বর্জ্য থেকে সম্পদ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ২৩:২৩ পিএম
উদ্যোক্তারা পরিবারের সদস্যদের সম্পৃক্ত করে নতুন এই কার্যক্রম পরিচালনা করছেন। ছবি: সংগৃহীত
কুমিল্লার দাউদকান্দি অঞ্চলে মৎস্যচাষে ব্যবহৃত ফিশ ফিডের প্লাস্টিকের বস্তা দীর্ঘদিন ধরে পরিবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এ অঞ্চলে মৎস্যচাষের মোট ব্যয়ের একটি বড় অংশ ব্যয় হয় ফিশ ফিডে। বাণিজ্যিক ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো থেকে এসব খাদ্য সাধারণত প্লাস্টিকের বস্তায় প্যাকেটজাত হয়ে আসে।
খাদ্য ব্যবহারের পর এসব বস্তা সংরক্ষণ, ব্যবস্থাপনা এবং পাইকারের কাছে বিক্রির অপেক্ষায় দীর্ঘদিন পড়ে থাকায় অনেক বস্তা নষ্ট হয়ে যায়। পরে এসব বস্তা যত্রতত্র ফেলে রাখা কিংবা জলাশয়ে ফেলার ফলে পরিবেশ ও মৎস্যচাষের প্রতিবেশ উভয়ই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
এই সমস্যা মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে ‘সার্কুলার ইকোনোমি’ এর ধারণা বাস্তবায়নের লক্ষ্যে নেওয়া হয়েছে একটি কার্যকর উদ্যোগ। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এবং বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত ‘সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট)’ প্রকল্পের আওতায় প্রযুক্তি হস্তান্তর কার্যক্রমের মাধ্যমে উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রদান করা হয়েছে।
দাউদকান্দির সিংগুলা এলাকার উদ্যোক্তা শাহিনা বেগম এই প্রযুক্তি গ্রহণ করে ফিশ ফিডের ব্যবহৃত প্লাস্টিকের বস্তাকে পুনঃব্যবহারযোগ্য ও আকর্ষণীয় বাজারের ব্যাগে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন। মাঠপর্যায়ে এই কার্যক্রম বাস্তবায়ন করছে পিকেএসএফ-এর সহযোগী উন্নয়ন সংস্থা সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিস্ট্যান্স (সিসিডিএ)। এর মাধ্যমে পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলার মৎস্য উদ্যোক্তাদের মধ্যেও এ ধরনের পরিবেশবান্ধব ও আয়বর্ধক উদ্যোগ সম্প্রসারিত হচ্ছে।
উদ্যোক্তারা পরিবারের সদস্যদের সম্পৃক্ত করে নতুন এই কার্যক্রম পরিচালনা করছেন। ফলে একদিকে যেমন প্লাস্টিক বর্জ্য কমছে, অন্যদিকে সৃষ্টি হচ্ছে অতিরিক্ত আয় ও কর্মসংস্থানের সুযোগ।
এ উদ্যোগের ফলে প্লাস্টিক বর্জ্য হ্রাস, পরিবেশ সংরক্ষণ, সার্কুলার ইকোনোমি বাস্তবায়ন, সবুজ প্রবৃদ্ধি এবং টেকসই মৎস্যচাষ—সবগুলো লক্ষ্য একইসঙ্গে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বর্জ্য থেকে সম্পদ, সম্পদ থেকে আয়, আর আয় থেকে টেকসই জীবিকা—এই ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার মাধ্যমে স্থানীয় পর্যায়ে সবুজ অর্থনীতির নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব।
সঠিক প্রযুক্তি, উদ্ভাবনী চিন্তা এবং স্থানীয় উদ্যোক্তাদের সমন্বিত উদ্যোগ বর্জ্য ব্যবস্থাপনাকে শুধু পরিবেশ সুরক্ষার কার্যক্রমে সীমাবদ্ধ না রেখে নতুন কর্মসংস্থান ও টেকসই আয়ের ভিত্তিতে পরিণত করতে পারে।