× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদায়ী বক্তব্যে অঝোরে কাঁদলেন মির্জা ফখরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ২০:৩১ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৬ ২০:৩৮ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার ঢাকায় জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার ঢাকায় জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি

বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে অঝোরে কাঁদলেন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

জাতীয় সংসদ ভবনে বুধবার অনুষ্ঠিত এই সভায় দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বারবার আবেগপ্রুত হয়ে পড়েন।

জাতীয় সংসদ ভবনের এই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দেওয়ার জন্য দলীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়।

বৈঠক সূত্র জানায়, চিফ হুইপ নুরুল ইসলাম মনির স্বাগত বক্তব্যের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলতে দাঁড়ান। বক্তব্যের শুরুতেই তিনি কান্নায় ভেঙে পড়েন। প্রায় কয়েক মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যে তিনি অন্তত চার-পাঁচবার কেঁদেছেন। এতে সভায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ উপস্থিত অন্যরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।

মির্জা ফখরুল তার বক্তব্যে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি দল ও নেত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও ধন্যবাদ জানান।

বিএনপিতে দীর্ঘ সময় ধরে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব ও মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের স্মৃতি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দায়িত্ব পালনকালে তার কোনো ভুল-ভ্রান্তি হয়ে থাকলে কিংবা অজান্তে কারও মনে আঘাত দিয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী। 

তিনি বলেন, দল তাকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও তিনি সেই সম্মান রক্ষা করবেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবেন না। বঙ্গভবনে যাওয়ার পর সহকর্মীদের মিস করবেন উল্লেখ করে মির্জা ফখরুল সবার কাছে দোয়া চান। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনে তার পক্ষে ভোট দেওয়ার জন্য দলীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।

পরে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বহু বছর ধরে তিনি (মির্জা ফখরুল) দলের সঙ্গে সম্পৃক্ত। দলের দুঃসময়ে অসীম সাহসিকতার সঙ্গে তিনি দলের হাল ধরেছেন, কখনো হাল ছাড়েননি, তাকে কারাবন্দীও করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে সেই সময়ে তাকে (তারেক রহমান) দেশের বাইরে থাকতে হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত করতে দলীয় সংসদ সদস্যদের প্রতি ভোট দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। 

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, সেলিমা রহমান, এ জেড এম জাহিদ হোসেনসহ দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।


বৃহস্পতিবার এই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা