× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সার সংকট: সরবরাহ নিশ্চিতে কড়া নজরদারি

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১৩:৩৮ পিএম

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে সার নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও দেশে সার সরবরাহ ও মজুদ পরিস্থিতি এখনও সন্তোষজনক বলে দাবি করেছে কৃষি মন্ত্রণালয়।  কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে সার নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও দেশে সার সরবরাহ ও মজুদ পরিস্থিতি এখনও সন্তোষজনক বলে দাবি করেছে কৃষি মন্ত্রণালয়। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে সার নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও দেশে সার সরবরাহ ও মজুদ পরিস্থিতি এখনও সন্তোষজনক বলে দাবি করেছে কৃষি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের হিসাবে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপিÑ এই প্রধান চার ধরনের সারের পর্যাপ্ত মজুদ রয়েছে।

একই সঙ্গে চলতি অর্থবছরের চাহিদা অনুযায়ী বরাদ্দ এবং আগামী সেপ্টেম্বরের জন্যও নতুন করে সার বরাদ্দ দেওয়া হয়েছে। সার নিয়ে কৃত্রিম সংকট তৈরি কিংবা গুজব ছড়িয়ে কৃষকদের বিভ্রান্ত করার সুযোগ নেই বলে মনে করছে সরকার।

তবে মাঠপর্যায়ে বরাদ্দ ও বিতরণ ব্যবস্থায় কোনো ধরনের গাফিলতি হচ্ছে কি না, তা নিয়ে কঠোর অবস্থানে রয়েছে কৃষি মন্ত্রণালয়। সার বিতরণে যথাযথ মনিটরিং না করার অভিযোগে গতকাল শনিবার জয়পুরহাট, রাজশাহী ও মেহেরপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকদের প্রত্যাহার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যেসব ডিলার সার উত্তোলন করেননি, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি কৃষি সচিব মো. সেলিম খান রাজশাহী ও রংপুর বিভাগ সফর করে মাঠপর্যায়ে সার সরবরাহ পরিস্থিতি পরিদর্শন করেন। তিনি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সার সরবরাহ স্বাভাবিক রাখা, মজুদ ও বিতরণব্যবস্থায় নিবিড় নজরদারি এবং কারসাজি বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, উত্তরাঞ্চলে সার নিয়ে সাম্প্রতিক যে উদ্বেগ তৈরি হয়েছে, তার সঙ্গে জাতীয় পর্যায়ের মজুদ পরিস্থিতির সামঞ্জস্য নেই। কোথাও স্থানীয় পর্যায়ে সরবরাহে সমস্যা থাকলে সেটি দ্রুত চিহ্নিত করে সমাধান করাই এখন প্রধান লক্ষ্য।


রাজশাহীতে সারের বরাদ্দ : কৃষি মন্ত্রণালয়ের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, রাজশাহী জেলায় কয়েক বছর ধরেই সারের চাহিদার বিপরীতে বরাদ্দ মোটামুটি সামঞ্জস্যপূর্ণ রয়েছে। ২০২২-২৩ অর্থবছরের জুলাইয়ে রাজশাহীতে ইউরিয়া, টিএসপি, এমওপি ও ডিএপির চাহিদা ছিল ৮ হাজার ১৮৭ টন। বরাদ্দও ছিল সমপরিমাণ। আগস্টে চাহিদা ও বরাদ্দ ছিল ৯ হাজার ৩৭৬ টন। সেপ্টেম্বর মাসে ৮ হাজার ২৫০ টনের চাহিদার বিপরীতে বরাদ্দ দেওয়া হয় ৮ হাজার ৩২৫ টন।

অক্টোবরে চাহিদা ছিল ১২ হাজার ৯৩৮ টন, বিপরীতে বরাদ্দ দেওয়া হয় ১৪ হাজার ৯৩৮ টন। অর্থাৎ চাহিদার চেয়ে ২ হাজার টন বেশি বরাদ্দ ছিল। নভেম্বর মাসে ২২ হাজার ৩৫৩ টনের চাহিদার বিপরীতে সমপরিমাণ বরাদ্দ দেওয়া হয়। ডিসেম্বরে ৭ হাজার ৯১৩ টনের চাহিদার বিপরীতে বরাদ্দ ছিল ২২ হাজার ৯৮৯ টন।

পরবর্তী বছরগুলোতেও চাহিদা ও বরাদ্দের মধ্যে বড় ধরনের ঘাটতির চিত্র পাওয়া যায়নি। ২০২৩-২৪ অর্থবছরের জুলাইয়ে ১৩ হাজার ৯০০ টন চাহিদার বিপরীতে একই পরিমাণ বরাদ্দ দেওয়া হয়। আগস্টে ৯ হাজার ৮৭৪, অক্টোবরে ১৫ হাজার ২২৩ এবং নভেম্বরে ১৬ হাজার ২০৪ টনের চাহিদার বিপরীতে সমপরিমাণ বরাদ্দ ছিল।

২০২৪-২৫ অর্থবছরের জুলাই, আগস্ট, অক্টোবর ও নভেম্বরেও একই ধরনের ধারাবাহিকতা দেখা যায়। জুলাইয়ে চাহিদা ও বরাদ্দ ছিল ১৩ হাজার ৮৩৩ টন। আগস্টে ৯ হাজার ৮০৭ টন, অক্টোবরে ১৫ হাজার ১৫৬ টন এবং নভেম্বরে ২৩ হাজার ৮৮৩ টনের চাহিদার বিপরীতে সমপরিমাণ বরাদ্দ দেওয়া হয়।

২০২৫-২৬ অর্থবছরেও বড় কোনো ঘাটতির চিত্র নেই। জুলাইয়ে ১১ হাজার ৬৫১, আগস্টে ১৩ হাজার ৫৩২, অক্টোবরে ১৫ হাজার ৭৮৯ এবং নভেম্বরে ২৩ হাজার ৯৬৯ টনের চাহিদার বিপরীতে সমপরিমাণ বরাদ্দ ছিল।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রাথমিক তথ্যেও একই প্রবণতা রয়েছে। জুলাইয়ে ১২ হাজার ২৬৯ এবং আগস্টে ১৩ হাজার ৪৯২ টনের চাহিদার বিপরীতে সমপরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে।

জাতীয় মজুদে স্বস্তি : ১৯ আগস্ট পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশে প্রধান চার ধরনের সারের মজুদ ছিল সন্তোষজনক। ইউরিয়ার প্রারম্ভিক মজুদ ছিল ৬ দশমিক ১৪২ লাখ টন। ২০২৫-২৬ অর্থবছরে মজুদ হয়েছে ২৬ দশমিক ২০ লাখ টন। চলতি অর্থবছরে বিসিআইসি ও বিএডিসির মাধ্যমে ইউরিয়ার জন্য যথাক্রমে ৫ দশমিক ১৪৪ ও ৫ দশমিক ১৭৯ লাখ টনের চাহিদা দেখানো হয়েছে।

টিএসপির প্রারম্ভিক মজুদ ছিল ৪ দশমিক ০৯৫ লাখ টন এবং ২০২৫-২৬ অর্থবছরে মজুদ হয়েছে ৭ দশমিক ৫০ লাখ টন। ডিএপির প্রারম্ভিক মজুদ ৪ দশমিক ৫৮৮ লাখ এবং ওই অর্থবছরের মজুদ ১৪ দশমিক ৮৫ লাখ টন। এমওপির প্রারম্ভিক মজদ ছিল ২ দশমিক ৮৪৯ লাখ এবং ২০২৫-২৬ অর্থবছরের মজুদ ৯ দশমিক ৫০ লাখ টন। সারের আকস্মিক সংকট মোকাবিলায় নিরাপত্তা মজুদ রাখার ব্যবস্থাও রয়েছে। ইউরিয়া ৫ লাখ, টিএসপি ৪ লাখ, ডিএপি ৫ লাখ এবং এমওপি ৩ লাখ টন নিরাপত্তা মজুদ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

আগস্টে বিতরণ ৭ লাখ টনের বেশি : মজুদের পাশাপাশি মাঠপর্যায়ে বিতরণও অব্যাহত রয়েছে। ১৮ আগস্ট পর্যন্ত ইউরিয়া বিতরণ হয়েছে ৩ দশমিক ৩৩৮ লাখ টন। টিএসপি ১ দশমিক ১২৯ লাখ, ডিএপি ১ দশমিক ৫৬৩ লাখ এবং এমওপি ১ দশমিক ২৬ লাখ টন বিতরণ হয়েছে। চার ধরনের সারের মোট বিতরণ দাঁড়িয়েছে প্রায় ৭ দশমিক ২৯ লাখ টন। সেপ্টেম্বরেও আগাম বরাদ্দ দেওয়া হয়েছে। ওই মাসে ইউরিয়ার বরাদ্দ ২ দশমিক ২৬৩ লাখ টন, টিএসপি শূন্য দশমিক ৪৮ লাখ এবং এমওপি শূন্য দশমিক ৬৮৭ লাখ টন। ডিএপির জন্যও বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে সেপ্টেম্বরের মোট বরাদ্দ প্রায় ৪ দশমিক ৪৩ লাখ টন।

নজরদারিতে ডিলার : কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সারের বাজারে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সরবরাহ ব্যবস্থার শেষ ধাপটি ঠিক রাখা। কাগজে বরাদ্দ থাকলেও কোনো ডিলার সার উত্তোলন না করলে কিংবা উত্তোলন করা সার যথাযথভাবে বিতরণ না করলে স্থানীয় বাজারে সংকটের অনুভূতি তৈরি হতে পারে। এ কারণেই সার উত্তোলন, মজুদ ও বিতরণের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

কৃষি সচিব মো. সেলিম খান বলেছেন, দেশে পর্যাপ্ত সার মজুদ রয়েছে। কেউ মিথ্যা তথ্যের ভিত্তিতে কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা করলে তাতে কোনো ফায়দা হবে না। সার নিয়ে কারসাজি, মজুদদারি কিংবা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা বরদাশত করা হবে না বলেও মাঠ প্রশাসনকে জানানো হয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা