রায়পুরা (নরসিংদী) প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১১:১২ এএম
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ। ছবি: সংগৃহীত
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে রায়পুরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ১৯৪১ খ্রিষ্টাব্দের ২৯ অক্টোবর পুরান ঢাকার আগা সাদেক রোডে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি ছিল নরসিংদীর রায়পুরা থানার রামনগর গ্রামে।
বাবা মৌলভী আবদুস সামাদ, মা সৈয়দা মোবারকুন্নেসা খাতুনের ১১ সন্তানের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠ।
ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ষষ্ঠ শ্রেণি পাস করার পর সারগোদায় পাকিস্তান বিমান বাহিনী পাবলিক স্কুলে ভর্তি হয়েছিলেন তিনি। সেখান থেকে ডিসটিংকশনসহ মেট্রিক পরীক্ষায় সাফল্যের সঙ্গে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন।
১৯৬১ খ্রিষ্টাব্দে পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দিয়েছিলেন মতিউর রহমান। ১৯৬৩ খ্রিষ্টাব্দে রিসালপুর পিএএফ কলেজ থেকে পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করার পর করাচির মৌরিপুর (বর্তমান যা মাসরুর নামে পরিচিত) এয়ার বেজের দুই নম্বর স্কোয়ার্ডনে জেনারেল ডিউটি পাইলট হিসেবে নিযুক্ত হন তিনি।
১৯৭১ সালের এই দিনে করাচির মাশরুর বিমানঘাঁটি থেকে একটি টি-৩৩ প্রশিক্ষণ বিমান নিয়ে বাংলাদেশের উদ্দেশে উড়াল দেন মতিউর রহমান। বিমানটি যখন ভারতীয় সীমান্ত থেকে মাত্র দুই মিনিট দূরত্বে তখনই সিন্ধু প্রদেশের জিন্দা গ্রামে বালির ঢিবির ওপর আছড়ে পড়ে বিমানটি। শহিদ হন মতিউর রহমান।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কল্পনায় ছিল কীভাবে মুক্ত হবে মাতৃভূমি। তাই তো দেশের পানে ছুটেছিলেন নিজের প্রাণ হাতে রেখে। নিজের জীবনকে বিলিয়ে গড়েছেন মাতৃভূমির প্রতি ভালবাসার নজিরবিহীন ইতিহাস।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।