প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে কিছুদিন ধরেই আন্তর্জাতিক মহলে বেশ গুঞ্জন চলছিল। কিন্তু সব জল্পনাকল্পনাকে এক পলকে তুচ্ছ করে দিয়ে জন্ম নিল এক গাঢ় ধোঁয়াশা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
কূটনৈতিক টেবিলের হিসাব-নিকাশ অনেক সময়ই রোমাঞ্চকর উপন্যাসের চেয়েও নাটকীয় হয়। ঢাকা ও নতুন দিল্লির সম্পর্ক যখন এক নতুন মোড় নেওয়ার অপেক্ষায়, ঠিক তখনই ঘটতে দেখা গেল এক অদ্ভুত কূটনৈতিক লুকোচুরি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে কিছুদিন ধরেই আন্তর্জাতিক মহলে বেশ গুঞ্জন চলছিল। কিন্তু সব জল্পনাকল্পনাকে এক পলকে তুচ্ছ করে দিয়ে জন্ম নিল এক গাঢ় ধোঁয়াশা। ভারতের রাষ্ট্রপতি ভবনের অফিসিয়াল সাইটে সাজ সাজ রবের প্রস্তুতি বার্তা প্রকাশের ঠিক পরপরই তা রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়া এবং দুই দেশের শীর্ষ মহলের পরস্পরবিরোধী বক্তব্যে এখন প্রশ্ন উঠেছেÑ তবে কি গলার ঠিক আগেই ফের জমে গেল দুই প্রতিবেশীর সম্পর্কের বরফ?
জুলাই গণঅভ্যুত্থানের পর দুই দেশের মধ্যকার সম্পর্কে যে তীব্র টানাপড়েন তৈরি হয়েছিল, তা কাটিয়ে ওঠার একটি সম্ভাব্য সুযোগ হিসেবে দেখা হচ্ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সম্ভাব্য দিল্লি সফরকে। রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশ পেয়েছিল, ২৩ থেকে ২৫ আগস্ট দিল্লি সফর করতে পারেন প্রধানমন্ত্রী। কিন্তু গত ৫ আগস্ট দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল বক্তব্য কেন্দ্র করে পরিস্থিতি ফের জটিল হয়ে ওঠে। ওদিকে ঢাকার পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, সম্পর্ক স্বাভাবিক করার আগে দুটি শর্ত পূরণ করতে হবে। এক, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফেরত দিতে হবে; দুই, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। এই দুই বিষয়ে দিল্লির স্পষ্ট জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
নাটকীয় বিজ্ঞপ্তি ও রহস্যজনক প্রত্যাহার
এই টানাপড়েন ও অনিশ্চয়তার মধ্যেই শুক্রবার নতুন আলোচনার জন্ম দেয় ভারতের রাষ্ট্রপতি ভবন। অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে নিয়মিত চেইঞ্জ অব গার্ড অনুষ্ঠান হবে না। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিলÑ বাংলাদেশি প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণ মহড়া অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো তারিখ বা নাম সরাসরি উল্লেখ করা না হলেও, চলমান গুঞ্জনের মধ্যে এই ঘোষণাকে তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরের প্রস্তুতি হিসেবেই ধরে নেয় কূটনৈতিক মহল।
কিন্তু এর ঠিক কিছুক্ষণ পরেই কোনো কারণ না দেখিয়ে ভারতের রাষ্ট্রপতি ভবন ওই বিজ্ঞপ্তিটি ওয়েবসাইট থেকে সরিয়ে নেয়। বার্তা সংস্থা আইএএনএস ও ভারতের তথ্য অধিদপ্তর এই সংক্রান্ত পোস্ট এক্স হ্যান্ডলে প্রকাশ করলেও পরে তাও মুছে ফেলা হয়। এ নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে এই ইউটার্ন কি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি নিছকই কোনো প্রক্রিয়াগত ত্রুটিÑ তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।
ঢাকার স্পষ্ট বার্তা ও দিল্লির অবস্থান
এই পুরো পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সংবাদ মাধ্যমকে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন, ‘দিল্লি সফর নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। শেখ হাসিনা ও অন্য পলাতক আসামিদের প্রত্যর্পণের বিষয়ে দিল্লির জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।’
ওদিকে নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য এই সফরের বিষয়ে মন্তব্য করার মতো কোনো তথ্য বা হালনাগাদ বিবরণ এই মুহূর্তে তাদের কাছে নেই।
তবে ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নটিই বর্তমানে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে গত ৫ আগস্ট দিল্লিতে হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলন এবং আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা পরিস্থিতিকে আরও উস্কে দিয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আগেই সতর্ক করা হয়েছিল যে, ভারতীয় ভূখণ্ড থেকে হাসিনার এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড দুই দেশের সম্পর্ক উন্নয়নের উদ্যোগকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।
অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ও দ্বিপক্ষীয় চ্যালেঞ্জ
তারেক রহমানের সম্ভাব্য এই সফরকে কেন্দ্র করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। একদিকে অভিবাসন, পানিবণ্টন ও দীর্ঘমেয়াদি সহযোগিতার স্বার্থে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমলারা ভারতের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার ওপর জোর দিচ্ছেন। অন্যদিকে, হত্যাকাণ্ডে জড়িতদের প্রত্যর্পণ নিশ্চিত না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে সম্পর্ক জোড়া লাগানোর বিরোধিতায় সরব রয়েছে বিভিন্ন রাজনৈতিক শক্তি। ফলে সরকারকে একদিকে যেমন ভারতের সঙ্গে কার্যকর দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখতে হচ্ছে, অন্যদিকে তীব্র রাজনৈতিক চাপের সমীকরণও মেলাতে হচ্ছে।
এরই মধ্যে ভারতের পক্ষ থেকে সুর কিছুটা পাল্টানোর ইঙ্গিত মিলেছে। দ্য প্রিন্টের মতে, নরেন্দ্র মোদির সরকার এখন সম্পর্ককে ‘পারস্পরিক সমতার ভিত্তিতে’ পরিচালনার কথা বলছে, যা থেকে মনে হয়Ñ দিল্লি এখন বলটি পুরোপুরি ঢাকার কোর্টেই ঠেলে দিতে চাইছে। পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে জ্বালানি সংকটের মধ্যেও বাংলাদেশে ডিজেল সরবরাহ অব্যাহত রাখা এবং তারেক রহমানকে সফরের আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে নরেন্দ্র মোদি সরকার বন্ধুত্বের বার্তা দেওয়ার চেষ্টা করলেও, শেখ হাসিনার উপস্থিতি সেই প্রচেষ্টাকে বারবার হোঁচট খাওয়াচ্ছে।
ঝুলে আছে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ
কূটনৈতিক এই অচলাবস্থার আরেকটি বড় উদ্বেগের বিষয় হলো ঐতিহাসিক গঙ্গা চুক্তি। ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরেই শেষ হতে যাচ্ছে। চুক্তি নবায়ন বা নতুন আলোচনার জন্য গত জুনেই দিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে ঢাকা। কিন্তু দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক অনিশ্চয়তায় ঝুলে থাকায় এবং রাজনৈতিক অচলাবস্থা কাটানোর দৃশ্যমান পথ তৈরি না হলে, গঙ্গা চুক্তির মতো অতি সংবেদনশীল ইস্যু দুই দেশের সম্পর্ককে আরও বড় সংকটের মুখে ঠেলে দিতে পারে।
সব মিলিয়ে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ঘিরে যে কূটনৈতিক উত্তাপ ছড়িয়েছিল, রাষ্ট্রপতি ভবনের নাটকীয় বিজ্ঞপ্তি এবং এর আকস্মিক প্রত্যাহারে তা এখন গভীর এক ধোঁয়াশায় রূপ নিয়েছে। এই রহস্য ভেদ করে দুই দেশের কূটনীতি শেষ পর্যন্ত কোন গন্তব্যে পৌঁছে, এখন সেটিই দেখার বিষয়।