প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১৮:১৭ পিএম
ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শনিবার দুপুরে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সদ্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. আবদুল মঈন খান। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশের ইতিহাসের এক ক্রান্তিলগ্নে জনগণের ভোটে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের হাল ধরেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সদ্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. আবদুল মঈন খান।
ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শনিবার দুপুরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ড. আবদুল মঈন খান বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরশাসনের পর বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়া এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রধানমন্ত্রী নিজেকে নিয়োজিত করেছেন।
এ ছাড়া মন্ত্রিসভায় নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে তিনি বলেন, ছয় মাস আগে প্রধানমন্ত্রী যে মন্ত্রিসভা গঠন করেছিলেন, সময়ের প্রয়োজনে তাতে সংযোজন করা স্বাভাবিক ও চলমান একটি প্রক্রিয়া। বাংলাদেশের বিভিন্ন সমস্যা ও প্রয়োজন সম্পর্কে প্রধানমন্ত্রী সম্পূর্ণভাবে অবহিত। এসব সমস্যা দূর করে দেশকে আরও গতিশীল রাষ্ট্রে পরিণত করা এবং বিশ্বদরবারে বাংলাদেশের সুনাম পুনঃপ্রতিষ্ঠাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের আরেক ক্রান্তিকালে যখন মানুষ কিংকর্তব্যবিমূঢ়, তখন রাজনৈতিক নেতৃত্বের একটি অংশ নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল। সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন।
নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা বারবার বাধাগ্রস্ত হয়েছে। আর প্রতিবারই বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নেওয়ার জন্য ভূমিকা রেখেছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা তুলে ধরে মঈন খান বলেন, ১৯৮১ সালের পর সংকটময় পরিস্থিতিতে খালেদা জিয়া রাজপথে আপসহীন নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। পরে ১৯৯১ সালে জনগণের ভোটে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
তিনি আরও বলেন, সেই ধারাবাহিকতায় ২০২৬ সালে জনগণের ভোটে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার কাজ এগিয়ে নেওয়া হবে।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী এবং নতুন দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন।