বরং দীর্ঘস্থায়ী এই আশ্রয় পরিস্থিতির সঙ্গে যুক্ত হয়েছে বনভূমি ধ্বংসের মাধ্যমে পরিবেশের ওপর ব্যাপক বিরূপ প্রভাব, মাদক ও অস্ত্রের বিস্তারে অপহরণসহ নানারকম কর্মকাণ্ডের বিস্তৃতি এবং কর্মসংস্থানহীনতা ও দীর্ঘমেয়াদি অনিশ্চয়তায় আর্থিক চাপ। এই ত্রিমুখী সংকট ধারণ করেছে ভয়াবহ রূপ। 

১২ লাখের বেশি রোহিঙ্গা, চাপ কক্সবাজারে  

২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি হিসাব ও ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ১২ লাখের বেশি। এর মধ্যে কক্সবাজারের উখিয়া-টেকনাফের ক্যাম্পগুলোতে রয়েছেন প্রায় ১১ লাখ ৬৬ হাজার ও ভাসানচরে প্রায় ৩৪ হাজার। ২০১৭ সালে যারা শিশু ছিল, তাদের অনেকেই এখন কৈশোর পেরিয়েছে। কেউ কেউ তরুণ হয়েছে। আবার যারা ২০১৭ সালের পর জন্মেছে, তাদের একটি অংশ মিয়ানমার দেখেইনি।

পাহাড় হারাচ্ছে সবুজ, বাড়ছে পরিবেশঝুঁকি 

রোহিঙ্গা ক্যাম্প স্থাপনের ফলে কক্সবাজারের পাহাড়ি বনাঞ্চলের ওপর যে চাপ তৈরি হয়েছে, তার প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে দীর্ঘদিন ধরেই। বন অধিদপ্তরের একটি প্রকল্প-সংক্রান্ত নথিতে বলা হয়েছে, রোহিঙ্গারা কক্সবাজারে আসার পর টেকনাফ, হিমছড়ি, ইনানী, ফাসিয়াখালীসহ বিভিন্ন সংরক্ষিত এলাকার ওপর বড় ধরনের মানবিক চাপ তৈরি হয়েছে। সেখানে ৮ হাজার একরের বেশি বনভূমি বিলীন হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

আরেকটি সরকারি পরিবেশ ও সামাজিক ব্যবস্থাপনা কাঠামোর নথিতে বলা হয়েছে, জ্বালানি কাঠ সংগ্রহের কারণে রোহিঙ্গা ক্যাম্পের আশপাশের গাছপালা ও ঝোপঝাড় ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে। এমনকি ক্যাম্পের আশপাশে বনায়ন কার্যক্রম সফল করতে বিকল্প জ্বালানির ব্যবস্থা ও নির্দিষ্ট বাফার জোন রাখার সুপারিশও করা হয়েছে এতে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি তথ্য-উপাত্তে যে ক্ষতির কথা বলা হচ্ছে, বাস্তবে তার চেয়েও বেশি ধংস হয়েছে বনাঞ্চল। দিন দিন পরিস্থিতির অবনতি হচ্ছে। 

এদিকে ক্যাম্পগুলোতে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্যও তৈরি হচ্ছে। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের ২০২৬ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রতিদিন ১৪০ টনের বেশি বর্জ্য তৈরি হয় এবং প্রায় অর্ধেক পরিবার নির্ধারিত বর্জ্য ফেলার স্থানে বর্জ্য পৌঁছাতে পারে না। ফলে বর্ষায় ড্রেন বন্ধ হওয়া, জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) কক্সবাজারের সদস্য সচিব এইচএম ফরিদুল আলম শাহীন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, রোহিঙ্গা সংকটকে শুধু মানবিক সংকট হিসেবে দেখলে চলবে না; এটিকে এখন পরিবেশগত সংকট হিসেবেও দেখতে হবে।

তিনি জানান, ক্যাম্প সম্প্রসারণ, জ্বালানি কাঠ সংগ্রহ, পাহাড় কাটা, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা এবং অতিরিক্ত জনঘনত্ব, সব মিলিয়ে উখিয়া-টেকনাফের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। একই সঙ্গে স্থানীয় বন ও জীববৈচিত্র্য রক্ষায় শুধু রোহিঙ্গাদের দায়ী না করে ক্যাম্পের বাইরে স্থানীয়দের অবৈধ পাহাড় কাটা, বন দখল ও বাণিজ্যিক কর্মকাণ্ডের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

মাদকের রুটে ক্যাম্পের অংশ  

কক্সবাজার দীর্ঘদিন ধরেই মিয়ানমার থেকে ইয়াবা ও অন্যান্য মাদক প্রবেশের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা। রোহিঙ্গা ক্যাম্পগুলো সীমান্তের কাছাকাছি হওয়ায় অপরাধী চক্রের একটি অংশ রোহিঙ্গাদের ব্যবহার করছে, এমন অভিযোগ ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়মিতই চলে। ২০২৬ সালের মে মাসে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৪৩ হাজার ৬০০ ইয়াবা, একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ২৭ রাউন্ড গুলি উদ্ধারের তথ্য রয়েছে। জুলাই মাসে উখিয়ার পানবাজার এলাকায় ৮ এপিবিএনের অভিযানে এক রোহিঙ্গা যুবকের কাছ থেকে ছয় হাজার ইয়াবা উদ্ধার করা হয়। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ৮ এপিবিএন গত ১৪ মাসের অভিযানে প্রায় ১৬৬ জন বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার করেছে। একই সময়ে দুই লাখের বেশি ইয়াবা উদ্ধারের তথ্যও রয়েছে। উদ্ধার হয়েছে অস্ত্র ও অন্যান্য মাদক; অপহৃত ১৩ জন নারী, পুরুষ ও শিশুকেও উদ্ধার করা হয়েছে।

ক্যাম্পে অপরাধীদের বিরুদ্ধে নিরীহ রোহিঙ্গাদের ক্ষোভ  

ক্যাম্পে বসবাসরত সাধারণ ও সুশীল রোহিঙ্গাদের সঙ্গে কথা বললে ভিন্ন একটি বাস্তবতাও সামনে আসে। তাদের বক্তব্য, সশস্ত্র গোষ্ঠী ও মাদক কারবারিরা শুধু স্থানীয় জনগোষ্ঠীর জন্য নয়, ক্যাম্পের সাধারণ রোহিঙ্গাদের জন্যও বড় আতঙ্ক।

এসব রোহিঙ্গার অভিযোগÑ মাদক, অস্ত্র, চাঁদাবাজি ও অপহরণে জড়িত সশস্ত্র ব্যক্তিদের কারণে ক্যাম্পে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। তারা চান অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং সাধারণ রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

রোহিঙ্গা কমিউনিটি লিডার রফিক উদ্দিন বলেন, আমরা এখানে নিরাপদে থাকতে চাই। যারা মাদক ও অস্ত্রের ব্যবসা করে, তারা রোহিঙ্গা হলেও আমাদেরই ক্ষতি করছে। তাদের কারণে সাধারণ রোহিঙ্গাদের বদনাম হচ্ছে।

উখিয়া পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, রোহিঙ্গা এখন বিষফোড়া হয়ে দাঁড়িয়েছে। তারা ইয়াবা, অস্ত্র ও নানাবিধ অপরাধের পাশাপাশি স্থানীয়দের সঙ্গে বিরোধে জড়াচ্ছে। এসব রোহিঙ্গার দ্রুত প্রত্যাবাসন জরুরি। 

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় প্রধান ( ডিএফও) আব্দুল্লাহ আল মামুন জানান, রোহিঙ্গারা এখন স্থায়ী বসতি নির্মাণের চেষ্টা করছেন। তারা যে স্থানে আছেন সেখানে একসময় এশিয়ান হাতি থেকে শুরু করে বিভিন্ন বন্য প্রাণীর আবাসস্থল ছিল। নয় বছরে উখিয়া-টেকনাফে ৮-১২ হাজার একর বনভূমি ক্ষতিগ্রস্ত বা উজাড় হয়েছে। এর মধ্যে প্রায় ৬,০০০ একর পাহাড়ি বন সরাসরি শিবির নির্মাণে এবং বাকি অংশ জ্বালানি কাঠ সংগ্রহ ও অবকাঠামোর কারণে ধ্বংস হয়েছে। 

অর্থনীতিতে আসল চাপ কোথায়? রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা বাংলাদেশে এলেও সংকট দীর্ঘায়িত হওয়ায় কয়েকটি ক্ষেত্রে বাংলাদেশের ওপর চাপ বাড়ছে। প্রথমত, প্রশাসন ও নিরাপত্তা ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি ব্যয়। দ্বিতীয়ত, ক্যাম্পের বাইরে সড়ক, যোগাযোগ, বাজার, স্বাস্থ্য ও অন্যান্য জনসেবায় অতিরিক্ত চাপ। তৃতীয়ত, বন ও পরিবেশ পুনরুদ্ধারে বাড়তি সরকারি ব্যয়। চতুর্থত, স্থানীয় শ্রমবাজারে প্রতিযোগিতা ও মজুরি কাঠামোর পরিবর্তন। পঞ্চমত, মাদক ও মানবপাচারের মতো সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত তৎপরতা।

তবে আন্তর্জাতিক সংস্থার ব্যয় স্থানীয় বাজারেও অর্থনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি করছে। ডব্লিউএফপির তথ্য বলছে, রোহিঙ্গাদের খাদ্য সহায়তার জন্য স্থানীয় সরবরাহকারীদের কাছ থেকেও পণ্য কেনা হয়, যা স্থানীয় অর্থনীতিতে অর্থপ্রবাহ তৈরি করে।

৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহমেদ জানান, রোহিঙ্গা আসার আগে থেকেই বাংলাদেশে ইয়াবা আসে। তবে রোহিঙ্গা আসার পর ইয়াবা বেশি আসছে, এটাও ঠিক। 

দুই দফা প্রত্যাবাসন উদ্যোগ, ফল শূন্য  

২০১৭ সালে রোহিঙ্গা ঢলের পর বাংলাদেশ ও মিয়ানমার প্রত্যাবাসন নিয়ে চুক্তি করে। ২০১৮ সালের ১৫ নভেম্বর প্রথম দফায় প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু রোহিঙ্গারা নিরাপত্তা ও অধিকার নিয়ে নিশ্চয়তা না পাওয়ায় ফিরে যেতে রাজি হননি। ২০১৯ সালের ২২-২৩ আগস্ট দ্বিতীয় দফায়ও একই পরিস্থিতি তৈরি হয়।

ফলে তালিকা তৈরি হয়েছে, যাচাই হয়েছে, কূটনৈতিক বৈঠক হয়েছে, আন্তর্জাতিক সম্মেলন হয়েছেÑ কিন্তু একজন রোহিঙ্গাকেও টেকসইভাবে নিজ ভূমিতে ফেরানো সম্ভব হয়নি। এর মধ্যে বদলে গেছে মিয়ানমারের বাস্তবতা।

প্রত্যাবাসন প্রক্রিয়ার সবচেয়ে আলোচিত অংশ হলো বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে রোহিঙ্গাদের তথ্য যাচাই। বাংলাদেশ কয়েক ধাপে মিয়ানমারের কাছে ৮,২৯,০৩৬ জনের তথ্য দিয়েছে। ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত মিয়ানমার প্রায় ৩,৫৪,৭৫১ জনের তথ্য যাচাই করেছিল; তাদের মধ্যে ২,৫৩,৯৬৪ জনকে ‘মিয়ানমারে পূর্বে বসবাসকারী ব্যক্তি’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তখনও চলমান সংঘাতের কারণে প্রত্যাবাসন শুরু করা সম্ভব নয় বলে বাংলাদেশকে জানানো হয়।

এরপর জুলাইয়ের শেষ নাগাদ মিয়ানমারের যাচাইয়ের সংখ্যা আরও বাড়ে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী বাংলাদেশ দেওয়া ৮,২৮,৮২৪ জনের তালিকার মধ্যে মিয়ানমার ৪,২৬,৫৪৫ জনের যাচাই সম্পন্ন করেছে এবং ৩,০৮,৭৯৭ জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে চিহ্নিত করেছে।

অর্থাৎ যাচাই প্রক্রিয়ায় অগ্রগতি হয়েছে, কিন্তু প্রত্যাবাসনের পথে সেই অগ্রগতি এখনও বাস্তব প্রত্যাবর্তনে রূপ নেয়নি। 

রোহিঙ্গা বিষয়ক গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাহমান নাসির উদ্দিন বলেন, ‘আগেও দুই দফা প্রত্যাবাসনের চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে রাখাইনের পরিস্থিতি আরও জটিল। শুধু মিয়ানমার সরকার রাজি হলেই হবে না, সেখানে নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে।’

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় বর্তমানে কোনো অগ্রগতি নেই। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা