কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
সরকার নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্যে মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শুক্রবার রাতে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া পদে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে মন্ত্রী হয়েছেন। এ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব।
এ ছাড়া মোহাম্মদ শামীম কায়সার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় এ রদবদল করা হলো।