বিবিসি বাংলা
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ২১:৪৫ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: বিবিসি বাংলা
ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, এমন প্রশ্নে ক্ষোভ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, ‘কে নিউজ করছে? কার এত জ্বালা যে কাজ করতে দেবে না?’
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রতিমন্ত্রীর নাগরিকত্ব নিয়ে ওঠা আলোচনা ও সংবাদের বিষয়ে তার বক্তব্য জানতে চেয়েছিলেন সাংবাদিকেরা।
জবাবে হুমায়ুন কবির বলেন, “আমি তো সিটিজেন নিয়ে আছি, আপনি বলেন নেটিজেন! মানে কোন নেটিজেন? আমি তো সিটিজেন নিয়ে আছি, কাজ করি। আপনি বলেন নেটিজেন! তো মানে কোন নিউজপেপার? কার এত জ্বালা যে মানে কাজ করতে দেবে না, হ্যাঁ? তো তার জ্বালা কেন হচ্ছে? ২০০৮-এর জ্বালা উঠছে নাকি আবার? মইনউদ্দিন -ফখরুদ্দীনের জ্বালা উঠছে তার আবার? নাকি?”
তিনি আরও বলেন, “আমি বাংলাদেশি। এখানে তো বাংলাদেশের মিনিস্টারের... বাংলাদেশি। আমি মনে করি না এমন কেউ আছে, যে আমার বাংলাদেশিজম বা আমার অবস্থান নিয়ে প্রশ্ন করবে। মানে, এখানে এসে বাংলাদেশের জন্য কাজ তো কোনো সুবিধাবাদী লোক আর করবে না।”
হুমায়ুন কবির বলেন, “দেশের পক্ষে জোরালো অবস্থান নেওয়াসহ দেশপ্রেমিক মানুষ যারা আছি, দেশের পক্ষে যারা আছি, সমস্ত মিডিয়া-দেশবাসী-রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছি...সবাই মিলে এই দেশকে এগিয়ে নিয়ে যাবো।”
এ সময় মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হতে চাওয়া প্রসঙ্গেও তিনি বলেন, “মক্কা বাংলাদেশের হৃদয়ে, মানুষের হৃদয়ে। তো মানে ওখানে...মিডিল ইস্টে একটা...মানে যদি ইসলামিক নেশনসদের মধ্যে একটা সিকিউরিটি প্যাক্টও হয়, তাহলে ওখানে তো আর অস্বাভাবিক না যাওয়া। দেখা যাক কি হয়।”