বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ২১:৫৬ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৬ ২১:৫৮ পিএম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো। ফাইল ছবি
বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশন ও দূতাবাসগুলোতে শিক্ষা কূটনীতি সেবা চালু এবং নারী শ্রমিকদের জন্য বিশেষ জরুরি হটলাইন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে রবিবার এ প্রস্তাব করা হলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এতে সম্মতি জানান।
কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে অবৈধ অভিবাসন প্রতিরোধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় নিয়ে পরবর্তী বৈঠকে বিস্তারিত আলোচনা করার সিদ্ধান্ত হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরসহ পররাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের অর্জন ও সক্রিয় অংশগ্রহণকে সরকারের প্রতি আন্তর্জাতিক আস্থার বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করা হয়।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো, কার্যপরিধি ও চলমান কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। গত ছয় মাসের কার্যক্রম ও অর্জন পর্যালোচনার পাশাপাশি আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনাও উপস্থাপন করা হয়। এ সময় কমিটির সদস্যরা মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত ও ফলপ্রসূ করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও পরামর্শ দেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় কমিটির পক্ষ থেকে তাকে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব গ্রহণের সিদ্ধান্ত হয়।
বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, মো. আমানউল্লাহ আমান, হুমাম কাদের চৌধুরী, এসকে আজিজুল বারী, সাঈদ আল নোমান, এবিএম মোশাররফ হোসেন, সানজিদা ইসলাম, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও আতিকুর রহমান মোজাহিদ অংশগ্রহণ করেন। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।