বিবিসি বাংলা
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ১৮:৪০ পিএম
চার মাসের বেশি সময় ধরে নিখোঁজ মোংলার জেলে মিরাজ শেখ। ছবি: বিবিসি বাংলা
বাগেরহাটের মোংলার নিখোঁজ মিরাজ শেখকে আটক, হেফাজতে নেওয়া বা গুম করার অভিযোগ অস্বীকার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার বাহিনীটি জানিয়েছে, তাদের অভ্যন্তরীণ অনুসন্ধানে মিরাজ শেখকে আটক বা জিজ্ঞাসাবাদ করার কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।
এর আগে সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মিরাজ শেখের পরিবার এবং মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) অভিযোগ করে যে গত ১০ এপ্রিল মোংলার জয়মনি এলাকা থেকে সাদা পোশাকে থাকা দুই কোস্ট গার্ড সদস্য মিরাজকে তুলে নিয়ে যান।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোস্ট গার্ড জানায়, তারা সংশ্লিষ্ট ইউনিটের অপারেশনাল রেকর্ড, টহল কার্যক্রম ও দায়িত্বপ্রাপ্ত সদস্যদের উপস্থিতিসহ বিভিন্ন তথ্য যাচাই করেছে। অনুসন্ধানে দেখা গেছে, গত ১০ এপ্রিল জয়মনির ঘোল এলাকায় কোস্ট গার্ডের কোনো বিশেষ অভিযান ছিল না। সেদিন শুধুমাত্র হারবারিয়া ইকো ট্যুরিজম এলাকায় নিয়মিত টহল পরিচালিত হয়েছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মিরাজ শেখ নিখোঁজ হওয়ার ১৩ দিন পর পরিবারের পক্ষ থেকে যে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল, সেখানেও কোস্ট গার্ড বা অন্য কোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে তাকে আটক বা গুম করার কোনো অভিযোগ ছিল না।
কোস্ট গার্ডের দাবি, স্থানীয় বিভিন্ন সূত্র থেকে তারা জানতে পেরেছে যে মিরাজ শেখ সুন্দরবনকেন্দ্রিক বনদস্যু চক্রের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বনদস্যু চক্রের মুক্তিপণ ও চাঁদার প্রায় ছয় লাখ টাকা আত্মসাতের ঘটনাকে কেন্দ্র করে দস্যু বাহিনীর অভ্যন্তরীণ বিরোধের জেরে এই পরিস্থিতি তৈরি হতে পারে। এ ছাড়া মিরাজ শেখের বিরুদ্ধে তিনটি মামলা চলমান রয়েছে এবং এর মধ্যে দুটি মামলায় তিনি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তার বাবাও আগে একটি বনদস্যু বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
কোস্ট গার্ড অভিযোগ করেছে, কিছু ‘স্বার্থান্বেষী মহল’ রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে মিরাজ শেখের পরিবারকে ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) মাধ্যমে কোস্ট গার্ডের বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে আন্তর্জাতিক মহলে সরকারবিরোধী গুজব ছড়ানো হচ্ছে বলেও দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে বাহিনীটি পুনর্ব্যক্ত করে যে কোস্ট গার্ড সবসময় ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করে এবং তারা কখনও সাদা পোশাকে অভিযান পরিচালনা বা কোনো ধরনের আইনবহির্ভূত কাজে জড়িত হয় না।