× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলএনজির চড়া দামে বাড়ছে ভর্তুকির বোঝা

দীপক দেব

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ২২:৪৫ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৬ ২২:৪৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে হুহু করে বাড়ছে জ্বালানির দাম। বিশেষ করে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসে (এলএনজি) এর প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। বর্তমানে দ্বিগুণ দামে কিনতে হচ্ছে এলএনজি। গত ডিসেম্বরে সরকার এক কার্গোর প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) এলএনজি সাড়ে ১০ ডলারের নিচে কিনতে পারত। 

অথচ সোমবার যে দুটি কার্গো আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, সেটির একটির দাম পড়বে প্রতি এমএমবিটিইউ ২৪ দশমিক ৬৩ মার্কিন ডলার এবং অপর কার্গোর ক্ষেত্রে তা ২৪ দশমিক ২৫ মার্কিন ডলার। 

এর আগে গত ১৯ আগস্ট ক্রয় কমিটির বৈঠকে এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত হয়; সেখানে প্রতি এমএমবিটিইউ খরচ ধরা হয়েছিল ২৩ দশমিক ৯৩ ডলার। তার মানে মাত্র পাঁচ দিনের মাথায় প্রতি এমএমবিটিইউ কেনায় খরচ বাড়ল ৩২ থেকে প্রায় ৭০ সেন্ট ডলার।

জ্বালানি বিভাগের একাধিক সূত্র জানায়, ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে জিটুজি চুক্তির আওতায় যেসব দেশ থেকে এলএনজি আমদানি করা হতো তা সম্ভব হচ্ছে না। স্পট মার্কেট থেকে বাড়তি দাম দিয়ে এলএনজি কিনতে হচ্ছে। এতে গত চার মাসে বিপিসিকে জ্বালানির জন্য ২১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। চলতি অর্থবছরের প্রথম দু’মাসেই এলএনজি খাতে ভর্তুকি ব্যয় হয়েছে ৪ হাজার ৭০০ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ গুণের বেশি।

জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এলএনজি খাতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে ১১ হাজার কোটি টাকা। অর্থবছরের প্রথম দু’মাসেই বরাদ্দের ৪২ শতাংশের বেশি ব্যয় হয়ে যাওয়ায় বছরের বাকি সময়ের জন্য সরকারকে আরও বড় অঙ্কের অতিরিক্ত বরাদ্দ দিতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-আগস্ট মাসে এলএনজি আমদানিতে সরকারকে ভর্তুকি দিতে হয়েছিল ৫০০ কোটি টাকা। কিন্তু চলতি অর্থবছরের একই সময়ে সেই ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭০০ কোটি টাকায়। এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে এলএনজি আমদানির জন্য ৬ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ রাখা হয়েছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা, মূল্যবৃদ্ধি এবং দেশে গ্যাস সংকট মোকাবিলায় অতিরিক্ত আমদানির কারণে সরকারকে আরও প্রায় ১৭ হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দিতে হয়। এই অভিজ্ঞতার ভিত্তিতে অনেকেই মনে করছেন, গত বছরের চেয়ে এবার অতিরিক্ত বরাদ্দ অনেক বাড়াতে হবে। ২০১৮ সাল থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত এলএনজি আমদানিতে মোট ব্যয় হয়েছে প্রায় ২ লাখ ৭৬ হাজার কোটি টাকা। প্রতিবছর আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা, ডলারের মূল্যবৃদ্ধি এবং আমদানির পরিমাণ বাড়ার কারণে সরকারের ব্যয়ও বেড়েছে।

এমন প্রেক্ষাপটে সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর বিধি ১০৫-এর উপবিধি ৩-এর দফা (ক) অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় দুই কার্গো এলএনজি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, আগামী ১৩ থেকে ১৪ সেপ্টেম্বরের জন্য নির্ধারিত ৪৬তম কার্গো এলএনজি সরবরাহ করবে পসকো ইন্টারন্যাশনাল করপোরেশন। এ কার্গোর জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২৪ দশমিক ৬২৫ মার্কিন ডলার। অন্যদিকে, ২৩ থেকে ২৪ সেপ্টেম্বরের জন্য নির্ধারিত ৪৭তম কার্গো এলএনজি সরবরাহ করবে টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড, যুক্তরাজ্য। এ কার্গোর জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ২৪ দশমিক ২৫ মার্কিন ডলার।

পাঁচ দিনে খরচ বাড়ল ১৩ কোটি টাকা  

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতিতে স্পট মার্কেট থেকে বাড়তি মূল্যে এলএনজি কেনার ব্যয় প্রকাশ করে আসছিল। তখন বেশিরভাগ সময়ই কার্গোপ্রতি খরচ ৭০০ কোটি টাকার আশপাশে ছিল। জুলাইয়ে তা বাড়তে বাড়তে ৯৪৩ কোটি টাকা ছাড়ায়। গত ৩০ জুলাই ক্রয় কমিটির বৈঠকে এলএনজি কেনার সিদ্ধান্ত নিতে গিয়ে ব্যয় ধরা হয়েছিল ৯৪৩ কোটি ৪৩ লাখ টাকা। এর ২৬ দিনের মাথায় এলএনজির প্রতি কার্গো কেনায় ৭০ কোটি টাকার মতো বাড়তি খরচ হচ্ছে। বাংলাদেশে যেসব কার্গো আসে, সাধারণত সেগুলোতে ৩২ লাখ থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি থাকে। এ হিসাবে নতুন দর অনুযায়ী এক কার্গো এলএনজি কেনায় ৮ কোটি ২৭ লাখ ৪০ হাজার ডলার বা ১ হাজার ১৩ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা (১২২ দশমিক ৫০ টাকা বিনিময় হার হিসাবে) পর্যন্ত হওয়ার কথা। অর্থাৎ এ ক্ষেত্রে পাঁচ দিন আগে কেনা এলএনজির তুলনায় কার্গোপ্রতি ১৩ কোটি ১৭ লাখ থেকে ২৮ কোটি ৮১ লাখ টাকার মতো বাড়তি খরচ হতে পারে।

জ্বালানি খাত সংশ্লিষ্টদের মতে, দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন কাঙ্ক্ষিত হারে না বাড়ায় এলএনজির ওপর নির্ভরতা এখন প্রায় বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। যদিও এতে বৈদেশিক মুদ্রার ওপর চাপ যেমন বাড়ছে, তেমনি ভর্তুকির বোঝাও ক্রমেই ভারী হচ্ছে। এ প্রসঙ্গে ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এখন যে জ্বালানি সংকট চলছে, সেটা শুধু এলএনজি আমাদানির মাধ্যমে সমাধা করা সম্ভব হবে না। এলএনজি এখন লাইভ সেভিং ড্রাগের মতো কাজ করছে। তাই দেশের জ্বালানি খাতকে বাঁচাতে হলে এখন থেকেই বিকল্প ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিতে হবে। তা না হলে এই সংকট থেকে বের হওয়া সম্ভব হবে না।’ 

এ প্রসঙ্গে জানতে চাইলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব ও মুখপাত্র মনির হোসেন চৌধুরী গতকাল বলেন, ‘সরকার বিপুল পরিমাণ ভর্তুকি দিলেও সংকট মোকাবিলার চেষ্টা করে চলেছে। এই মুহূর্তে শুধু ডিজেলে লিটারে ৫০ টাকার ওপর ভর্তুকি দেওয়া হচ্ছে। এ ছাড়া মধ্যপ্রাচ্যের সংকটের পর থেকে সরকার জিটুজির বিকল্প হিসেবে স্পর্ট মার্কেট থেকে অতিরিক্ত দামে এলএনজি কিনতে বাধ্য হচ্ছে। জনগণের কথা বিবেচনায় নিয়ে সরকার ‍বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে হলেও সংকট সামাল দিচ্ছে। গত চার মাসে ২১ হাজার কোটি টাকার বেশি ভর্তুকি দিয়েছে জ্বালানি সেক্টরে। এসব বিষয় বিবেচনায় নিয়ে জ্বালানি নিরাপত্তা তৈরি করতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরি করছে। সে অনুযায়ী কাজও শুরু হয়েছে।’

এদিকে গত ২১ জুলাই আগুনে এক্সিলারেটের টার্মিনালের বৈদ্যুতিক কেবল ক্ষতিগ্রস্ত হলে সেখান থেকে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এ সময় নতুন করে গ্যাসের চরম সংকটের মধ্যে পড়ে পুরো দেশ। দুই সপ্তাহের বেশি সময় পর ৬ আগস্ট টার্মিনালটি আংশিক চালু হয়। পরে কারিগরি সমস্যা ও কার্গোর স্বল্পতায় সেখানকার সরবরাহ কয়েক দফা ওঠানামা করে। এর মধ্যে তিন দিন বন্ধ থাকার পর গত শনিবার দুপুর থেকে মহেশখালীর এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে আবার জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। ওইদিন দুপুরে নতুন একটি এলএনজি কার্গো ভিড়েছে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি পরিচালিত এ টার্মিনালে। বর্তমানে দুটি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ হলেও এখনও তা পূর্ণ সক্ষমতায় ফিরতে পারেনি। ফলে চলমান গ্যাস সংকট থেকে পুরোপুরি বের হওয়া সম্ভব হয়নি। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা