× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে: কৃষিমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৭:০৭ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৬ ১৭:০৮ পিএম

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার বিএআরসির গভর্নিং বডির ৬ষ্ঠ সভায় বক্তব্য দেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার বিএআরসির গভর্নিং বডির ৬ষ্ঠ সভায় বক্তব্য দেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মাত্রাতিরিক্ত কীটনাশকের ঝুঁকি কমিয়ে নিরাপদ খাদ্য উৎপাদন বাড়াতে কৃষকদের সচেতনতা ও প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

তিনি বলেন, মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহারে কৃষকদের মধ্যে ক্যানসারসহ নানা গুরুতর স্বাস্থ্যঝুঁকি ও শারীরিক জটিলতা বাড়ছে।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সম্মেলন কক্ষে বৃহস্পতিবার বিএআরসির গভর্নিং বডির ৬ষ্ঠ সভায় তিনি এসব কথা বলেন।

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, প্রাকৃতিক বা জৈব সার সঠিকভাবে ব্যবহার করা গেলে মাটি, পরিবেশ, পানি ও মাছ নিরাপদ থাকবে। বাংলাদেশ মাংস উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণ। 

এ খাতে উৎপাদন আরও বাড়াতে গবেষণার পরিধি ও কার্যক্রম বাড়াতে হবে। উৎপাদন বাড়াতে পারলে ভবিষ্যতে বিলিয়ন ডলারের মাংস ও মাংসজাত পণ্য রপ্তানি করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, মিঠাপানির মাছ উৎপাদনে যারা ভালো অবদান রাখছেন, সরকার তাদের পুরস্কৃত করছে।

অন্যদিকে প্রাকৃতিক উৎসের মাছের উৎপাদন ও সংরক্ষণে অভয়াশ্রম স্থাপনসহ বিভিন্ন কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের গভর্নিং বডির এই চেয়ারম্যান।

মাটির পিএইচ নিয়েও উদ্বেগ

মন্ত্রীর ভাষ্য, মাটিতে ভারী ধাতুর উপস্থিতি বাড়ছে। ভূগর্ভস্থ পানি, সার কিংবা কীটনাশক ব্যবহারের কারণে মাটিতে ভারী ধাতুর মাত্রা বাড়ছে কি না, তা গবেষণার মাধ্যমে খুঁজে বের করতে হবে। 

মাটির পিএইচ (অম্লত্ব) মাত্রাও উদ্বেগজনক। বর্তমানে অনেক এলাকায় মাটির পিএইচ ৪ দশমিক ৫ থেকে ৫-এর মধ্যে রয়েছে। অথচ ভালো ফসল উৎপাদনের জন্য মাটির পিএইচ ৬ দশমিক ৫-এর ওপরে থাকা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

মাটির পিএইচ ৬ দশমিক ৫-এর ওপরে উন্নীত করা গেলে ফসলের উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য উৎপাদন আরও নিশ্চিত করা সম্ভব হবে উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে কৃষি মন্ত্রণালয় কাজ করছে।

মন্ত্রী বলেন, সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর কতটুকু বাস্তবায়ন হচ্ছে, তা নিয়মিতভাবে অনুসরণ ও নিশ্চিত করতে হবে। জাতীয় নীতি প্রণয়নে গবেষকদের মেধা ও জ্ঞান জাতির স্বার্থে কাজে লাগাতে হবে। সরকার গবেষকদের মেধা ও গবেষণালব্ধ জ্ঞানকে সর্বোচ্চ কাজে লাগাতে চায়।

কৃষকের দোরগোড়ায় সেবা

ফসল উৎপাদন-সংক্রান্ত বিভিন্ন সেবা ও পরামর্শ কৃষকসহ অন্যান্য উপকারভোগীর দোরগোড়ায় পৌঁছে দিতে ‘খামারি’ মোবাইল অ্যাপকে আরও জনপ্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ সহজে পৌঁছে দিতে অ্যাপটি ব্যাপকভাবে ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং গভর্নিং বডির কো-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান গবেষণার ক্ষেত্রে অত্যন্ত ভালো কাজ করছে। দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের নতুন নতুন জাত উদ্ভাবন এবং উৎপাদন বৃদ্ধিতে এসব প্রতিষ্ঠানের অবদান অত্যন্ত প্রশংসনীয়।

তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানও নানা ধরনের উদ্ভাবন করছে। এসব উদ্ভাবন কীভাবে জাতীয় স্বার্থে কাজে লাগানো যায়, সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, সংরক্ষিত মহিলা আসন-৩০২-এর সংসদ সদস্য শিরীন সুলতানা, পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) মো. মাহমুদুল হোসাইন খান, কৃষি সচিব মো. সেলিম খান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলওয়ার হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়াসহ বিভিন্ন দপ্তর, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা