× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তরাঞ্চলে সার সংকট কেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ২২:২০ পিএম

কৃষি জমিতে সার দিচ্ছেন কৃষক। প্রতীকী ছবি

কৃষি জমিতে সার দিচ্ছেন কৃষক। প্রতীকী ছবি

দেশে আমন মৌসুমের ব্যস্ত সময়ে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সারের সংকট নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। কোথাও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ ওঠেছে। কোথাও আবার বরাদ্দ থাকা সত্ত্বেও ডিলারের গুদামে সার পৌঁছাচ্ছে না। ফলে কৃষকের কাছে সার বিক্রি না হওয়ারও অভিযোগ রয়েছে। 

তবে কৃষি মন্ত্রণালয়ের হিসাবে জাতীয় পর্যায়ে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি— এই চার ধরনের সারের মজুত সন্তোষজনক। জেলাগুলোতে চাহিদা অনুযায়ী বরাদ্দও দেওয়া হয়েছে। সেপ্টেম্বরের বরাদ্দও দেওয়া হয়েছে। বরাদ্দের পরও কেন মাঠপর্যায়ে সমস্যা হচ্ছে, তা খতিয়ে দেখতে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বরাদ্দ থাকলেও সার তুলছেন না কিছু ডিলাররা  

কৃষি মন্ত্রণালয় বলছে, শুধু পঞ্চগড় ছাড়া উত্তরাঞ্চলের বাকি ১৫ জেলায় কিছু ডিলার বরাদ্দ পাওয়ার পরও সার উত্তোলন করছেন না। এতে স্থানীয় পর্যায়ে কৃত্রিম সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসন ও জেলা সার-বীজ মনিটরিং কমিটিকে ব্যবস্থা নিতে বলেছে মন্ত্রণালয়। সার ব্যবস্থাপনায় জেলা পর্যায়ে নজরদারিতে গাফিলতির অভিযোগে রাজশাহী, জয়পুরহাট ও মেহেরপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকদের স্ট্যান্ড রিলিজ করে ওএসডি করা হয়েছে। এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নেতৃত্বে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের সার ব্যবস্থাপনা মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। কমিটির কাজ হবে সার উত্তোলন, মজুত, পরিবহন ও কৃষক পর্যায়ে বিক্রির পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করা।

এ প্রসঙ্গে কৃষি সচিব মো. সেলিম খান বলেছেন, দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে এবং কৃষকের সার কৃষকই পাবেন। তার ভাষ্য অনুযায়ী, সার নিয়ে কারসাজি, মজুতদারি কিংবা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা বরদাশত করা হবে না।

বরাদ্দ ও সরবরাহে ঘাটতি নেই 

রাজশাহী জেলার কয়েক বছরের তথ্য বিশ্লেষণেও বড় ধরনের বরাদ্দ ঘাটতির চিত্র পাওয়া যায় না। শুধু মজুত নয়, মাঠপর্যায়ে সার বিতরণও চলছে। ১৮ আগস্ট পর্যন্ত চার ধরনের সারের মোট বিতরণ প্রায় ৭ দশমিক ২৯ লাখ টন। সেপ্টেম্বর মাসের জন্যও আগাম বরাদ্দ দেওয়া হয়েছে।

ডিলারদের সতর্কবার্তা 

সরকারের কঠোর অবস্থানের পর বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন ডিলারদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে। বার্তায় সরকার নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা, সার উত্তোলন, আগমনী বার্তা ও বিক্রয় রেজিস্টার সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি না করার জন্য ডিলারদের সতর্ক করা হয়েছে। 

ডিলারদের নিজ নিজ গুদামে সার মজুত নিশ্চিত করে কৃষকের কাছে নির্ধারিত মূল্যে বিক্রি করতে বলা হয়েছে। সার গুদামে পৌঁছানোর পর উপজেলা কৃষি কর্মকর্তাকে জানানো এবং কৃষক পর্যায়ে বিক্রির সময় রেজিস্টারে তথ্য সংরক্ষণের নির্দেশও দেওয়া হয়েছে। নীতিমালার বাইরে কিছু ঘটলে স্থানীয় প্রশাসন ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নিতে পারে।

আমন মৌসুমে উদ্বেগ কেন  

সারের সংকট নিয়ে উদ্বেগের সময়টিও গুরুত্বপূর্ণ। এখন আমন মৌসুম। দেশের খাদ্যনিরাপত্তার সঙ্গে এই মৌসুমের উৎপাদন সরাসরি সম্পর্কিত। এর আগে অতিবৃষ্টি ও বন্যায় চট্টগ্রাম, সিলেট ও উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় আমনের বীজতলা ও চারা ক্ষতিগ্রস্ত হয়েছে। বোরো মৌসুমেও বৈরী আবহাওয়া ও ডিজেল-সংকটের কারণে উৎপাদন নিয়ে উদ্বেগ ছিল। এই পরিস্থিতিতে আমন মৌসুমে সারের সরবরাহে সামান্য বিঘ্নও কৃষকদের মধ্যে বড় ধরনের আতঙ্ক সৃষ্টি করতে পারে। আতঙ্ক সৃষ্টি হলে কৃষকরা প্রয়োজনের তুলনায় আরও বেশি সার কিনতে চাইতে পারেন। এতে বাজারে কৃত্রিম চাপ বাড়তে পারে। 

কৃষি বিশেষজ্ঞরা বলছেন, শুধু জাতীয় গুদামে কত টন সার আছে, সেই হিসাব দিয়ে পরিস্থিতি বিচার করলে হবে না। কোন জেলায় কত বরাদ্দ দেওয়া হয়েছে, কত সার উত্তোলন হয়েছে, ডিলারের গুদামে কী পরিমাণ সার আছে এবং প্রতিদিন কতটুকু কৃষকের কাছে বিক্রি হচ্ছে— এ চার তথ্য নিয়মিত প্রকাশ করা এখন গুরুত্বপূর্ণ। সারের সংকটের চেয়ে বড় হয়ে উঠছে আস্থার প্রশ্ন। সরকার ইতোমধ্যে মনিটরিং কমিটি করেছে, কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে এবং ডিলারদের সতর্ক করেছে। এখন প্রয়োজন এসব পদক্ষেপের ফল মাঠপর্যায়ে দৃশ্যমান করা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা