× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই দেশের স্বার্থের সমন্বয়ে সম্পর্ক স্বাভাবিক হবে: জয়শঙ্কর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ২১:৫৫ পিএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৬ ২২:০১ পিএম

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: ফেসবুক থেকে

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: ফেসবুক থেকে

বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান টানাপড়েনের মধ্যেই দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে পারস্পরিক স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

তিনি বলেছেন, “একটি সম্পর্ক তখনই ভালোভাবে কাজ করে, যখন উভয় পক্ষের স্বার্থ বিবেচনা করে একটি ‘অভিন্ন জায়গা’ বা সমঝোতার ক্ষেত্র খুঁজে বের করা যায়”।

ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে শনিবার বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন জয়শঙ্কর। 

তবে বাংলাদেশের পক্ষ থেকে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রশ্ন করা হলে জয়শঙ্কর সরাসরি কোনো মন্তব্য করতে চাননি।

দুই দেশের সম্পর্ক নিয়ে জয়শঙ্কর বলেন, “কোনো সম্পর্ক কার্যকর রাখতে হলে সেটি দুই দেশের জন্যই কিছুটা উপকারী হতে হবে। একটি দেশ শুধু নিজের স্বার্থ অনুযায়ী প্রতিবেশী দেশের কাছ থেকে সবকিছু আশা করতে পারে না। একইভাবে অন্য পক্ষের স্বার্থকেও সম্মান করতে হবে। দুই পক্ষ যখন এমন একটি জায়গায় পৌঁছাতে পারে, যেখানে উভয়ের স্বার্থের সমন্বয় হয়, তখনই সম্পর্ক স্বাভাবিকভাবে এগিয়ে যায়। এই ‘কমন গ্রাউন্ড’ বা অভিন্ন জায়গাই দুই দেশের সম্পর্ককে মসৃণভাবে এগিয়ে নেওয়ার ভিত্তি”।

উল্লেখ্য, বাংলাদেশ শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে। বাংলাদেশে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগে বিচারও হয়েছে। এ বিষয়টি দুই দেশের কূটনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে সফর নিয়ে আলোচনা চললেও চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি এখনও। এমন পরিস্থিতিতে জয়শঙ্করের বক্তব্যকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ভারতের সাধারণ কূটনৈতিক অবস্থান হিসেবে দেখছেন কূটনীতি বিশ্লেষকরা। 


ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে জয়শঙ্কর আরও বলেন, “প্রতিবেশীদের কাছ থেকে ভারত শুধু নিজের স্বার্থ অনুযায়ী আচরণ প্রত্যাশা করে না। অন্য দেশের স্বার্থকেও ভারতকে বিবেচনা করতে হবে। অর্থাৎ দ্বিপক্ষীয় সম্পর্কের সমস্যাগুলো সমাধানে একতরফা অবস্থানের পরিবর্তে দুপক্ষের স্বার্থের মধ্যে সমন্বয় খোঁজার ওপর গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি”।

বাংলাদেশ-ভারত সম্পর্কের পাশাপাশি বর্তমান বৈশ্বিক পরিস্থিতি নিয়েও কথা বলেন জয়শঙ্কর। তিনি বলেন, “বর্তমান বিশ্বে সংঘাত, প্রতিযোগিতা ও অর্থনৈতিক অনিশ্চয়তা বেড়েছে। তাই ঝুঁকি কমানো বা ‘ডি-রিস্কিং’ এখন গুরুত্বপূর্ণ কৌশল হওয়া উচিত। তার মতে, কোনো একটি দেশ বা উৎসের ওপর অতিরিক্ত নির্ভরশীল না থেকে বিভিন্ন দেশ ও উৎসের সঙ্গে সম্পর্ক তৈরি করা প্রয়োজন। এতে সরবরাহ ব্যবস্থা বা অর্থনীতিতে কোনো একটি জায়গায় সমস্যা দেখা দিলে তার প্রভাব কমানো সম্ভব হবে”।

বিশেষ করে জ্বালানি, সার ও আন্তর্জাতিক নৌপথের বাজারে সাম্প্রতিক অস্থিরতার কথা তুলে ধরেন তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে শুধু কম খরচের দিকে নজর দিলে হবে না; ভবিষ্যতের ঝুঁকিও বিবেচনায় রাখতে হবে”।

চীনের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়েও বক্তব্য দেন জয়শঙ্কর। তিনি বলেন, “২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে সীমান্ত পরিস্থিতির কারণে দুই দেশের সম্পর্কে বড় ধরনের টানাপড়েন তৈরি হয়েছিল”।


সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা দুই দেশের ভালো সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

গঙ্গা চুক্তিতে বিহারের স্বার্থ বিবেচনা করা হবে- বলছে দিল্লি

এদিকে গঙ্গার পানি ভাগাভাগি নিয়ে পুরনো প্রশ্নের সঙ্গে এবার যুক্ত হচ্ছে বিহারের নতুন দাবি। বাংলাদেশ-ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের সময় বিহারের স্বার্থও বিবেচনায় নেওয়া হবে- এমন আশ্বাস দিয়েছেন এস জয়শঙ্কর। বিহারের উপমুখ্যমন্ত্রী ও পানিসম্পদমন্ত্রী বিজয় কুমার চৌধুরী শনিবার এ তথ্য জানিয়েছেন।

চলতি বছরের শেষ দিকে ভারত-বাংলাদেশের গঙ্গা পানিবণ্টন চুক্তির নবায়ন প্রক্রিয়া শুরু হওয়ার কথা। গত শুক্রবার নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার চৌধুরী এবং জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) সাংসদ সঞ্জয় কুমার ঝা। বৈঠকে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং পররাষ্ট্র, জলশক্তি ও অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা