সিটিটিসির লোগো।
ঢাকায় কয়েকটি বিদেশি দূতাবাসে ই-মেইলে হুমকি দেওয়ার ঘটনায় গুরুত্বের সঙ্গে তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
হুমকির বার্তা পাওয়ার পর সংশ্লিষ্ট দূতাবাসগুলো ডিএমপিকে বিষয়টি জানিয়েছে।
এরই মধ্যে বৃহস্পতিবার বিকালে বারিধারায় দুটি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন সিটিটিসির কর্মকর্তারা।
তারা দূতাবাস কর্তৃপক্ষকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়ে তদন্ত শুরু করেছেন।
সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন শনিবার রাতে একাধিক সংবাদমাধ্যমকে বলেন, একাধিক দূতাবাস ও ব্যক্তিকে পাঠানো ই-মেইল বার্তাগুলো নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তদন্তে এখনও কাউকে শনাক্ত করা না গেলেও প্রাথমিকভাবে এগুলোকে স্ক্যাম ই-মেইল বলে মনে করছে পুলিশ।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, কোনো গোষ্ঠী আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এসব ই-মেইল পাঠিয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।