রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ফোকাস বাংলা
দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর দুইটায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল ৫টা পর্যন্ত।
রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সংসদ সদস্যদের ভোট দেওয়ার নিয়ম জানিয়ে দেওয়ার পর ভোটগ্রহণ শুরু করেন।
এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
এর আগে ১৯৯১ সালে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার পর সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
এরপর আরও আটবার রাষ্ট্রপতি নির্বাচন হলেও ক্ষমতাসীন দলের মনোনীত একক প্রার্থী থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।
এবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার সংখ্যা হচ্ছে ৩৪৯ জন। ভোটগ্রহণ শেষে কোন প্রার্থী কতটি ভোট পেলেন, কতটি ভোট বাতিল বা নষ্ট হলো, এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। যিনি বিজয়ী হবেন বা যিনি সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন, রাষ্ট্রপতি হিসেবে তার নাম ঘোষণা করা হবে। এরপর গেজেট প্রকাশ করা হবে।
একাধিক প্রার্থী, তাই ভোট
সংবিধানের ৭০ অনুচ্ছেদ বলবৎ থাকায় রাষ্ট্রপতি নির্বাচনটি মূলত নিয়ম রক্ষার ভোটে পরিণত হয়েছে। সংসদে বিএনপির ২৪৭ সদস্য এবং জোটের তিন সদস্যসহ মোট ২৫০ ভোট রয়েছে।
বিপরীতে জামায়াতের ৭৭, এনসিপির ৮, বাংলাদেশ খেলাফত মজলিশের ৩, স্বতন্ত্র ৮ এবং ইসলামী আন্দোলনের ১ সদস্যসহ অলি আহমদের পক্ষে রয়েছে ৯০ ভোট। ফলে মির্জা ফখরুলের নির্বাচিত হওয়ার সম্ভাবনাই প্রবল।
১৯৯১ সালের ৮ অক্টোবরের নির্বাচনে বিএনপির আবদুর রহমান বিশ্বাস ১৭২ ভোট এবং আওয়ামী লীগের বিচারপতি বদরুল হায়দার চৌধুরী ৯২ ভোট পেয়েছিলেন। এরপর আর কোনো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের প্রয়োজন হয়নি।
ফখরুলের সামনে বঙ্গভবন
বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়। ১৩ আগস্ট তার মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়। রাষ্ট্রপতি নির্বাচিত হলে তাকে মন্ত্রিসভার পদ ছাড়তে হবে। একই সঙ্গে বিএনপির মহাসচিবের পদও শূন্য হবে।
রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বুধবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান।
বৈঠকে তিনি সরকারি দলের সংসদ সদস্যদের মির্জা ফখরুলকে ভোট দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, “আজ ঐতিহাসিক একটি দিন। অনেক মূল্য দিয়ে আমরা আজ এ জায়গায় এসেছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।” তিনি গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।
রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত
সংবিধানের ৪৮ (৩) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর নিয়োগ ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অধিকাংশ সাংবিধানিক দায়িত্ব পালনে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়।
তবে রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান এবং সংসদ আহ্বান ও ভেঙে দেওয়াসহ বিভিন্ন সাংবিধানিক দায়িত্ব পালন করেন। ক্ষমা, দণ্ড মওকুফ, স্থগিত বা লঘু করার ক্ষমতাও তার রয়েছে।
রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর এবং একজন ব্যক্তি দুই মেয়াদের বেশি রাষ্ট্রপতি থাকতে পারেন না।
সংবিধানের ১২৩ (২) অনুচ্ছেদ অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়।
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৪ জুলাই পদত্যাগের পর পদটি শূন্য হয়। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন।
নতুন রাষ্ট্রপতির শপথ শুক্রবার
বঙ্গভবনের দরবার হলে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে।
সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকারপ্রধান, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা, কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।
ভোট শেষে সংসদ ভবনের অধিবেশন কক্ষেই ভোট গণনা করে তাৎক্ষণিক ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন।
এরপর নির্বাচন ভবনে ফিরে একই দিন গেজেট প্রকাশের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।
তিনি রাষ্ট্রপতি নির্বাচনকে ‘হাই প্রোফাইল’ উল্লেখ করে বলেন, “রাষ্ট্রপতি (ভারপ্রাপ্ত), প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতা, সব সংসদ সদস্য ও হুইপরা এ নির্বাচনে ভোটার হওয়ায় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উচ্চপর্যায়ের নির্বাচন।”
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে করা দুটি রিট খারিজের পর অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, এ নির্বাচন নিয়ে আইনগত বাধার আশঙ্কা নেই।
রিটকারীর বক্তব্য ছিল, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারেন না।