× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মরদেহ ফিরবে আজ বা কাল

কৃষ্ণ ব্যানার্জী, সাতক্ষীরা

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ১১:৩০ এএম

আপডেট : ২১ আগস্ট ২০২৬ ১১:৩২ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ভারতের কলকাতায় আবাসিক হোটেলে আগুনে নিহতদের মধ্যে আরও দুজনের নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সাতক্ষীরার এই দুই নাগরিকসহ মোট সাত বাংলাদেশি প্রাণ হারিয়েছেন মঙ্গলবার রাতের আগুনে। এদের মধ্যে ছয়জনের মরদেহ আজ শুক্রবার কিংবা কাল শনিবারের মধ্যে সরকারিভাবে দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনের কর্মকর্তা মো. ওমর ফারুক আকন্দ।

কলকাতার নিউমার্কেট এলাকায় মির্জা গালিব স্ট্রিটে আবাসিক হোটেলে মঙ্গলবার মধ্যরাতের আগুনে ৯ জনের প্রাণহানি ঘটে। এর মধ্যে বুধবার পাঁচ বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়। এরা হলেনÑ সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, ছেলে শর্ণশীষ দত্ত ও শ্বশুর আকরাম হোসেন এবং ঢাকার সাভারের আমিনবাজারের ব্যবসায়ী আহম্মেদ বাবু। বৃহস্পতিবার আরও দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়েছে। এরা হলেনÑ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার আলিমুজ্জামান সাজু ও রেবতী সরকার। নিহত অপর দুজন ভারতীয় নাগরিক। 

বাংলাদেশি সাতজনের মধ্যে ছয়জনই গিয়েছিলেন চিকিৎসাসেবার জন্য, রোগমুক্তির আশায়; তাদের পরিবারের স্বপ্ন ছিল সুস্থ হয়ে ফিরে আসার। কিন্তু হোটেলের প্রাণঘাতী আগুন নিভিয়ে দিয়েছে সব আশা। এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছেÑ এমন খবর পৌঁছতেই সাতক্ষীরার কালিগঞ্জের তারালী ইউনিয়নের বরেয়া ও তেঁতুলিয়া গ্রামের বাতাস স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে। প্রিয়জন হারানোর শোক বুকে চেপে এখন শুধু আর্তনাদ আর অপেক্ষাÑ অন্তত শেষবারের মতো মানুষটার মুখ দেখার, নিথর দেহটি যেন দ্রুত ফিরে আসে আপন ঠিকানায়।

কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনের কর্মকর্তা মো. ওমর ফারুক আকন্দ গতকাল বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপ কলে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘প্রচলিত বিধি মেনেই মরদেহগুলো দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিবারগুলোর সঙ্গে কথা বলে নিহত সাতজনের মধ্যে ছয়জনের বিষয়ে সরকারিভাবে মরদেহ ফেরত নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করছি, শুক্র বা শনিবারের মধ্যে মরদেহগুলো দেশে পৌঁছে যাবে।’ তিনি জানান, পরিবারগুলোকে ব্যক্তিগত কিংবা সরকারিভাবে মরদেহ ফেরত নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করার কথা বলেছিল উপহাইকমিশন। সাতক্ষীরার রেবতী সরকারের পরিবারের সঙ্গে কথা বলে সে অনুসারে তার মরদেহ ফেরতের উদ্যোগ নেওয়া হবে।

সাজু ও রেবতীর পরিবারে শোক

বৃহস্পতিবার সকালে বরেয়া গ্রামে মৃত আলিমুজ্জামান সাজুর (৪৫) বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো বাড়ি। বড় ভাই, ভাবিসহ পরিবারের সদস্যরা বারবার কান্নায় ভেঙে পড়ছেন। কয়েক দিন আগেও যে বাড়িতে স্বাভাবিক জীবনযাত্রা ছিল, সেখানে এখন শুধুই শোক আর অপেক্ষা।

আলিমুজ্জামান সাজু মৃত ইউনুচ সরদারের ছেলে। তিনি পেশায় ঘের ব্যবসায়ী ছিলেন। চিকিৎসার জন্য পাঁচ-ছয় দিন আগে ভারতে গিয়েছিলেন তিনি। কলকাতার ওই হোটেলে অগ্নিকাণ্ডের পর তার মৃত্যুর খবর জানতে পারেন পরিবারের সদস্যরা।

সাজুর বড় ভাই সাহেব সরদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘পাঁচ থেকে ছয় দিন আগে আমার ভাই চিকিৎসার জন্য ভারতে যায়। হঠাৎ টেলিভিশনে দেখি কলকাতার একটি হোটেলে আগুন লেগেছে। পরে জানতে পারি, ওই হোটেলেই আমার ভাই অবস্থান করছিল। একজন আত্মীয়কে সেখানে পাঠানো হয়। পরে ছবির সঙ্গে লাশের মিল পাওয়ার পর নিশ্চিত হই, আমার ছোট ভাই আর নেই।’ কথা বলতে বলতে তিনি ডুকরে কেঁদে ওঠেন। সাহেব সরদার বলেন, ‘সরকারের কাছে আকুল আবেদন, আমার ভাইয়ের মরদেহটা যেন দ্রুত দেশে এনে আমাদের কাছে দেওয়া হয়। আমরা শেষবারের মতো তাকে দেখতে চাই।’

সাজুর ছোটবেলার বন্ধু ও সহপাঠী রফিকুল ইসলামও বন্ধুকে হারিয়ে শোকে কাতর। তিনি বলেন, ‘সাজু আমার ছোটবেলার বন্ধু। আমরা দুজন একসঙ্গে এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছি। একসঙ্গে খেলাধুলা করেছি, বড় হয়েছি। ডাক্তার দেখাতে কলকাতায় গিয়ে সে মারা গেলÑ এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।’ তিনি আরও বলেন, ‘আমাদের অনুরোধ, সাজুর লাশটা যেন অতি দ্রুত দেশে আনা হয়। আমরা যেন শেষবারের মতো বন্ধুকে দেখতে পারি এবং নিজের হাতে মাটি দিতে পারি।’

অন্যদিকে একই অগ্নিকাণ্ডে মারা গেছেন কালিগঞ্জের তেঁতুলিয়া গ্রামের রেবতী সরকার (৩৬)। তার বাড়িতে গিয়ে দেখা যায়, দরজায় তালা ঝুলছে। চারপাশ সুনসান। পরিবারের সদস্যরা ভারতে অবস্থান করায় বাড়িটি যেন আরও নিঃসঙ্গ হয়ে পড়েছে। রেবতীর স্বামী ভবেশ সরকার। তাদের ছেলে অনিক সরকার অনার্স দ্বিতীয় বর্ষে এবং মেয়ে ত্রিশা সরকার দ্বাদশ শ্রেণিতে পড়ছেন। তারা বর্তমানে উত্তরাখণ্ডে অবস্থান করছেন।

রেবতীর স্বজন তপন সরকার বলেন, ‘রেবতী আমার বৌদি। বৌদির ছেলের সঙ্গে কথা বলে জানতে পারি, চিকিৎসার জন্য ভারতে গিয়ে একটি হোটেলে আগুন লেগে বৌদি মারা গেছেন। দাদা বাংলাদেশে ছিলেন, তবে এখন তার সঙ্গেও ফোনে যোগাযোগ করা যাচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘দাদা-বৌদির আর্থিক অবস্থাও খুব একটা ভালো না। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে, তারাও ভারতে আছে। এমন পরিস্থিতিতে পরিবারটি কীভাবে এই শোক সামলাবেÑ সেটাই এখন বড় চিন্তার বিষয়।’

মরদেহ ফেরত আনা প্রসঙ্গে সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কলকাতা থেকে সাতক্ষীরার এই দুজনের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সাজু ও রেবতীর পরিবারের সাথে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।’

এর আগে বুধবার বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়া মাত্রই মরদেহগুলো দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা