প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ২০:১৮ পিএম
রাস্তার পাশে দাড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স। ছবি: এআই দিয়ে সম্পাদিত
সড়ক দুর্ঘটনায় তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, ৪০টি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স এবং হাইওয়ে পুলিশের জন্য ৮০টি টহল মোটরসাইকেল চালু করা হয়েছে।
রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে এসব সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত সড়ক নিরাপত্তা প্রকল্পের (বিআরএসপি) আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রথম বহুখাতভিত্তিক ও ‘সেফ সিস্টেম অ্যাপ্রোচ’ভিত্তিক প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও স্বাস্থ্য অধিদপ্তর।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, দেশের মহাসড়কে দুর্ঘটনা কমানো এবং দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
প্রকল্পের আওতায় ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স জয়দেবপুর-হাটিকুমরুল-বগুড়া-রংপুর, হাটিকুমরুল-নাটোর-রাজশাহী এবং জয়দেবপুর-ময়মনসিংহ জাতীয় মহাসড়কের মোট ৫০০ কিলোমিটার অংশে মোতায়েন করা হবে। পরিকল্পনা অনুযায়ী প্রতি ১০ কিলোমিটার পরপর একটি করে অ্যাম্বুলেন্স রাখা হবে। এতে দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে জরুরি চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে রাজধানীতে দুর্ঘটনার পর দ্রুত আহতদের হাসপাতালে নিতে ৪০টি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। যানজটের কারণে সাধারণ অ্যাম্বুলেন্স অনেক সময় দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে না। এ অবস্থায় মোটরসাইকেল অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের প্রাথমিক চিকিৎসা ও সহায়তা দেওয়ার পাশাপাশি হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ ছাড়া মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার ও দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশের জন্য ৮০টি টহল মোটরসাইকেল দেওয়া হয়েছে। এসব মোটরসাইকেলের মাধ্যমে মহাসড়কে পুলিশের টহল কার্যক্রম আরও গতিশীল হবে এবং দুর্ঘটনাপ্রবণ এলাকায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।