প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ২১:১০ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ আয়োজিত এক সেমিনারে রবি সমাপনী বক্তব্য দেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। ছবি: আইএসপিআর
রোহিঙ্গা সংকটকে শুধু মানবিক বিষয় হিসেবে না দেখে জাতীয় নিরাপত্তা, কূটনৈতিক দ্বন্দ্ব ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ক্রমবর্ধমান হুমকি হিসেবে বিবেচনা করার কথা বলেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ আয়োজিত এক সেমিনারে সমাপনী বক্তব্যে রবিবার তিনি এ কথা বলেন।
প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, পরিকল্পনাহীনভাবে নেওয়া রোহিঙ্গাদের দায় গত নয় বছরে বাংলাদেশের জন্য ক্রমেই বড় বোঝায় পরিণত হয়েছে। কক্সবাজার ও ভাসানচরের ৩৩টি ক্যাম্পে থাকা প্রায় ১১ লাখ ৮০ হাজার রোহিঙ্গার নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
তার বক্তব্য অনুযায়ী, ক্যাম্পগুলোতে ছয় থেকে ১১টি সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে। ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচারও অব্যাহত রয়েছে। ২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের ঘিরে দুই হাজারের বেশি মামলা হয়েছে। একই সঙ্গে ক্যাম্পে জনসংখ্যা বৃদ্ধির হারও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
রাখাইন রাজ্যের পরিস্থিতি তুলে ধরে ড. এ কে এম শামছুল ইসলাম বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের প্রায় ৯০ শতাংশ এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর বলেও মন্তব্য করেন তিনি।
রোহিঙ্গা সংকট সমাধানে অতীতের অভিজ্ঞতা তুলে ধরে প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, ১৯৭৮ সালের রোহিঙ্গা আগমন ও নব্বইয়ের দশকের শুরুর দিকের সংকট নিরবচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে প্রত্যাবাসনের মধ্য দিয়ে সমাধান হয়েছিল।
তার মতে, ধৈর্য ও কৌশলগত দৃঢ়তার সঙ্গে পরিচালিত কূটনীতি ফল বয়ে আনতে পারে।
এ ছাড়া বর্তমান সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে রোহিঙ্গা ইস্যুতে কাজ করছে জানিয়ে তিনি বলেন, মানবিক দায়বদ্ধতা, জাতীয় স্বার্থ ও নিরবচ্ছিন্ন কূটনৈতিক সম্পৃক্ততার সমন্বয়েই সংকট মোকাবিলা করা হচ্ছে।
এ জন্য সরকারের ছয়টি কৌশলগত পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। এগুলো হলো—জাতিসংঘ, আসিয়ান, ওআইসি, চীন, ভারতসহ গুরুত্বপূর্ণ অংশীজনের মাধ্যমে রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা; চীন ও ভারতের মধ্যে কৌশলগত ভারসাম্য বজায় রাখা; মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সঙ্গে পৃথকভাবে যোগাযোগ রাখা; রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা জোরদার করা; পূর্ব সীমান্তে বিশ্বাসযোগ্য প্রতিরোধ সক্ষমতা গড়ে তোলা এবং আসিয়ান ও ওআইসিকে যুক্ত করে আঞ্চলিক কাঠামো গঠনে নেতৃত্ব দেওয়া।
মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক ঘোষণার বিষয়েও কথা বলেন প্রতিরক্ষা উপদেষ্টা। তিনি বলেন, ১৫ আগস্ট মিয়ানমার তিন লাখ ৮ হাজার ৭৯৭ জন রোহিঙ্গাকে প্রত্যাবাসনযোগ্য হিসেবে যাচাইয়ের ঘোষণা দিয়েছে।
তার মূল্যায়ন, এই ঘোষণা প্রকৃত প্রত্যাবাসনের আন্তরিকতার চেয়ে আন্তর্জাতিক চাপ কমানো ও আন্তর্জাতিক আদালতে চলমান গণহত্যার মামলা মোকাবিলার কৌশলগত পদক্ষেপ হতে পারে।
সমাপনী বক্তব্যে প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো প্রত্যাবাসন। ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে মানবিক বিবেচনার পাশাপাশি নিরাপত্তা সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার এ সংকট মোকাবিলায় দৃঢ়প্রতিজ্ঞ।