প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১৫:৪১ পিএম
খাদ্য মন্ত্রণালয়ে প্রথম কার্যদিবসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় রবিবার কথা বলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। ছবি: পিআইডি
দৃশ্যমান পরিবর্তনের মাধ্যমে খাদ্য মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত খাদ্যমন্ত্রী আফরোজা খানম। এই লক্ষ্য অর্জনে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, দক্ষতা, নিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
খাদ্য মন্ত্রণালয়ে প্রথম কার্যদিবসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় রবিবার মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মন্ত্রীকে খাদ্য মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম, চলমান কর্মসূচি, খাদ্যশস্য সংগ্রহ, মজুত ও সরবরাহ ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়। প্রেজেন্টেশনে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষকের কাছ থেকে খাদ্যশস্য সংগ্রহ এবং ভোক্তাদের কাছে খাদ্য পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, “সরকারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে খাদ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সরকারি খাদ্য কর্মসূচিগুলো আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধবভাবে বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার পাশাপাশি জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
আফরোজা খানম বলেন, খাদ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সরকারি খাদ্য কর্মসূচির সুফল যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, তা নিশ্চিত করতে হবে। খাদ্য সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণের প্রতিটি পর্যায়ে দক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
খাদ্যমন্ত্রী এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার প্রতি প্রধানমন্ত্রীর আস্থার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভিশন ও সরকারের অঙ্গীকার বাস্তবায়নে খাদ্য মন্ত্রণালয়কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ জন্য মন্ত্রণালয়ের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে ঐক্যবদ্ধভাবে, সমন্বিত প্রচেষ্টায় এবং নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।