প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১৪:৫৪ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৬ ১৮:৩১ পিএম
দেশের রপ্তানি বাজারে কৃষিপণ্য সবচেয়ে বেশি সম্ভাবনাময় পণ্য হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের রপ্তানি বাজারে কৃষিপণ্য সবচেয়ে বেশি সম্ভাবনাময় পণ্য হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
তিনি বলেন, দেশের ঐতিহ্যবাহী অনেক পণ্য হারিয়ে যাচ্ছে, যার মধ্যে ব্ল্যাক বেঙ্গল ছাগল অন্যতম। বাংলাদেশকে অর্গানিক ফুড রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার এগোচ্ছে।
অ্যাকুয়াকালচার নলেজ ডে-২০২৬ উপলক্ষে রবিবার সকালে ঢাকার বনানীর হোটেল সারিনায় ফিসটেক বিডি লিমিটেড আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।
ফিশটেক বিডি লিমিটেডের চেয়ারম্যান খন্দকার ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. খালেদ কনক।
এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের ডেপুটি হেড অব মিশন জন্না ভ্যান ডের লিন্ডেন।
মানসম্মত উৎপাদনেই রপ্তানির সম্ভাবনা
মন্ত্রী বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কৃষির সঙ্গে যুক্ত বিপুল জনগোষ্ঠীর কাজকে গুরুত্ব দিলেই অর্থনীতি আরও শক্তিশালী হবে। নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রপ্তানির জন্যও উৎপাদন বাড়াতে হবে। তবে রপ্তানির ক্ষেত্রে কৃষিপণ্যের গুণগত মান নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, পেস্টিসাইড মাটি, পানি, পরিবেশ ও মানুষের জন্য ক্ষতিকর। তাই প্রাকৃতিকভাবে চাষাবাদে গবেষণা বাড়াতে হবে এবং উৎপাদন বাড়াতে গিয়ে মানের সঙ্গে আপস করা যাবে না। খাদ্যে ক্ষতিকর উপাদান ও হেভিমেটাল দূষণের উৎস খুঁজে বের করতে সরকার কাজ করছে। এ জন্য উপরিস্থ পানি ব্যবহারের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, কৃষি ও মৎস্য খাতে উদ্যোক্তাদের সহযোগিতায় সরকার এগিয়ে আসছে। আন্তর্জাতিক বাজার রয়েছে এমন পণ্য নিয়ে গবেষণার পাশাপাশি কম জায়গায় বেশি উৎপাদনের দিকেও নজর দিতে হবে।
হ্যাচারিতে বাড়বে কাঁকড়ার উৎপাদন
তিনি বলেন, হ্যাচারিতে কাঁকড়ার উৎপাদন বাড়ানো প্রয়োজন। প্রাকৃতিকভাবে ডিম সংগ্রহের তুলনায় হ্যাচারিতে ডিম ফোটালে উৎপাদন বাড়ানো সম্ভব, আর বিশ্বব্যাপী কাঁকড়ার বাজার রয়েছে।
মূল প্রবন্ধে মো. নাজমুল ইসলাম বলেন, তারা ২ কোটি গলদা চিংড়ির পোনা সরবরাহ করেছেন, যার মাধ্যমে ৫০ হাজার মানুষ মাছ চাষের সঙ্গে যুক্ত হয়েছেন।