যাত্রা শুরু করেছে নতুন সংস্থা ইনভেস্ট বাংলাদেশ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষকে (পিপিপিএ) একীভূত করে সরকার গঠন করেছে নতুন সংস্থা ইনভেস্ট বাংলাদেশ।
ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬-এর আওতায় গেজেট প্রকাশের পর রবিবার প্রথম কর্মদিবসেই আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে সংস্থাটি।
কার্যক্রম শুরুর পাশাপাশি প্রকাশ করা হয়েছে এর নতুন ব্র্যান্ড পরিচয়ও।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন নতুন এই সংস্থাকে দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। তিনটি পৃথক প্রতিষ্ঠানের সক্ষমতাকে একত্র করে একটি সমন্বিত জাতীয় বিনিয়োগ প্ল্যাটফর্ম তৈরিই এর মূল উদ্দেশ্য।
বিনিয়োগ সহায়তা, নীতি সমন্বয়, অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের কার্যক্রম এখন একই প্রতিষ্ঠানের আওতায় আসছে। ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা দেশের বিভিন্ন অঞ্চলে বিনিয়োগের সুযোগ ও সংশ্লিষ্ট সরকারি সেবার জন্য এক জায়গা থেকে সহায়তা পাবেন।
ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, শুধু তিনটি প্রতিষ্ঠানকে একীভূত করাই এই উদ্যোগের উদ্দেশ্য নয়; বরং বিনিয়োগকারীকে কেন্দ্রে রেখে সরকারের কার্যক্রমকে আরও কার্যকর ও সমন্বিত করাই এর লক্ষ্য।
পূর্ববর্তী প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা ও অর্জনকে কাজে লাগিয়ে আরও বড় ও শক্তিশালী দল হিসেবে ইনভেস্ট বাংলাদেশ কাজ করবে বলেও জানান তিনি।
নতুন আইনের মাধ্যমে অর্থনৈতিক অঞ্চল, মুক্ত বাণিজ্য অঞ্চল এবং ঘোষিত অন্যান্য শিল্পাঞ্চলকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার সুযোগ তৈরি হয়েছে।
একই সঙ্গে লাইসেন্স, অনুমোদন ও সরকারি সেবা দেওয়ার পদ্ধতি এবং সময়সীমা নির্ধারণ, পিপিপি প্রকল্পের অনুমোদন কাঠামো স্পষ্ট করা এবং ছোট প্রকল্পের অনুমোদন সহজ করার সুযোগ রাখা হয়েছে।
অব্যবহৃত সরকারি জমি, স্থাপনা, শেয়ার ও অন্যান্য স্বত্ব উৎপাদনশীল কাজে ব্যবহারের পাশাপাশি বিনিয়োগ ও ব্যবসাসংক্রান্ত বিভিন্ন সেবা একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে আনার ব্যবস্থাও রাখা হয়েছে।
বিনিয়োগের অনুমোদন প্রক্রিয়া এগিয়ে নেওয়া, উপযুক্ত স্থান খুঁজে দেওয়া এবং ব্যবসা সম্প্রসারণের পথে বাধা দূর করতেও বিনিয়োগকারীদের সহায়তা করবে সংস্থাটি।
নতুন কর্তৃপক্ষ ১৪ দিনের ব্যবসায়িক লাইসেন্স প্রদান কাঠামো কার্যকর করার জন্য কাজ করছে। মার্চে ঘোষিত বিনিয়োগ ও ব্যবসা সহজীকরণের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে ১৮০ দিনের সময়সীমা শেষ হওয়ার আগেই অগ্রগতির একটি প্রতিবেদন প্রকাশ করবে ইনভেস্ট বাংলাদেশ।
বিডা, বেজা ও পিপিপিএর বিদ্যমান সেবাগুলো আগের মতোই চালু থাকবে। নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা সমমানের পদে নতুন সংস্থায় অন্তর্ভুক্ত হবেন এবং তাদের চাকরির ধারাবাহিকতা ও বর্তমান সুযোগ-সুবিধা বহাল থাকবে।
অর্থনৈতিক অঞ্চলগুলো বিনিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পেলেও প্রকল্পের ধরন ও বিনিয়োগকারীর প্রয়োজন অনুযায়ী এসব অঞ্চলের বাইরের প্রকল্পেও সহায়তা দেবে ইনভেস্ট বাংলাদেশ।
একক জানালা পদ্ধতি, ওয়ান-স্টপ সেবা এবং অনলাইন অনুমোদন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য সেবার পথ আরও সহজ ও সমন্বিত করার লক্ষ্য নিয়েই শুরু হলো নতুন এই প্রতিষ্ঠানের যাত্রা।