× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সর্বগ্রাসী হচ্ছে ডেঙ্গু

হাসনাত শাহীন

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ ০৯:১০ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

বৃষ্টির রিমঝিম শব্দ একসময় মনে প্রশান্তি এনে দিলেও, এখন তা বয়ে আনে মৃত্যুর অশনিসংকেত। পথের ধারে বা ছাদের কোণে জমে থাকা জলাধারগুলো পরিণত হয় নীরব ঘাতকের আঁতুড়ঘরে। গত কয়েক মাস ধরে ডেঙ্গু পরিস্থিতি ভয়ংকর রূপ নিয়েছে। হাসপাতালগুলোর বারান্দায় বারান্দায় শোনা যাচ্ছে স্বজন হারানো মানুষের বুকফাটা আর্তনাদ। প্রতিদিন মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশের পরিবেশ। চলতি বছরের মাত্র সাড়ে আট মাসেই ৭৭টি তাজা প্রাণ ঝরে গেছে ডেঙ্গুর ছোবলে, আর হাসপাতালে শয্যা নিয়েছেন ২৭ হাজারেরও বেশি মানুষ। সবচেয়ে ভয়ের বিষয় হলো, ডেঙ্গুর এই বিষাক্ত থাবা এবার শুধু রাজধানী ঢাকায় সীমাবদ্ধ নেই; ছড়িয়ে পড়েছে দেশের আনাচে-কানাচে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের মে মাস পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতি তুলনামূলক নিয়ন্ত্রণে থাকলেও জুন থেকে তা পাল্লা দিয়ে বাড়তে শুরু করে। গত জুলাই মাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা ঊর্ধ্বমুখী হতে থাকে, আর আগস্টে এসে সেই ঊর্ধ্বমুখী ধারা আরও তীব্র হয়েছে। আগস্টের প্রথম ২০ দিনেই হাসপাতালে ভর্তি হয়েছে ১১ হাজার ৭১২ জন রোগী, যা জুলাই মাসের (৯ হাজার ২০৬ জন) চেয়েও ২ হাজার ৫০৬ জন বেশি। মৃত্যুর ক্ষেত্রেও পরিস্থিতি উদ্বেগজনক; চলতি বছরের শুরু থেকে ২০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৭৭ জনে। জুন মাসে যেখানে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ছিল ১৩, জুলাইয়ে তা বেড়ে দাঁড়ায় ৩৬ জনে। আর আগস্টের প্রথম ২০ দিনেই মৃত্যু হয়েছে ২৩ জনের। অর্থাৎ মৃত্যুহারও ঊর্ধ্বমুখী।

বিশেষজ্ঞরাও বলছেন, ডেঙ্গু সংক্রমণের এই গতি অব্যাহত থাকলে সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

ঢাকার বাইরে পাঁচ জেলায় সংক্রমণ বেশি

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, রাজধানী ঢাকার বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা খুলনায়। এ জেলায় চলতি বছর ১ হাজার ৬০০ জনের বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। মৃত্যুর দিক থেকেও খুলনার চিত্র সবচেয়ে উদ্বেগজনকÑ এখানে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। এরপর রয়েছে চট্টগ্রাম; সেখানে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯১ জন এবং মারা গেছে ৩ জন। তৃতীয় অবস্থানে থাকা বরিশাল বিভাগের পিরোজপুরে ১ হাজার ২০০ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১ জন। ময়মনসিংহ জেলায় আক্রান্ত ৯২৪ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। আর গাজীপুরে আক্রান্ত হয়েছে ৭২০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ডেঙ্গুর ভৌগোলিক বিস্তারের ধরন বদলে যাচ্ছে। একসময় রাজধানী ঢাকা ছিল ডেঙ্গুর প্রধান কেন্দ্র। এখন দেশের বিভিন্ন অঞ্চলে স্থানীয় পরিবেশ, ঘনবসতি, পানি সংরক্ষণ এবং মশা নিয়ন্ত্রণব্যবস্থার দুর্বলতা মিলিয়ে নতুন নতুন উচ্চঝুঁকির এলাকা তৈরি হচ্ছে।

কোথায় কেন বাড়ছে ঝুঁকি

খুলনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা ঢাকার বাইরে সবচেয়ে বেশি। বিশেষজ্ঞদের মতে, এখানে এডিস মশার ঘনত্ব এবং প্রজননস্থল ধ্বংসের কার্যক্রমের দুর্বলতা এর প্রধান কারণ হতে পারে। চট্টগ্রামে ঘনবসতি বড় ফ্যাক্টর; পাহাড়ি অঞ্চল যখন ঘনবসতিপূর্ণ হয়ে ওঠে এবং সেখানে বিভিন্ন পাত্র, নির্মাণস্থল ও আশপাশে পানি জমে থাকার সুযোগ তৈরি হয়, তখন এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। পিরোজপুরের উপকূলীয় এলাকার মানুষ বৃষ্টির পানি বিভিন্ন পাত্রে সংরক্ষণ করেন। দীর্ঘ সময় ধরে এসব পাত্রে পানি জমে থাকার কারণে তা এডিস মশার প্রজননস্থলে পরিণত হতে পারে। ময়মনসিংহে আক্রান্তের তুলনায় মৃত্যু পরিস্থিতি বেশি উদ্বেগজনক। রোগীরা দেরিতে হাসপাতালে আসছেন কি না বা প্রাথমিক পর্যায়ে ডেঙ্গু শনাক্তে বিলম্ব হচ্ছে কি না, তা খতিয়ে দেখা দরকার বলে মত বিশেষজ্ঞদের। গাজীপুরের মতো শিল্পনগরীতে দ্রুত নগরায়ণ, অপরিকল্পিত আবাসন এবং বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা এডিস মশার বিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করেছে।

ডেঙ্গু বাড়ার কারণ

কীটতত্ত্ববিদ ও জাতীয় নদী কমিশনের সাবেক চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী বলেন, এডিস মশাকে এখন আর শুধু শহরের সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। এডিস ইজিপ্টাই সাধারণত হাঁড়ি-পাতিল, প্লাস্টিকের বোতল, ক্যান, ফুলের টবসহ বিভিন্ন কৃত্রিম পাত্রে জমে থাকা পানিতে বংশবিস্তার করে। অন্যদিকে এডিস অ্যালবোপিকটাস গাছের কোটর, কচুর পাতার গোড়া বা প্রাকৃতিকভাবে পানি জমে থাকা স্থানেও জন্মাতে পারে। প্লাস্টিক ও বিভিন্ন ধরনের পাত্রের ব্যবহার বাড়ায় শহর ও গ্রামের মধ্যে এডিস মশার প্রজনন পরিবেশের পার্থক্য কমে যাচ্ছে। এর ফলে গ্রামাঞ্চলেও ডেঙ্গুর ঝুঁকি তৈরি হচ্ছে।

এর সঙ্গে যোগ হয়েছে আবহাওয়ার প্রভাব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, উচ্চ তাপমাত্রা ও ঘন ঘন বৃষ্টিপাত এডিস মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করে। বৃষ্টির কারণে বাড়ির ছাদ, নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও প্লাস্টিকের বোতলসহ নানা স্থানে পানি জমে থাকে। এসব স্থান নিয়মিত পরিষ্কার না করলে দ্রুতই সেগুলো এডিসের প্রজননস্থলে পরিণত হয়।

দরকার জেলাভিত্তিক পরিকল্পনা

ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি স্পষ্ট করে দিচ্ছে, সারা দেশের জন্য একই ধরনের মশা নিয়ন্ত্রণ কর্মসূচি যথেষ্ট নয়। প্রতিটি এলাকার ঝুঁকির ধরন আলাদা। বিশেষজ্ঞরা বলছেন, এ থেকে পরিত্রাণ পেতে জেলাভিত্তিক ঝুঁকি বিশ্লেষণ, নিয়মিত লার্ভা জরিপ, প্রজননস্থল ধ্বংস, স্থানীয় সরকার ও স্বাস্থ্য বিভাগের সমন্বয় এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা প্রয়োজন।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বর্ষা এখনও শেষ হয়নি। সামনে আরও বৃষ্টি হলে এডিস মশার প্রজননের সুযোগও বাড়বে। সুতরাং এখন থেকে রোগী ও মৃতের সংখ্যা আরও বাড়ার অপেক্ষা না করে উচ্চঝুঁকির জেলাগুলোকে অগ্রাধিকার দিয়ে সমন্বিত ও কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার। তা না হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।’



শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা