× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারা মহাপরিদর্শককে সেনাবাহিনীতে প্রত্যাবাসন, কোস্ট গার্ডেও নতুন ডিজি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ২১:৩৬ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৬ ২১:৪৩ পিএম

ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন এবং রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন এবং রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশের মাধ্যমে বুধবার তাকে নিজ বাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়। নতুন করে এ পদে কাউকে এখনো দায়িত্ব দেওয়া হয়নি।

প্রজ্ঞাপনে বলা হয়, সেনাবাহিনীর এ কর্মকর্তাকে বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাবর্তনপূর্বক তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এটি তার প্রেষণ শেষে সেনাবাহিনীতে প্রত্যাবাসনের নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।

প্রায় দুই বছর ধরে কারা মহাপরিদর্শকের দায়িত্ব পালন করে আসছেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন। তার প্রত্যাবাসনকে ঘিরে বিভিন্ন মহলে নানা আলোচনা ও বিভ্রান্তি তৈরি হলেও সংশ্লিষ্টরা বলছেন, এর সঙ্গে কোনো বিশেষ কারণ বা শাস্তিমূলক ব্যবস্থা জড়িত নয়।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দেশের বাইরে সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে তাকে পদায়নের জন্য সরকার মনোনীত করেছে। এরই অংশ হিসেবে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন, নিউইয়র্কের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে নিয়োগের প্রস্তাব সরকার অনুমোদন করেছে।

সরকারের অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন, নিউইয়র্কে প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে তার পদায়নের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। সংশ্লিষ্টদের ভাষ্য, এ পদায়নের প্রস্তুতির অংশ হিসেবেই তাকে কারা মহাপরিদর্শকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে প্রত্যাবাসন করা হয়েছে।


এদিকে আইজি প্রিজন্সের পদ থেকে ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার হোসেনকে প্রত্যাহারের বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে নানা ধরনের আলোচনা দেখা দেয়। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সেনাবাহিনীর কর্মকর্তাদের বিভিন্ন বেসামরিক প্রতিষ্ঠানে প্রেষণে নিয়োগের পর নির্ধারিত সময় শেষে নিজ বাহিনীতে প্রত্যাবাসন একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া। পরবর্তী পদায়নের ক্ষেত্রেও এ ধরনের প্রত্যাবাসন নিয়মিতভাবেই হয়ে থাকে।

ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন প্রায় দুই বছর ধরে কারা অধিদপ্তরের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে কারা ব্যবস্থাপনা, বন্দীদের নিরাপত্তা ও কারাগার সংশ্লিষ্ট বিভিন্ন প্রশাসনিক বিষয়ে তিনি দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে, পৃথক এক আদেশে নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানকে বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, তাকে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

একই সঙ্গে কোস্ট গার্ডের বর্তমান মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে নৌবাহিনীতে প্রত্যাহার করা হয়েছে। আদেশে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করার কথা বলা হয়েছে।

ফলে একই সময়ে কারা অধিদপ্তর ও কোস্ট গার্ডের শীর্ষ পদে পরিবর্তন এসেছে। একদিকে আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন করা হয়েছে, অন্যদিকে কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানকে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা