× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিরাজ শেখের নিখোঁজ হওয়া ‘গণ-অভ্যুত্থান পরবর্তী প্রথম গুম’

বিবিসি বাংলা

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ১৫:৪৯ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৬ ১৫:৫১ পিএম

মিরাজ শেখের খোঁজ চেয়ে সংবাদ সম্মেলন। ছবি: বিবিসি বাংলা

মিরাজ শেখের খোঁজ চেয়ে সংবাদ সম্মেলন। ছবি: বিবিসি বাংলা

বাগেরহাটের মোংলার জেলে ও মোটরসাইকেল চালক মিরাজ শেখের নিখোঁজ হওয়ার ঘটনাকে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর প্রথম ‘গুমের ঘটনা’ বলে দাবি করেছে মানবাধিকার সংগঠনগুলো। প্রায় সাড়ে চার মাস ধরে নিখোঁজ মিরাজকে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।

জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রবিবার হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও ভুক্তভোগীর পরিবার এই দাবি জানায়।

সংবাদ সম্মেলনে ঘটনার বিবরণ দিয়ে বলা হয়, গত ১০ এপ্রিল সন্ধ্যায় মোংলার জয়মনি এলাকা থেকে সাদা পোশাকে থাকা দুই কোস্ট গার্ড সদস্য মিরাজকে তুলে নিয়ে যান। তাকে প্রায় ১০০ থেকে ১৫০ গজ দূরে অবস্থিত হারবারিয়া কোস্ট গার্ড স্টেশনের পন্টুনে নেওয়া হয়। এর কিছু সময় পর মোংলার দিক থেকে আসা অন্য একটি স্পিডবোটে ইউনিফর্ম পরিহিত আরও ৭-৮ জন কোস্ট গার্ড সদস্য সেখানে উপস্থিত হন। তারা মিরাজের ছবি ও ভিডিও ধারণ করে তাকে নিজেদের সঙ্গে নিয়ে চলে যান। এই পুরো ঘটনাটি মিরাজের স্ত্রী ও স্থানীয় গ্রামবাসীদের সামনেই ঘটেছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

ঘটনার পর পরিবারের সদস্যরা কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করলে প্রথম দিকে মিরাজ তাদের হেফাজতে থাকার কথা জানানো হলেও পরে আটকের বিষয়টি অস্বীকার করা হয় বলে অভিযোগ পরিবারের।

এ ঘটনায় গত ২৩শে এপ্রিল মোংলা থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবার। পরে মিরাজের সন্ধান চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১২ই জুলাই হাইকোর্ট কোস্ট গার্ডকে ১৫ কার্যদিবসের মধ্যে মিরাজকে খুঁজে বের করে আদালতে হাজির করার নির্দেশ দেয়। তবে এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে মিরাজকে দ্রুত খুঁজে বের করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা