প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৯:০৫ পিএম
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ছবি: বিবিসি/এপি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে নতুন বাহিনী গঠন করা হলেও র্যাবের আওতাধীন সদস্যদের বিরুদ্ধে বিচারাধীন মামলার কার্যক্রম বন্ধ হবে না। এসব মামলার বিচার আগের আইন অনুযায়ী চলমান থাকবে বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
ঢাকার কারওয়ান বাজারে বৃহস্পতিবার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইন্তেখাব চৌধুরী বলেন, নতুন বাহিনী গঠনের জন্য যে আইন প্রণয়ন করা হচ্ছে, সেখানে র্যাবের আওতায় থাকা বিচারাধীন মামলাগুলোর বিচার কার্যক্রম আগের আইন অনুযায়ী চলমান রাখার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। ফলে র্যাব বিলুপ্ত হলে বিচারাধীন মামলা আর চলবে না—বিষয়টি এমন নয়।
তিনি বলেন, এসব ঘটনায় মামলা হয়েছে এবং তদন্তও হয়েছে। বর্তমানে সেগুলো বিচারাধীন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। বিচারাধীন প্রক্রিয়াগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য র্যাবের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করা হচ্ছে।
নতুন বাহিনী গঠনের পর বিচারাধীন মামলাগুলোর কী হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন আইনের খসড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। সেখানে সাধারণ মানুষ তাদের মতামত দিতে পারছেন। এসব মতামত পর্যালোচনা করে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করবে।
র্যাবের ক্ষমতার অপব্যবহার ও অতীতের বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইন্তেখাব চৌধুরী বলেন, জুলাই আন্দোলনের পর তৎকালীন র্যাব মহাপরিচালক বাহিনীর পক্ষ থেকে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। বাহিনী হিসেবে জনগণের প্রত্যাশা অনুযায়ী সেই কাজ এরই মধ্যে করা হয়েছে। তবে নতুন বাহিনী গঠনের বিষয়টিকে শুধু র্যাবের নাম পরিবর্তন হিসেবে না দেখার আহ্বান জানান তিনি।
র্যাবের এই বক্তব্য আসে রাজধানীর উত্তরায় আলোচিত ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় মূলহোতাকে গ্রেপ্তারের বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে।
র্যাব জানায়, ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে পেট্রোল পাম্পের বিপুল পরিমাণ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূলহোতাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে ১৪ আগস্ট এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে চারটি পিস্তল, ছয়টি ম্যাগাজিন, ২১ রাউন্ড গুলি, লুণ্ঠিত ১২ লাখ টাকা, র্যাবের ভুয়া পরিচয়পত্র, ভেস্ট, ক্যাপ, ওয়াকিটকি ও একটি মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ সময় এম জেড এম ইন্তেখাব চৌধুরী আরও জানান, চলতি বছরের জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০৪টি অস্ত্র উদ্ধার করেছে র্যাব। একই সময়ে ৬০ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, গত এক মাসে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা অস্ত্রের মধ্যে ৬৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৩৯টি বিদেশি অস্ত্র রয়েছে।