বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ২০:৩০ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৬ ২০:৪৩ পিএম
এ জে এম সালাহউদ্দিন নাগরী। ফাইল ছবি
মাত্র কয়েক দিনের ব্যবধানে সরকারের প্রশাসনিক কাঠামোয় সচিব পদে আবারও বড় ধরনের রদবদল করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় শুক্রবার সরকারি ছুটির দিন হলেও এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কৃষি মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে বদলি হওয়া চুক্তিভিত্তিক সচিব রফিকুল আই মোহাম্মদকে এবার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব করা হয়েছে।
এ ছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী ও ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব করা হয়েছে।
অন্যদিকে মোহাং শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) পদে বদলি করা হয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে রফিকুল আই মোহাম্মদের পদায়ন। চুক্তিভিত্তিক নিয়োগে থাকা এই কর্মকর্তাকে গত ১০ আগস্ট কৃষি মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব করা হয়েছিল। কিন্তু স্বল্প সময়ের মধ্যেই তাকে আবার বদলি করা হলো।
এর আগে ১০ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে কৃষি মন্ত্রণালয়েও পরিবর্তন আনা হয়। চুক্তিভিত্তিক নিয়োগে থাকা রফিকুল আই মোহাম্মদকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব করা হলে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ের সচিব করা হয়।
একই দিনে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের তৎকালীন সচিব খান মো. নূরুল আমীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছিল।
এ ছাড়া ১৭ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগে থাকা দুই সচিবকে বহাল রেখে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার।
সচিব পর্যায়ের এসব পরিবর্তনের ফলে একদিকে যেমন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নেতৃত্বে নতুন মুখ আসছে, অন্যদিকে অল্প সময়ের ব্যবধানে একই কর্মকর্তার একাধিকবার পদ পরিবর্তনের ঘটনাও নজর কেড়েছে।