× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এআই ক্যামেরার পর ড্রোন সার্ভিলেন্স চালুর উদ্যোগ ডিএমপি ট্রাফিকের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ১৮:৩৮ পিএম

আপডেট : ২১ আগস্ট ২০২৬ ১৮:৪৬ পিএম

ছবি: এআই জেনারেটেড

ছবি: এআই জেনারেটেড

ঢাকার যানজট নিয়ন্ত্রণ ও সড়কে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরার পর এবার ড্রোন সার্ভিলেন্স চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

প্রাথমিকভাবে একটি ড্রোন পরীক্ষামূলকভাবে ব্যবহার করে গুরুত্বপূর্ণ সড়ক ও যানজটপ্রবণ এলাকায় রিয়েল টাইম তথ্য সংগ্রহ করা হবে। পরবর্তী সময়ে এতে অটোমেটেড নম্বর প্লেট রিকগনিশন (এএনপিআর) প্রযুক্তি যুক্ত করে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে ভিডিও মামলা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। ডিএমপি সদর দপ্তরে অতি সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এসব পরিকল্পনার কথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ড্রোন সার্ভিলেন্স ব্যবহৃত হলেও বাংলাদেশের জন্য এটি নতুন ধারণা। সড়কের পাশাপাশি ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও অনেক সময় যানজট তৈরি হয়, যার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায় না। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ড্রোন ব্যবহার করা গেলে রিয়েল টাইম তথ্য পাওয়া যাবে এবং পরিস্থিতি অনুযায়ী দ্রুত নির্দেশনা দেওয়া সম্ভব হবে।

ড্রোনে এএনপিআর প্রযুক্তি যুক্ত করা হলে ট্রাফিক আইন লঙ্ঘনের ভিডিও ধারণের পাশাপাশি মামলা দেওয়ার সুযোগ তৈরি হবে। তবে বর্তমানে স্বয়ংক্রিয়ভাবে মামলা দেওয়ার পর্যায়ে যায়নি ডিএমপি। ফুটেজ প্রথমে বিশ্লেষণ করে নিশ্চিত হওয়ার পর মামলা দেওয়া হবে। এতে ভুল বা অনিয়মের ঝুঁকি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ড্রোনে ভয়েস বা শব্দের ব্যবস্থাও থাকবে। কোনো যানবাহন রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করলে আকাশ থেকেই চালককে সরে যাওয়ার নির্দেশ দেওয়া যাবে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে সামগ্রিক ট্রাফিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

আনিছুর রহমান জানান, একটি সংস্থা পরীক্ষামূলকভাবে ডিএমপিকে একটি ড্রোন দিয়েছে। সেটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। খুব শিগগির মাঠপর্যায়ে এর কার্যক্রম শুরু করার আশা রয়েছে। তবে রিয়েল টাইম ডেটা পেতে প্রয়োজন হবে ইন্টারনেট, সার্ভার ও অন্যান্য অবকাঠামো। এসবের জন্য বাড়তি ব্যয়ও রয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগের এই উদ্যোগের পেছনে রাজধানীর অন্যতম বড় সমস্যা বাসের অনিয়ন্ত্রিত চলাচলও গুরুত্বপূর্ণ কারণ। আনিছুর রহমানের ভাষ্য, নির্দিষ্ট স্টপেজে বাস না থামার অন্যতম কারণ হলো চালকদের মধ্যে যাত্রী ধরার প্রতিযোগিতা। অনেক বাস কন্ট্রাক্টভিত্তিক পরিচালিত হওয়ায় নির্দিষ্ট দৈনিক অর্থ মালিককে পরিশোধের জন্য চালকরা যেখানে-সেখানে যাত্রী ওঠানামা করান। এতে পেছনে যানজট তৈরি হয়।

তিনি বলেন, উন্নত দেশগুলোতে নির্দিষ্ট সময়সূচি ও ব্যবস্থাপনার মাধ্যমে বাস চলাচল করে। বাংলাদেশে সেই ব্যবস্থা না থাকায় বাসগুলো যাত্রী পাওয়ার জন্য প্রতিযোগিতা করে। ই-টিকিটিং ও বাস রুট রেশনালাইজেশন যথাযথভাবে বাস্তবায়ন না হলে এ ভোগান্তি পুরোপুরি কমানো কঠিন।

এরই মধ্যে ডিএমপি ১৫টি ট্রাফিক সিগন্যাল এআই প্রযুক্তির আওতায় এনেছে। এর মধ্যে শাহবাগ থেকে শুরু করে ১৪টি এবং লেক রোডে একটি সিগন্যাল রয়েছে। এআইভিত্তিক ব্যবস্থাটি কাজ করছে, যদিও কিছু সমস্যা রয়েছে বলে জানান তিনি।

ড্রোন পরিচালনার জন্য ডিএমপি সদস্যদের প্রশিক্ষণও শুরু হয়েছে। প্রথম ধাপে তেজগাঁও বিভাগের একটি দল প্রশিক্ষণ নিয়েছে; পরবর্তী ধাপে উত্তরা বিভাগের সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার কথা রয়েছে। তার মতে, ডিএমপির লক্ষ্য বেশি মামলা দেওয়া নয়; লক্ষ্য মানুষকে ট্রাফিক আইন মেনে চলতে অভ্যস্ত করা। ড্রোন ব্যবস্থার পরীক্ষায় কোনো নেতিবাচক দিক ধরা পড়লে তা চালু করা হবে না বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা