জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিডিও থেকে
সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি শনিবার সকাল ১০টা ২২ মিনিটে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের অগণিত শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে স্বাক্ষর করেন তিনি।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা।
এটি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুলের প্রথম আনুষ্ঠানিক কর্মসূচিগুলোর একটি।
এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
এর এক দিন আগে, বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৩টি ভোটের মধ্যে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।
মোট ভোটার ছিলেন ৩৪৯ জন; ছয়জন ভোটদানে অনুপস্থিত ছিলেন।
দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়ার পর মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হলো।