× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একদিন চাল রপ্তানিমুখী দেশ হবে বাংলাদেশ

ফারুক আহমাদ আরিফ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১২:০০ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২৬ ১২:০১ পিএম

ব্রির মহাপরিচালক (রুটিন দায়িত্ব) ড. মো. রফিকুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রির মহাপরিচালক (রুটিন দায়িত্ব) ড. মো. রফিকুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশের প্রধান খাদ্য ভাত। দেশবাসীর এই প্রধান খাদ্যের জোগান ও টেকসই খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে নিরলস কাজ করছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। জলবায়ু পরিবর্তনের বৈরী প্রভাব মোকাবিলা এবং ২০৫০ সালের সম্ভাব্য ২২ কোটি মানুষের খাদ্য চাহিদা পূরণে ব্রির ভবিষ্যৎ পরিকল্পনা, নতুন জাত উদ্ভাবন ইত্যাদি বিষয়ে একান্ত কথা বলেছেন ব্রির মহাপরিচালক (রুটিন দায়িত্ব) ড. মো. রফিকুল ইসলাম। তিনি বলেছেন, একদিন বাংলাদেশ চাল রপ্তানিমুখী দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। সাক্ষাৎকার নিয়েছেন প্রতিদিনের বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক ফারুক আহমাদ আরিফ

প্রতিদিনের বাংলাদেশ: বর্তমানে জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা, খরা, জলাবদ্ধতা ও ক্রমবর্ধমান উৎপাদন ব্যয়ের মতো নানা চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশের ধান উৎপাদন। এসব মোকাবিলায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) কী ধরনের প্রযুক্তি ও জাত উদ্ভাবনে গুরুত্ব দিচ্ছে?

ড. মো. রফিকুল ইসলাম: প্রাকৃতিক দুর্যোগ ও ঘাত মোকাবিলা করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা একটি বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় এবং টেকসই খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ব্রি পুরোপুরি অঙ্গীকারবদ্ধ। আমরা ২০২৫-২৬ অর্থবছরে বেশকিছু নতুন জাত উদ্ভাবন করেছি, যেগুলো বৈরী আবহাওয়া মোকাবিলা করেও ভালো ফলন দেবে। ২০২৫ অর্থবছরে ব্রি-১০৯ জাত অবমুক্ত করা হয়েছে। এটি দক্ষিণাঞ্চলের জোয়ার-ভাটায় বিশেষত বরিশাল অঞ্চলে ভালো ফলন দেবে। আগে সেখানে ব্রি-৪৪ চাষ হতো। ব্রি-১০৯ এর ফলন ব্রি-৪৪ এর চেয়ে হেক্টরে এক টন বেশি হবে। এতে কৃষকের আয় বাড়বে।

জলমগ্নতা ও লবণাক্ততাসহিষ্ণু ব্রি-১১০ জাতটি বিনাধান-২০ এর চেয়ে ২০ শতাংশ বেশি ফলন দেয়। নদীমাতৃক বাংলাদেশে জলমগ্নতার সমস্যা চিরাচরিত। আগের জাতগুলো (ব্রি-৫১, ৫২, ৭৯) যেখানে দুই সপ্তাহ ডুবে থাকতে পারত, ব্রি-১১০ সেখানে তিন সপ্তাহ ডুবে থাকার পরও বেঁচে থাকে এবং আগের জাতগুলোর চেয়ে হেক্টরে এক টন বেশি ফলন দেয়। এছাড়া ব্রি-১১১ জাতটি দেড় মিটার গভীর পানি সহ্য করতে পারে। লবণসহিষ্ণু আমন ধানের জাত ব্রি-১১২ জীবৎকালে কম হলেও ফলন বেশি দেয়। বোরোর জন্য উদ্ভাবিত ব্রি-১১৪ ব্লাস্ট রোগ প্রতিরোধী।

২০২৬ অর্থবছরে অবমুক্ত করা ব্রি-১১৫ একটি ‘ব্ল্যাক রাইস’, যা ভিটামিন ই-সমৃদ্ধ এবং ক্যানসার প্রতিরোধী। প্রচলিত ধানের চেয়ে এতে আড়াই গুণ বেশি ভিটামিন-ই রয়েছে। হাওরাঞ্চলের জন্য বিশেষ জাত ব্রি-১১৮। হাওরে প্রায়ই আগাম বন্যায় ফসলের ক্ষতি হয়। এটি অক্টোবরের শুরুতে চারা করে নভেম্বরের শুরুতে রোপণ করলে এপ্রিলের শুরুতে কাটা যায়। ফলে পাহাড়ি ঢল বা আগাম বন্যায় ফসলের কোনো ক্ষতি হয় না।

প্রতিদিনের বাংলাদেশ: হাওরে শীত, গরম ও বন্যাÑ এই তিন সমস্যাই আছে। এপ্রিলে তাপপ্রবাহ থাকলে এই জাত কি কোনো সমস্যায় পড়বে?

রফিকুল ইসলাম: সাধারণত এপ্রিলে তাপপ্রবাহ ওইভাবে থাকে না। ধানের যখন ফ্লাওয়ারিং হয়, সেই সময়কার তাপমাত্রা খুব গুরুত্বপূর্ণ। তখন দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান যদি টানা তিন দিন ২০ ডিগ্রির নিচে থাকে, তবে ধান চিটা হয়ে ফলন কমে যায়। হাওরের সমস্যা সমাধানে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে।

প্রতিদিনের বাংলাদেশ: ব্রির উদ্ভাবন মাঠপর্যায়ে দ্রুত সম্প্রসারণ করা বড় চ্যালেঞ্জ। আগামী দিনের কর্মপরিকল্পনা কী?

রফিকুল ইসলাম: পার্টনার (প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ) প্রকল্পের মাধ্যমে এসব সমস্যা অনেকটাই সমাধান করা গেছে। আমরা জাত উদ্ভাবন করছি এবং কৃষকেরা বীজ উৎপাদন করছেন। আমাদের কাজ গবেষণা করা আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাজ হলো তা ছড়িয়ে দেওয়া। এখনকার কৃষকরাও উদ্ভাবক, তারা নিজে থেকে উৎসাহী হয়ে নতুন জাত ও প্রযুক্তি গ্রহণ করছেন।

প্রতিদিনের বাংলাদেশ: বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের জমিতে উৎপাদন কম কেন?

রফিকুল ইসলাম: উৎপাদনে আমরা পিছিয়ে নেই। স্বাধীনতার সময় শস্যের নিবিড়তা ছিল ৯৪ ভাগ, বর্তমানে তা ২০০ ভাগের বেশি। অন্যরা বছরে একটি ফসল উৎপাদন করলেও আমরা চারটি করছি। মোট উৎপাদনে আমরা এগিয়ে আছি। গত পাঁচ বছর ধরে ধান উৎপাদনে আমরা বিশ্বে তৃতীয় স্থান ধরে রেখেছি।

প্রতিদিনের বাংলাদেশ: আগামী ৫-১০ বছরে বাংলাদেশের ধান গবেষণা ও উৎপাদনকে কোন পর্যায়ে দেখতে চান? ব্রির সবচেয়ে বড় অগ্রাধিকার কোনটি?

রফিকুল ইসলাম: আমরা ২০৫০ সালের লক্ষ্যমাত্রা সামনে রেখে এগোচ্ছি। তখন দেশের জনসংখ্যা হবে ২২ কোটি ৩০ লাখ। চালের প্রয়োজন হবে ৬ কোটি টন, যেখানে এখন ১৮ কোটির জন্য প্রয়োজন ৪ কোটি টন। সেই লক্ষ্যে আমাদের বছরে হেক্টরপ্রতি ৪৪ কেজি উৎপাদন বাড়াতে হবে।

বোরো-আমনে শস্যের নিবিড়তা বাড়াতে হবে। বোরো ও আমনের অধীনে প্রায় ৪ দশমিক ৩ মিলিয়ন হেক্টর জমি রয়েছে। এর অন্তত ৮০ শতাংশ যদি জাতীয় খাদ্য উৎপাদনে যুক্ত করা যায়, তবে ফলন অনেক বাড়বে। এছাড়াও সিলেট অঞ্চল, দক্ষিণাঞ্চল, যশোর ও পার্বত্য এলাকাগুলোতে প্রায় ১ দশমিক ০৩ মিলিয়ন হেক্টর জমি অব্যবহৃত রয়েছে। সেখানে চাষাবাদ করলে অতিরিক্ত ১ মিলিয়ন টন খাদ্য উৎপাদন সম্ভব। এভাবেই ২০৫০ সাল পর্যন্ত আমাদের একটি আউটলুক ও গবেষণা পরিকল্পনা রয়েছে।

প্রতিদিনের বাংলাদেশ: একই ধরনের ধান কি সব অঞ্চলে হবে নাকি অঞ্চলভিত্তিক গবেষণা করা হবে?

রফিকুল ইসলাম: কিছু জাত সব জায়গায় চাষ করা যায়। তবে কিছু জাতের গুণমান পরিবেশের ওপর নির্ভর করে। যেমনÑ দিনাজপুর অঞ্চলে ফাইন রাইস বা চিকন চালের ফলন সবচেয়ে ভালো হয়। এভাবে অঞ্চলভিত্তিক গবেষণার মাধ্যমে বিভিন্ন জাত নির্দিষ্ট এলাকার জন্য উপযুক্ত করা হয়।

প্রতিদিনের বাংলাদেশ: বিপ্লব জাত বা ব্রি-২৮ ও ২৯ মানুষের মধ্যে যেমন ব্যাপক সাড়া ফেলেছিল, এরপর কি কোনো জাত ততটা প্রভাব ফেলতে পেরেছে?

রফিকুল ইসলাম: ধান গবেষণার প্রথম পর্যায়ে (১৯৭২-৭৯) আমাদের লক্ষ্য ছিল শুধু ফলন বৃদ্ধি করে খাদ্যচাহিদা মেটানো। সেই সময়ে ব্রি-২৮ ও ২৯ সত্যিই একটি বিপ্লব ঘটিয়েছিল। দ্বিতীয় পর্যায়ে ২০২৪ পর্যন্ত আমরা ফলনের সঙ্গে গুণগত মান যুক্ত করেছি। কারণ মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে এবং আমরা রপ্তানির কথা চিন্তা করছি। তৃতীয় পর্যায়ে বা ড্রিমিং জোনে আমরা ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য স্মার্ট প্রযুক্তি এবং হাইব্রিড প্রযুক্তির দিকে এগোচ্ছি।

প্রতিদিনের বাংলাদেশ: কৃষকরা এখন ভারতীয় বা বিভিন্ন হাইব্রিড জাতের দিকে ঝুঁকছেন। আপনারা কি প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন?

রফিকুল ইসলাম: না, আমরা পিছিয়ে নেই। হাইব্রিড উৎপাদনে সাধারণত চীন এগিয়ে রয়েছে। আমাদের দেশের সীমান্ত অরক্ষিত থাকায় অনেকেই সহজে বাইরের জাত নিয়ে আসছেন, যা নৈতিকতার পরিপন্থী। অথচ বিশ্বের ১৪টি দেশে ব্রির ২১ ধরনের জাত সাফল্যের সঙ্গে চাষ হচ্ছে। আমাদের বিপ্লব ধান সারা বিশ্বেই আলোড়ন সৃষ্টি করেছিল। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে আমাদের হাইব্রিডে যেতেই হবে এবং বোরোর মধ্যে ব্রি হাইব্রিড-৮ সবচেয়ে বেশি ফলন দিতে সক্ষম।

প্রতিদিনের বাংলাদেশ: ব্রি কৃষির জন্য যেসব যন্ত্রপাতি উদ্ভাবন করছে, সেগুলো কি ক্লাইমেট স্মার্ট টেকনোলজি?

রফিকুল ইসলাম: কৃষিতে শ্রমিকের স্বল্পতা থাকায় এটিকে লাভজনক করতে যান্ত্রিকীকরণের বিকল্প নেই। ব্রি এ পর্যন্ত ৫১টি কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন করেছে। আমাদের মূল লক্ষ্য ‘মেড ইন বাংলাদেশ’। আমরা নিজস্ব কারখানায় কম্বাইন্ড হারভেস্টার তৈরি করছি। মাত্র চারটি পার্টস বাইরে থেকে আনলে আমাদের বিজ্ঞানীরা পুরো যন্ত্রটি তৈরি করতে সক্ষম। মাত্র ৪৭ কোটি টাকার একটি প্রকল্পের মাধ্যমে আমরা ১০টি যন্ত্রপাতি ডেভেলপ করেছি, যা কৃষি মন্ত্রণালয়ের ৫৭টি প্রকল্পের মধ্যে শীর্ষে রয়েছে।

প্রতিদিনের বাংলাদেশ: আপনার প্রত্যাশা কী?

রফিকুল ইসলাম: আমার প্রত্যাশা দেশ ও জাতি ভালো থাকুক। সবার আগে বাংলাদেশ, সবার আগে ব্রি। আমরা সেই লক্ষ্যে পৌঁছতে চাই, যেখানে দেশের মানুষের খাদ্যনিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করে আমরা চাল রপ্তানিমুখী দেশ হিসেবে আত্মপ্রকাশ করব।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা