বিবিসি বাংলা
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ১৭:৩১ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৬ ১৭:৩৪ পিএম
বঙ্গভবনের আশপাশের এলাকায় গণপরিবহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। ছবি: বিবিসি বাংলা
নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে শুক্রবার দুপুর থেকে বঙ্গভবন ও এর আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনুষ্ঠান চলাকালীন ওই এলাকার সড়কগুলোতে গণপরিবহন চলাচল নিয়ন্ত্রণ করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এক গণবিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার ডিএমপি জানিয়েছিল, শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবন সংলগ্ন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
ডিএমপির নির্দেশনা অনুযায়ী, মতিঝিল শাপলা চত্বরের আলিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড) ও রাজউক ক্রসিং (ডিআইটি রোড) পর্যন্ত সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে।
এছাড়া শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী গণপরিবহনগুলো দৈনিক বাংলা-ইউবিএল-প্রেস ক্লাব হয়ে চলাচল করবে। প্রয়োজনে এসব বাসকে সুবিধাজনক বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
এই শপথ অনুষ্ঠানে এক হাজারের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।